দুটি কবিতা
দাহকাল
যা কিছু লাঞ্ছনা,দূরাগত শব্দের ঐক্য বাহারে মনে করিয়ে দেয়
পরাজয় স্ত্রীলিঙ্গ হবে,জয় বিজয় হলে তা হতো পুরুষ প্রতীক
লেখা নেই তবু তাই হতো। অশ্বখুরের শব্দে ধুলায় লুটাত পৃথিবী
তুলে দিত ঋতুমতী রমণীর ফলন লব্ধ ফল, ছল ছল নদীজল
দু'হাত ভরে পেত রমণীয় বারিধারা, অব্যর্থ অঞ্জলি,এবং
বজ্রবোধের সমবেত সঙ্গীত গেয়ে উঠতো মন্দাক্রান্তা নগরী।
জঙ্গলের গাছ কেটে যে নৌকা তৈরি হলো দক্ষিণে যাবে বলে
তাতে করে বাপ আমার কত যে চেয়েছেন যেতে,হয়নি যাওয়া
ধু ধু হাওয়া, বাজান বাজান চিৎকারে গলায় তুলেছে জমানা
নিদ্রাহীন বৈরাগ্যকাল বুনে রাখে ধাবমান জগত,সমূহ সংহার
কতদিন কতরাত এভাবে শিকর উপড়ে শব্দসংকেতে কেঁদেছে
ছন্দের বাহাদুরি জানা ধ্রুপদ নৃত্যের কারিগর,এদিকে এসো
তোমাদের লয় থেকে আরেকটি ভিন্ন লয় নেচে উঠছে দেখো,
প্রাচীন ভাষা ভাসে,নাড়িতে টান লাগে,কাঁদে দাহকাল ব্রত।
অগ্নিতমা
কে রইল পিছনে পড়ে, কে?
নিশিকাল, চিতার আগুনে মৃতদেহ নড়ে চড়ে ওঠে
তার খবর কেউ আর রাখেনি এজীবনে।
মনুষ্যকাল, দেহ অবতার। যিশুর ক্রুশ থেকে ঝরে পড়ে রক্ত;
সিনেমার মতো করে খানিকটা দূরত্বে বসে উপভোগ করা হলো তা
জিভ বলে, আহা!
যে রয় সে রয়ে যায়। আর যে আসে, যাবার জন্য সে কোথাও থাকে না
এরপর কবে কখন কীভাবে আগুনের গোলা খেয়ে হয়ে উঠি অগ্নিগার
পাকস্থলী, হৃৎপিণ্ড, ধমনী, যকৃৎ, জরায়ু সবকিছু জ্বলতেই থাকে
রক্তকণিকারা খৈ ফোটার শব্দে দিনরাত রাতদিন ফুটছে ফুটছে…।
আমি হতে চেয়েছিলাম চাষাভুষো অমার্জিত মূর্খ খুব,
অথচ হয়ে গেলাম অগ্নিতমা অগ্নিখোর, আগুনের তন্ত্রবানে
পুড়িয়ে আপন করি দূরাগত আত্মীয়কণা, কোনোদিনও ফেরে না যারা
তাদের জন্যে অগ্নিগানের টানে নিজেকে উজার করি ভস্ম-ছাইয়ের অনুরাগে
অগ্নিস্নানে!
