২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেহেস্তের অশ্রু

omor_sams

Published : 28 Apr 2013, 06:47 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

(এরিক ক্ল্যাপটন-এর কাছে কৃতজ্ঞতা)
দোমড়ানো লোহা, থ্যাঁতানো থাম্‌বা
ফেলে যদি আসি, বেহেস্তে!
চিন্‌বি কি তুই –
তিস্তাপারের আক্‌লিমা?
আমি যদি আসি, বেহেস্তে!

বাগেরহাটের মেহেরুন্নিসা, ঝিনাইদহের শেখ মালেক?
অনাদি বসাক নরসিংদির, পিরোজপুরের মাজেদ শাহ্‌?
জামিল, নিতাই, সাবেরা, মালেকা, ফার্‌জানা?
বল্‌, – শুনি, শুনি –
এসেছিস তোরা অন্তবিহীন মেঘ ও হাওয়ার, আলোর গানের গেরস্থে!
আমি যদি আসি, বেহেস্তে!

তুই, চিন্‌বি – আমার নাম?
তুই, ধর্‌বি – আমার হাত?
তোর বাজ্‌বে – নুপুর পার?
খুল্‌বি দরোজা
যদি বলি,
"কই"?
কেননা, – আমি-তো – বেহেস্তের – নই!
* * * * * *
আহ্‌! বৃষ্টি এলো! বৃষ্টি হচ্ছে সাভারের, তুরাগের সবুজ-খয়েরি ক্ষেত আর দোমড়ানো লোহা-বিম–কংক্রিটের ওপর। ওরা জানে, আজ বৃষ্টি নয় এ হচ্ছে বেহেস্তের অশ্রু? ওঠাও, হাত ধরো – বেহেস্তের নই, আমাকে পা ফেলতে দাও লোহায়, কাদায়, অন্ধকারে। আমি পাতালের, স্বার্থের, সংঘর্ষের, লোলুপতার, ক্লিন্নতার – এখানে আমার নেই স্থান, কেননা এখনো আমার মধ্যে মাংশের প্রাণ। আমাকে হাঁটতে হবে দিন আর রাত, যেখানে সমুদ্র–পর্বত–তারা, মহাকাশও কাত। আমাকে ভিজতে দাও, ভিজতে দাও বেহেস্তের কান্নার ভিতরে!

Image
Flag Counter