২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশের চোখ ছল ছল করে গাঙে

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 13 Apr 2013, 09:37 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

বীজের খোসায় উষার উদয় আজ,
চৈত্রের ঘাম খর বৈশাখী বুকে,
কিষাণীর হাতে শাদাভাতে আম-পানি
কামে আর ঘামে খরাকে দিচ্ছে রুখে।

মঞ্জরী সুখে হাসছে আম্র শাখা,
রশ্মির ঘায়ে তন্দ্রার ঘোর ভাঙে;
ঈষাণের মেঘে ঝড়ের ঘূর্ণিপাখা,
ইলিশের চোখ ছল ছল করে গাঙে।

পুণ্যাহ ভোরে পাখিরাও ওড়ে চরে,
বীজের গভীরে বীর্যের অঙ্কুর,
রাঢ়ে সমতটে হরিকেলে অম্বরে
গৌড়ের গড়ে মানবাশ্বের খুর।

হাটেমাঠেঘাটে মানিকজোড়ের ডাক,
নগরে সড়কে নববর্ষের সাজ,
বিশ্ববাঙালি, পটে আলপনা আঁক,
পথে রাজপথে মুখোশের কারুকাজ।

কালমন্দিরে মহাকাল উন্মুখ,
মনমন্দিরে উন্মুখ সব মন,
বঙপ্রজাতির বাঙালির বুকে সুখ
বহমান স্রোতে উৎসুক, উন্মন।

হাসন লালন রবি নজরুল লেখে
বাঙালি চিত্তে চিৎপ্রকর্ষ কথা,
নতুন কালের কবি-শিল্পীরা শেখে
নববাঙালির নহলি মর্মরতা।

আসুক ঝঞ্ঝা আসুক অশণি, রাতে;
মাথার উপরে মঙ্গল-ছাদ পাতা;
যোগ-বিয়োগের শেষে পুণ্যাহ প্রাতে
বাঙালির হাতে বাঙালির হালখাতা।

বিজয়ী বাঙালি, পরাজয় তার নেই
জাতিবাঙালিরা বাংলায় থাকবেই।

Image
Flag Counter