২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাবীবুল্লাহ সিরাজীর কবিতা

হাবীবুল্লাহসিরাজী

Published : 16 Apr 2013, 10:12 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

দূরত্ব

যে সমান্তরাল
তাকে উচ্চতায় স্পর্শ করা অসম্ভব জেনে
বাজপাখি উড়িয়েছিলাম,
স্তন এবং ওষ্ঠের মধ্যবর্তী আস্থায়
অববাহিকায় প্রবাহিত হতে দিয়েছিলাম নীল স্রোত—
মিল তো মাথার পুলকেই জমতে পারতো !

যে অসাবধান
তার শাখা-প্রশাখা বিস্তারের পূর্বাহ্নেই
স্থিত করতে চেয়েছিলাম সম্ভোগের সাফল্য,
অগ্নিশিখা ও বৃষ্টিধারা প্লাটফর্মে একত্রিত হ'লে
বর্ণনার জন্য প্রস্তুত রেখেছিলাম যোগ ও বিয়োগ —
ত্রিমাত্রিক কাঠামোটি একরৈখিক হতে পারতো !

যে চন্দ্রভূক
সে দৃশ্যমান হবে না বুঝেও
ভূমির স্পর্ধায় বিলিয়েছিলাম ফসলের ভাষা,
কীট ও পতঙ্গের শোভাযাত্রায় অন্ধকার রেখে
নিলামের জন্য প্রস্তুত করেছিলাম চক্ষুদ্বয় —
মঞ্জুমালা, দূরত্ব তো তোমারই উচ্চতায় !

ভুল ভ্রমণ

খুলে দিলে ব'লে নড়ে ওঠে ট্রেন
এগারোটা আর কী এমন রাত
এটোঁ চাঁদখানি বেহুলায় মাত

শিশির দাপটে এলোমেলো মাথা
তবু ছোঁয়া যায় বারোয়ারি ঠোঁট
নিকেশ তো ভোর লাল ঢেউটিন

ময়লা শাসানো কয়লার গদি
পাহাড়ের ঢালে খুচরো নাচিয়ে
ফেনা মেখে দিলো শরতের গাল

বড়ো প্রয়োজন মোবাইলে যোগ
খোয়া গেলে তার হদিস মেলে না
মঞ্জু কি পাবে এ ভুল ভ্রমণ ?

রহস্য

দুঃখ হচ্ছে একটি রহস্য
অন্ধ, বধির, এবং বোবা —
দেখা-শোনা-বলার প্রান্ত থেকে
জরুরি বার্তা পাঠালে
নগর ও গ্রাম একত্রে বিলীন হয়।

পর্বতমালায় সূর্যরশ্মির শোভা নেই
সমুদ্রগর্ভে নেই বিদ্যুতের প্রতাপ
অরণ্যের অভিযোগে নক্ষত্রেরও অনুপস্থিতি —
রহস্য কেবল দুঃখ বর্ণনা করেছিলো
আমরা ক্ষুধার্ত ছিলাম।

শুরু থেকে শেষ অব্দি কেবল ক্ষুধা
আর ক্ষুধার ভেতরে দুঃখ
এবং দুঃখের অভ্যন্তরে একটি রহস্য
পৃথিবী গুঁজে দিলো —
রহস্য জাদু পছন্দ করে।

জিগোলো ও সেলফোন

পাঁচশোতে খুলে গেলো কল
এবং পাঁচশোতেই জিগোলো ?
কি হলো ?
ফোন-সুখে ভিন্ন বিছানায়
বেলা-খেলা একাকার প্রায় !

ভাড়া করা সেলফোন
এবং তাড়া খাওয়া মোষ
একসঙ্গে ফ্রি
ইয়েস, দৃশ্যগুলো কার্নিভালে তুলে
রাবার ও পিলের স্টক নিলে
দু'পক্ষেই সুবিধার জের !

মাঠের ওপাশেই
বিবাহসভার বয়ান ওড়ে
তার মধ্যে মিসড হচ্ছে কল
জিগোলো কি বাণিজ্য-সফল ?

মনতল্লাশ

মন ভালো করার জন্য মধ্যরাত দরকার
প্রয়োজন খা খা শূন্যতার মধ্যে জোর বৃষ্টি —
রাত তো সাকোর ওপারে ঘুম-চৌকিদার
থই বাতাসে স্বপ্ন-গরাদ খোলার তাগিদ,
বৃষ্টি তো এ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন-নল
চাকা ফাটার পূর্ব মুহূর্তে দৌড়ঝাঁপ,
তাদের সামলিয়ে ঢুকে পড়ার মাথায়
মৌমাছির গুঞ্জন এবং শালপাতার হৈ-চৈ
তছনছ ক'রে দেয় তিনকুড়ি পাঁচ জন্মদিন !

রাত ও বৃষ্টি বার্ষিক পরীক্ষার পূর্ব মুহূর্তে
বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে বানান শিখছে :
ফ-তে ফেরেশতা, শ-তে শুদ্ধ।
ল্যাপটপ এবং সেলফোন সুযোগমতো
প্রবীন ইজারাদার ও নবীন বংশীবাদকের দখলে,
ইটের টুকরো আগলিয়ে পুরাকীর্তি সংরক্ষণে ব্যস্ত লোকসেবক ;
চুলের ভাঁজে রিভারভিউ রিসোর্ট হুমকি দিলে
রোডসাইড বাংলো পাঁচ আঙুলে পনির ভাঙে —
জোড়া মিলন তো লাইব্রেরির লাল সিঁড়ি !

মন কি মুন্সিগঞ্জ না ময়মনসিং?

পা-হাত সমস্যা

ভোর ঘষামাজা ক'রে সকাল হ'লে
জেগে ওঠো
জেগে ওঠে কান ও মাথা
চাঁদমারির জন্য প্রস্তুত হয় বন্দুকের মাছি !

চক্র তো আপদই, আর পথ নিরাপত্তার মানেই জানে না।
রক্তপাত ও অশ্রুপাত মিলেমিশে
কী তড়িৎ দুর্ঘটনার একটি দলিল
ইমার্জেন্সি ডিঙ্গিয়ে শল্যবিদের টেবিলে পৌঁছে দেয়,
তুমি শুধু বোঝো দণ্ডের মানে
ক্রাচও তো বিকল্প হতে পারতো !

বিকেল যখন কাঁপতে-কাঁপতে
সন্ধ্যার শিরা-উপশিরায়
হাড় ও মাংসের খবর পৌঁছে দিলো
আঙুলের নিপুণ কৌশলে তখন রাত ফুটছে —
ভোর দরোজায় !

ঘষামাজা সকাল নিয়ে
তুমি যতো বলো পা, যতো বলো হাত
আমি বলি, দিনটি তো আমাদের না-ও হতে পারে
কেবল-ই যে অঙ্গের বাহানা !

Image
Flag Counter