বৈশাখের গুচ্ছকবিতা
কালবৈশাখী
বহুকাল বিশীর্ণ পাতার আড়ালে, অন্ধকারে প্রকৃতির ডানার ভেতরে
যে-দিগন্তবিস্তৃত থাবা ওঁৎ পেতে আছে– তার অপসৃয়মাণতার জন্যে
এবার জেগে উঠেছে সিংহের কেশর-ফোলানো উদ্ধত গ্রীবার মতো
রুদ্র বৈশাখ– সময়ের চঞ্চল ডানা এসে আকাশের বুক থেকে
ছুঁড়ে দিচ্ছে পৌরুষের রক্তাক্ত স্রোতের মতো বজ্র ও বিদ্যুৎ।
তার মানে একটু একটু করে জেগে উঠছে জীবন–সংগোপন
ইচ্ছেগুলো নিবিষ্ট কাকের মতো বসে থেকে অবশেষে বিদীর্ণ চিৎকারে
চুরমার করে দিচ্ছে অসীম আকাশ-কখনো সে হয়ে উঠছে বিরহিণী,
কখনো রুদ্রমূর্তি–কখনো স্বপ্নের টানে জেগে ওঠা ভয়াল প্রকৃতি।
বাতাসের প্রবল চিৎকারে ক্রমাগত কেঁপে উঠছে স্বর্গের দেবতা
নদীর ঢেউয়ের তালে নগ্ননৃত্যে দুলে উঠছে মাতাল তরণী
আর মর্মঘাতী আক্রোশে মুহূর্তে মুহূর্তে শুধু পুড়ে যাচ্ছে
প্রাচীনের অগ্নিশিখা–কামনায় কম্পমান দুরন্ত আঁখি।
প্রান্তরে লুটিয়ে পড়ছে ঝরাপাতা, উড়ে যাচ্ছে চৈত্রের মেঘ
ডাকছে নতুন ভোর, দিগ্বিদিক ছিন্ন করে ডেকে উঠছে পাখি
নদীর ঢেউয়ের মতো ক্লান্তিহীন ভেসে যাচ্ছে প্রবল আবেগ
প্রাচীনের মেঘ ফুঁড়ে ধেয়ে আসছে আরো এক কালবৈশাখী।
কালবোশেখির পৃথিবীতে
ঝরাপাতাদের হয়নি সময় আজও?
ঘুমভাঙা চোখে তপ্ত সবুজ হ্রদে
উঠবে না তারা, উঠবে না তারা জেগে?
ভোরের পাতায় জমেছে শিশিরজল।
তুমি কি এখনও ঘুমের আড়ালে আছো?
ঝরাপাতাদের জাগরণ দরকারী;
তা না হলে তুমি আড়ালেই রবে জানি,
জাগো ঝরাপাতা, জাগো ঝরাপাতা, জাগো।
এখনও তোমার সময় হলো না জাগার?
কারা আলো হাতে এইদিকে ছুটে আসে?
পায়ের পরশে ঝরাপাতাদের দেহে
জাগে শিহরণ; ঘুমের অতলে কাঁপে
ঠোঁট দু'টি তব– ওগো অন্তরতমা
কালবোশেখির পৃথিবীতে তুমি জাগো।
বৈশাখে
আজ এই বৈশাখে কী মধুর ফুল আজ ফুটেছে বাগানে!
সুন্দরের আহ্বান টেনে নিচ্ছে সমুদ্রের তীরে বসা
অধরামাধুরী– আমার স্বপ্নগুলো উড়ে যাচ্ছে
বোশেখি হাওয়ায়। ফুলের সুঘ্রাণ নেই তবুও তো
আমার জীবনে। অতলান্ত দীর্ঘশ্বাস কেড়ে নিচ্ছে
সবকিছু, মৃত্যুর মতো এক ঘন অন্ধকারে।
মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়ে রাতে, প্রেমিকের মতো আমি
তার কাছে সমর্পণ করেছি নিজেকে, যে আমাকে অচেনা
সাগর থেকে আরো দূরে নিয়ে যেতে চায় এক ফেরারি জগতে।
ছায়াচ্ছন্ন মুখগুলো বুকের ভেতরে ঢুকে সরিয়ে নিয়েছে দেখো
এই আমাকে– আমি তাই বিস্ময়করভাবে আজও বেঁচে আছি।
পৃথিবী এখন আর দুলছে না, কম্পমান হাত দুটো এখন আগের মতো
লিখছে কবিতা, ভালোবাসা জীবনকে দুই হাতে জড়িয়ে ধরেছে।
দু'চোখের আলোতে-ছায়াতে যে এসে দাঁড়িয়ে ছিল– তার নাম অজ্ঞাত;
ক্লিন্নপ্রাণ দেহের ভেতরে ঢুকে আমাকে সে নাম ধরে ডেকেছিল,
বলেছিল, 'সময় হয়েছে চলো, চলে যাই স্বর্ণলোকে, সেখানে
তোমার জন্যে বসে আছে মৃত্যুদূত'– আমার কণ্ঠ থেকে উচ্চারিত
হয়েছিল বিদায়সংগীত। সে-সময়ে কেউ এসে একটি প্রদীপ জ্বেলে
চিৎকার করে উঠে বলেছিল, 'এখন সময় নয় সেখানে যাবার,
এখানে তো আমি আছি, নারী আর পুরুষের প্রাণ নিয়ে খেলা করি আমি;
জীবনের মধ্যে আমি পুরে দিই আরেক জীবন।'
যে-প্রদীপ আমাকে আগ্লে রেখে এখনও দাঁড়িয়ে আছে মৃত্যুদুয়ারে,
তার কাছে আমার তো সারাজীবনের ঋণ, কী করে শুধব আমি
সেই ঋণ, বৈশাখি মধ্যরাতে জীবনের মূল্য দিয়ে যা হয়েছে কেনা?
যতো দূরে যাই
যতো দূরে যাই
তোমাকে তো পাই
তুমি থাকো মন জুড়ে;
বোশেখের গান
বাজে অফুরান
বাসনার সুরে সুরে।
খুব চুপে চুপে
থেকে অপরূপে
যে কাটায় তার দিন;
এ বুকের মাঝে
যার সুর বাজে
সে আমার প্রিয় মীন।
