তিনভুবনের অন্ধ
ফাটল ছিল ফাটল আছে ফাটল থেকে যায়
দেয়াল ছেড়ে শরীর ছেড়ে ফাটল বেঁকে যায়
মনের ভিতর সেই ফাটলটা বাড়ে ভুবন জুড়ে
মেঘের ভিতর বজ্র যেমন শাসায় আকাশ ঘুরে
মনের ভিতর বাড়ছে ফাটল শরীর ছেড়ে নয়
অর্থ-গদী পরস্পরকে করছে যখন জয়
যে দেখেছে সে-ই দেখেছে, দেখেনি যে অন্ধ
নরাধমের সব চক্ষু তিনভুবনে বন্ধ
তাইতো আকাশ দুভাগ করে বজ্র মারে ঘাই
মমতাহীন ক্ষমতাবান সেই আঘাতে নাই
যে শিখেছে সে-ই শিখেছে, শেখেনি যে অন্ধ
নরাধমের সব চক্ষু তিনভুবনে বন্ধ
২৮.০৪.২০১৩
