২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গীদেশে সরস্বতী

tusar_gayen

Published : 16 Oct 2012, 08:16 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

সরস্বতী জন্ম নিলেন জঙ্গীদেশে
গোলাপরাঙা রাতুল চরণ পাহাড় ঠেলে
এক হাতে তার খুলছে সাদা বইয়ের পাতা
অন্য হাতে বাজছে রুবাব সোয়াতকূলে

মাথায় টানা ওড়না কালো শাস্ত্রবিধান
জ্বলছে দু'চোখ ভ্রু'র নীচে সজলপ্রখর
মালালা সে জন্ম নিল জঙ্গীদেশে
কন্যা আমার দানবঘন অন্ধদেশে


অন্ধ যে সব নেকড়েগুলো পাহাড়পথে
ওৎ পেতে রয় হানবে কখন ভীষন থাবা
সরস্বতী জ্বেলে রাখেন জ্ঞানের আলো
জ্ঞানেই যে তার দেহের গড়ন বাকপ্রতিমা

সবাই যখন জীবন্মৃত অন্ধকারে
রাষ্ট্র যখন কাঁপছে ভয়ে থরথর
চতুর্দশী একাই লড়ে চেতন ভরে
ওষ্ঠ জুড়ে দারুণ ফোটা কথকতা

একটি গুলি অনাহত হৃদয়পুরে
বর্ণগুলো উঠল কেঁপে হলুদ রঙে
একটি গুলি কণ্ঠদেশে বিঁধল গিয়ে
কাৎ হয়ে যায় বর্ণগুলো ধোঁয়ায় ঠেলে

একটি গুলি মাথার খুলি ভেদ করে যায়
বোধির গোলাপ রক্তমাখা সহস্রারে …
সরস্বতী দেহ তো নয় মরবে কী সে
জাগছে চেতন অচেতন সব ঘুমের দেশে!


টরন্টো
১০/১২/২০১২


free counters