সহজ কল্পনা
এই যে দেখেছিস দাগ, দরোজার বাইরে –
দুঃখ পারবি-নে তুই ঢুকতে , বাইরে যা –
নরকে যা, পাতালে যা, নষ্ট নক্ষত্রের অন্ধ বিবরে যা!
এই দ্যাখ হাতা! আমি চালনা-বরিশাল-সন্দীপ-হাতিয়া-র তলা দিয়ে – চরের ধান, মাঝির জাল, সুন্দরী- গড়ান-হেঁতাল এড়িয়ে, সবগুলো হরিণ-বাঘ-চন্দ্রবোড়া বাঁচিয়ে – চট্টগ্রাম, পার্বত্য-চট্টগ্রামের বাইরে দিয়ে দাগ দিলাম। পারবি-নে! পারবি-নে! দুঃখ, তুই আসতে! ঝড়-সিডর, সব সমুদ্রোচ্ছ্বাস – বলে দিলাম – তোকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। যেতে হবে।
দুঃখ, তুই নিপাত যা
অমাবস্যার মুন্ডু খা! – পারবি-নে
কেননা কাঠঠোকরা-মাছরাঙা-বাজ আর চিলের শপথঃ
কোন কিশোরীর দিকে এসিড ছুঁড়ে মারলেই তা নির্মল গোলাপজল হয়ে বেরোবে।
আসবি-নে দুঃখ, আসবি-নে –
আশুলিয়ার ফ্যাক্টরিতে আর আগুন জ্বালাতে পারবি-নে, কেননা
কেরোসিন, আগুন, অক্সিজেন আর বিদ্যুতের শপথ!
গাজীপুর রোডে বিভ্রান্ত–অবিশ্রান্ত ট্রাক, পথ হারালেই
ট্রাফিক-পথিক-উল্টো বাস মুহূর্তে এড়িয়ে-বাড়িয়ে আমার অলৌকিক কম্পাসে
সোজা হয়ে যাবে।
দুঃখ, পারবি-নে,
পদ্মা–যমুনা-মেঘনা-সুরমার ঢেউয়ের শপথ,
আদিগন্ত সোনালি ধান আর হলুদ সর্ষের শপথ, – ম'রে যা!
শিমুল কি ফোটে নি? মেঘ কি বৃষ্টি নিয়ে আসে নি?
দুঃখ, তুই স'রে যা! নির্ঘাত ম'রে যা!
এই দ্যাখ শাবল, বেনাপোল–যশোর–কুষ্টিয়া-পদ্মা-তিস্তা সব বাঁচিয়ে আমি দাগ কেটে দিলাম – ব্রহ্মপুত্রর বেড়ি দিয়ে, গারো-পাহাড় থেকে সুরমার বেলেপাথরগুলোর বাইরে নকশা কেটে-এঁকে। দুঃখ , তুই পারবি-নে ! যেখানে খুশী সেখানে যা। ঐ যে, এক কবি দালানে-দরোজায়-কড়িকাঠে, চায়ের পেয়ালায় দুঃখ সাজিয়ে রাখতো – তার কাছেই যা। যেখানে খুশী সেখানে যা –
শিশিতে, বোতলে, বগিতে, বার্জে, ছালায়, পিপেতে
ভ'রে যা! স'রে যা! দুঃখ, তুই নিপাত যা!
