২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ কবিতা

sakhawat_tipu

Published : 04 Nov 2012, 09:57 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

একমগ প্রেম

এই অঙ্গ খাটো
খানিকটা বাঁকা
যদ্দুর বাকানো যায়

তবু তুমি সোজা
মানে সহজের বোন
যদ্দুর সরল করা যায়।

হাতে হতে মাথা
মুখে মুখ মুখাগ্নির
ধারালো ঠোঁটের টান

সাড়ে তিন দেহ
ক্ষণে ক্ষণে অবরোহ
নাকি আরহের গায় গান।

উরু যেন অঙ্ক
বীজ হতে উঠা
যেন যুক্তিনাশক হরিণ

সীমান্ত না মানা
মানে দেহের ভাষার
দেহটাই শেষ মানবিক।

নদী আর পানি
কত কানাকানি ঢেউ
যেন খালে ডুবা চারদিক

কেমন রোহিঙ্গা
তুমি এক মগ চুমু
দাও আরাকানি বলে

কোন হে পুরুষ
নাফ নদে ভাসে
টেক নাফের বদলে।

শান্তিপুর ডুবুডুবু মদে ভেসে যায়

কে ডুবিল কে ডুবিল
কে ভাসিল জলে
আজলে মরিয়া সই
না বলি তোমায়

শান্তিপুর ডুবুডুবু মদে ভেসে যায়
ডুবিয়া উঠিল প্রেম কানায় কানায়

ডুবিয়া ডুবিয়া ভাসে
আন্ধার মাজারে
হাজারে হাজারে ঘাম
শ্বাসে শ্বাসে ঝরে

কে তুমি চুমার নারী কর হে বিহার
একি অঙ্গ কত কাঁপে জান কি তাহার

কাঁপে অঙ্গ মাপে তল
নিরক্ষর ঘরে
চুমুতে রক্তের দাগ
মাদুলি কি ধরে

মদন মদন ডাকে মদিরার ঘ্রাণে
কামে না কামনা কামিনীর প্রাণে
২১/৬/২০১২

প্রেম এক কিসিমের ভূমিকম্প

এত কেন যে কাতর
কেন এত নাচিতেছে মন
দেহ যায় দেহেরে বাহিরে
কম্পন আসিয়া ঘিরেতেছে তারে
বারে বারে যেরবারে পা'য়

দিন কত দিন বাদে
তবু, মনে মনে বাধে
নাবালক কালে দুলুনির
সহায় মায়ের কোল
আহা কত আদরের দুলুনি

এ হেন সাবালক আমলে
দুলুনির স্থল ভূমি
হায় তুমি দুলনির কেন্দ্র
কত না কাতর
কতই না অসহায়

যেন পুলসিরাতের সাঁকো
কাঁপিতেছে পায়ে
তুমি ভয়ে ভয়ে
তোমাকে জাপটে ধরো
একা এই ঘাপটির ঘোরে
হৃদয় ছিটকে পড়ে
কত দূরে?
১৮/৩/২০১২

ওঠো বাউন্ডুলে

কত দূর হতে কথা কও সোনা
তুমি বসিয়াছ বুকে ধুকে ধুকে
আমি তো অবশ সখি, গান গান শুনে।

হাতে গুনে গুনে মনে দোনামোনা
এই লো দেখিব, হাতের পাঁচ আঙুলে
নাচ রক্তে রক্তে, ওঠো বাউন্ডুলে!

চুমো দিলে দাও না দিলে জমা রাখ ঠোঁটে
বাকি দিন বাক স্বাধীনতা দিয়ে যাও
ধ্বনি হতে ভাব অভাবের কেচ্ছা শোনাও।

বাসবার কথা কয়ে কোন ডালে ফোটে
চেন বা না চেন কি আসে যায় চেনার
ফাঁক হচ্ছে হৃদয়, দেখ এই মুখ কার?

উত্তরে বিদায়, পশ্চিমে তুলেছি প্রশ্ন
দখিনের বায়ু কয়, হৃদয়ের মুক্তি ছাড়া
মানুষের আর কোন বাক স্বাধীনতা নাই।
২৫/১০/২০১২

স্বপ্নে মো ইয়ানের প্রস্তাব

গতকালি মাঝরাতি ছাড়িয়া অদ্ভুদ এক স্বপ্ন দেখিলাম। দেখিলাম মো ইয়ান আমারে এক ফিরিস্তি প্রস্তাবিছেন। কহিলেন, বাছা তোমার 'কার্ল মার্কসের ধর্ম' চিনা ভাষায় তরজমা করিতে চাহিতেছি। বলিলাম, অনুমতি দানে মতির কৃপণতা নাই। খুশি হইলেন তিনি, বাহ! কহিলাম তাহাকে, বাংলা একাডেমির লোকজন চিনা ভাষা দেখিতে পায় না। তো মুশকিল হইবে। কেননা অন্ধ লোকের সন্দেহ বাতিক বেশি! তাহারা বাধ সাধিতে পারে। তো এই আদি বাংলার চিনা ভাষায় লাভ কি? মো কহিলেন, তাহা চিনা আদি। আদি চিনা ভাষাকে আমি বিবাদি করি নাই। তোমার ভাষাও খানিক তাই। তাহাতে আমার শ্বাস স্বাভাবিক হইয়া উঠিল।
২০/১০/২০১২