২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল ইসলাম-এর গুচ্ছকবিতা

aminul_islam

Published : 24 Apr 2013, 10:31 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

কী নাম দেবো জানি না

ব্যর্থতার ঘামে জবুথবু
রৌদ্রে শুকাই মন
হে সূর্য, তাপ কমিও না
আমাকে পুড়তে দাও।

স্রোতের আঁকা চিত্রকল্প

আমিও পেয়েছি যেমনটা পেয়েছিল পূর্ববর্তীগণ
তুমি এসে নিয়ে যাও, আর কত ধরে রাখি!
আর কত দরখাস্ত! দাঁড়িয়ে যে হিমাগার
দ্যাখো তারও হাতে সময়ের সিলেবাস
কাটামাঠ ভরবে আবার ইঁদুরের উল্লাসে উত্তরশরতে!

ভাঙলে ভাঙুক গোড়া–তলায় লাগাক দাঁত
নূহের ইঁদুর-ডাঙায় শুকাবে কেন?
তারচেয়ে নেসই ভালো–নদী এসে নিয়ে যাক্
বন্দরের চিত্রকল্প রচলে রচুক হাওয়া
অন্তত সেও ভালো– হোক না তা ঢেউয়ের জিহ্বায়।

যেখানে হিসাব মেলে না

তোমার পা'দুটি দুলদুলের হ'লে বাহুদুটি অর্জুনের
এবং মেরুদণ্ডটি সুন্দরবনের প্রাপ্তবয়স্ক শালগাছ
যদি এভাবে বলি তাতে করে কী ছায়ার হরফে
রাত এঁকে দেয়া হবে…… রোদের খাতায়?

এত এত হাঁটো–বৃক্ষ থেকে বন, জল থেকে নদী
অথচ লজিকের কী লোডশেডিং
গন্তব্যে পৌঁছাতে পারো না!
তোমার পায়ে চুমু খেয়ে হাসে এলোমেলো হাওয়া।

কিন্তু কে বলবে–কেন এই অদ্ভুত অসাফল্য?
তারচে বরং ঐ চক্ষুবিশেষজ্ঞকে ডাকো!

আর গন্তব্য মানেই হাওয়ায় দোলা দূর-দৃষ্টির উঠান।

নিভৃতচারীর পৃথিবী

পুরোনো গাছের গুড়ির কোটরে বাসা বেঁধে
নিরীহ মুনিয়া ভাবে
সে যোগ দেবে না ফিঙেদের মিছিলে
কা-কা শ্লোগানে দেবে না কান
অথচ নষ্ট হয় নিদ
কীটনাশকের ঘ্রাণ–সাপের শ্বাস
বিষের আঙুলে
সুড়সুড়ি দেয়
নাকডাকা নাকে
মগডালে বসে নাতিনাতনিদের গল্প শোনায় ব্যাঙ্গমা
এক ছিল নিরামিষাশী পাদ্রী
আর এক ছিল ষাঁড়…

পৃথিবীতে একার পৃথিবী বলে কোনো পৃথিবী নেই।