২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কান্না কংক্রিট ভেদ করে যায়

tusar_gayen

Published : 28 Apr 2013, 06:44 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

সহস্র সেলাইকলে নিবিড় আঙুলগুলো অবিরাম সুতো ভরে দেয় সুঁইয়ের শূন্যতায়, ফ্যাশন-উজ্জ্বল নিশ্চেতন করা নিপুণ সেলাই নিয়ে ভাসে পোষাকপ্রবাহ মুনাফার উড্ডীন রেখায়—পাষাণপুরীর গায়ে ফাটল দেখার ভয় কাটিয়ে উঠতে চায় আগুয়ান দুপুরের ক্ষুধা, একদিন কাজের কামাই যদি তিন দিনে শোধ দিতে হয়—বুকের ভেতর ভয়, হায়াৎ মউত রয় আল্লাহর হাতে—বাকীটা মালিক আর তার পোষা কুকুরেরা জানে… ডোবার উপরে ভাসে যেই ঘর তিনতলা গাঁথুনির 'পর কী যে কুদরত দশতলা ওঠে আরো দমাদ্দম বেহেশতে যাবার মোকাম—সহস্র সেলাইকলে আঙুলের নিবিড় মগ্নতা প্রার্থনার মত একটানা শব্দ করে বয়ে যায় বড় …
হঠাৎ যে পড়ো পড়ো, শব্দ বড়, কী পড়ে মাথার 'পরে … তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো… কেয়ামত কী নেমে এল ঘাড়ের উপর… আহ্‌ এত ভার সরিয়ে যে দিতে চায় কংক্রিট বীমের নিচে চাপাপড়া হাত নিঃসহায়, দুমড়ে মুচড়ে ভাঙে দণ্ডিত পিলারগুলি কৃশকায় শ্রমিকের মত যার বহনের দায় দালানের ভার আর মুনাফার ভার, দুদ্দাড়
ছাদটি পড়ছে দেখে মেয়েটি ভয়ার্ত দৌঁড়ে আসে
দু'হাতে সরাতে হবে ওকে উঁচু থেকে তা পড়ার আগে
নিমিষে জাপটে ধরে ছেলেটির তাকে সরিয়ে নেবার আগে
মৃত্যু আছড়ে পড়ে দু'জনের মাঝে চিৎকৃত চিরকাল
স্থির জমাট ভাস্কর্য আলিঙ্গনাবদ্ধ অনুপম—
সুড়কির ভারে মেয়েটির মাথা হেলে যাওয়া পিছনের দিক
আর ছেলেটির মাথা নোয়ানো যে মেয়েটির বুকে
পিঠে তার ধসে পড়া জমাট কংক্রিট …

ঐ তো একটি পা তার দ্রুত উদ্বিগ্নতা নিয়ে চাপা পড়ে আছে দেয়ালের নিচে
ঐ তো একটি পা রক্তে আলতামাখা নুপুরের সিঞ্জনী বাজায় আকাশের দিকে
ঐ তো হাতদুটো থরথর বাঁচার আকুতিঘেরা প্রার্থনায় স্থির
ঐ তো কাঁধে পৃথিবীর ভার নিয়ে ধুলায় লুটায় প্রমিথিউস

আমাকে উদ্ধার করো না হয় আমার পা কেটে
আমাকে উদ্ধার করো আমার দু'হাত ভেঙে
তিলে তিলে আয়ু এই নিঃশেষ হবার আগে বের করো
পাতালে ক্রমশঃ ডুবে যাওয়া যক্ষপুরী হতে
নন্দিনীকে বের করো রাজাকে শোনাবে যে
সেলাইকলের মূর্চ্ছনায় জেগে ওঠা গান …
আমাকে উদ্ধার করো হে দেবতা মুনাফার!

এত যে পাষাণ ভার, অতলান্ত মৃত্যুর আধারে শ্বাসরোধী যতটুকু অবকাশ আছে, জন্মেছে সেখানে বিচারের দাবী নিয়ে উত্তোলিত হাত দারুণ রোরুদ্যমান নবজাতক সুন্দর।

টরন্টো
এপ্রিল ২৭, ২০১৩