২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণজি বসাক-এর কবিতা

pranji_basak

Published : 08 Apr 2013, 09:35 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

রুটিনে

নি:শব্দের প্রতিমা ভেসে যায় রুটিনে
সময়ের অন্তরালে থাকে ভেজা মুখ
টিফিনবাক্সে তোলা নির্ঘন্ট

অজস্র নির্দেশ ঘরময়
দুগ্গা-দুগ্গা বলে দরজা টপকে এইবার
কিলবিলিয়ে উঠছে ছায়ারা দুর্দান্ত রোদ্দুরে

আমন্ত্রণ

রাত গড়ালে তার কথা ঘোরে ফেরে ড্রয়িংরুমে
হাত ও হাতের কাতর সন্ধি

রাত শেষে সবুজ সকালে অবুঝ আমন্ত্রণ
এরই সংজ্ঞা বুঝি টান কপালে পোড়ে ঘ্রাণ

গাছ হয়ে আছি

দুপুর অজস্র ফাইল থেকে সরে এলো
সহযোগে মপিন আর কফি

জল উঠে আসছে
টান টান মনযোগ ঝুঁকে থাকে বিষ্ময়

আজও উঠে আসছে
কলকল সময় চেনা শব্দ অথবা অশব্দের চাউনি
গাছ হয়ে আছি শেকড়ে শেকড়ে দুপুরে

কথারা কথায় থাকে না

পোড়া বিড়ি সাক্ষ্য রেখে কথারা কথা হয়ে ওঠে
চোখে কাম
দৃশ্যের বির্নিমাণ বাতাসে বাতাস লেগে
নাচে মন

বিড়ির ধোঁয়ায় কল্প-স্বপ্ন
বোতাম-বোতাম ইচ্ছে খেলায়
রক্তে গজায় চারা
চারারা গজার হয় দেহে

শাসনে থাকে না অ-যান্ত্রিক দেহখান
মাতাল দৃশ্যে অঝোর বৃষ্টি
নেভে না আগুনবোধ

অসংখ্য হাঙর-দাঁত হা-মুখে
কথারা আর কথায় থাকে না

এই যা

মাইতিবৌদি হাত নেড়ে বললেন :
'যেদিকে যেতে বলবেন সেদিকেই যাব
শুধু রাস্তাটা পার হতে বলবেন না
বয়সটা তো থেমে নেই
তাছাড়া ওপারে গিয়েই বা কী হবে
দু'পারেই তো একই স্রোত একই বোধ
শুধু একে অপরের উল্টোহাতে
এই যা'

নতুন ভাষা

আমার বয়সটা যাই হোক
সকাল সকাল স্কুলবাস ধরতে রাস্তায় দাঁড়াই

ডানহাতে শনিমন্দির
ঝোলানো ঘন্টায় শিরশিরানি
বা-হাতে চায়ের দোকানে খেমানন্দ
গরম গেলাসে করতল ঘষছে
ঘর-সংসার ছেড়ে
আদালত আঙিনায় ঢের ঘোরাঘুরি তার

পুবের দিকে যা থাকা উচিত সে নদীটি নেই
পরিবর্তে অঢেল গাড়ির জোয়ার-ভাটা
দিন – কে – দিন
বেসামাল

আমার উপস্থিতিতে বয়স নেই
ভাষাও নেই
বাতাসের শব্দে পায়রাদের ওড়াউড়ি

মন্দিরের চুড়া ছুঁয়ে বয়স্ক বটগাছ
তারই ডালে ডালে পাতায় পাতায়
নতুন ভাষা
ছুটে আসছে কবিতার দিকে বয়সের দিকেও

একমাত্র টিনের চাল

বাবা
একমাত্র টিনের চালা বেঁচে দিলেন
বড়ছেলের হোস্টেল-ফী যোগাতে

একমাত্র টিনের চালা খুলে নিলে
মা
আকাশ থেকে নামিয়ে আনলেন অন্ধকার

তারাদের পাড়া দেখিয়ে বললেন-
'ওদেরও চালচুলো নেই তবু মিটমিট হাসি'

রোদমাখা কার্নিশে

পরপর দু'বার গেলাম মিঠে রোদমাখা কার্নিশে
আপাতত বিড়িখোড়দের দখলে
আমার পকেটের চকোলেট নরম অভিপ্রায়ে
ডাক পাড়ে
নিঃশব্দে

দূরে সরে যেতে থাকি অতঃপর

মিঠে রোদ মেজাজ হারিয়ে ছাদে ওঠে
নিঃশব্দে
চেনা পথে ভেজানো কপাট
আজ আর মগ্নতায় সখ্য হলনা।

Image
Flag Counter