২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ কবিতা

nomita_chowdhury

Published : 12 Oct 2012, 05:05 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

দায়হীন কথা

রাতুলদের বাড়িতে আমি আমার
একখানা হাত রেখে এসেছি
আর মণিময়দের বাড়িতে একটি চোখ
রাস্তায় কেউ কেউ আমার হাত কোথায়
জিজ্ঞেস করেছে
কেউ কেউ চোখের কথা
বিস্ময়ে আমি লক্ষ করি কেউই একসঙ্গে
চোখ এবং হাতের কথা তোলেনি-

এখন মাঝে মাঝেই মনে হয়
আরও কিছু কিছু দায়হীন প্রত্যঙ্গ যদি কোথাও
রেখে আসি তা হলে
কী-ই বা এমন এসে যায়!

কবিকে

শব্দে তুমি দিগবিজয়ী হাঁস
ডোবা নালা পুকুর পানায় থাকছো বারোমাস
জল কি চেনো
পরদেশে নয় নিজের ঘরের কাণে
শ্যাওলা দামে কলমী বুনো ঘাস

চেনা এবং চেনার বাইরে বনজ্যোৎস্না হাসে
তুমি নাচাও লক্ষ বাহু আলতো শুয়ে ঘাসে
শিরশিরিয়ে বাতাস ছোটাও শিউলি ফুলের বোঁটায়
শরৎকালকে ছুঁইয়ে দিয়ে বসন্তকে ফোটাও

শব্দে তুমি দিগবিজয়ী হাঁস
ডোবা নালা পুকুর পানায় থাকছো বারোমাস।

বোবা ইচ্ছে

বকুলতলার খেলাঘরে তিতলি তিন্নি আর খেলতে আসে না
ইস্কুলের উঁচু ক্লাসের পড়া গান নাচ ছবি আঁকা
সাঁতার শেখা ব্যক্তিগত বিশেস কোচিং
ধুলোবালি খেলার সময় আর কোথায়!
বকুল গাছ বুঝেছে সেই কথা মাঠও বোঝে
তবু ওদের দেখতে ইচ্ছে করে খুব

বিমর্ষ গাছটি ঘুমিয়ে পড়লে মাঠটির বড়ো একা একা লাগে
তখন সে কানপেতে শোনে নিস্তব্ধ রাত্রির কথকতা
তারপর জ্যোৎস্না রাত্রে বকুল গাছটি যেদিন দিব্যি গান গেয়ে ওঠে
আর রূপোলি গুঁড়ো গুঁড়ো বকুলচুর ছড়িয়ে দেয়
সারা মাঠময় তখন ওরা নিজেদের মধ্যে বলাবলি করে
কাল সকালে না হোক বিকেলে তিতলি তিন্নি নিশ্চয়ই আসবে।

স্বপ্নের সড়ক বেয়ে

সীমানা পেরুতেই একঝলক খুশির বাতাস
দুহাত বাড়িয়ে যেন জড়িয়ে ধরেছে
তোমরা কি ভিনদেশী
আমরা কি পরদেশী তোমাদের কাছে
ছাড়পত্র ছাড়া আর কোনও দাগ নেই
স্বপ্নের সড়ক জুড়ে উষ্ণ আমন্ত্রণ বলে দিল সবটুকু

আমরা তো এমনই রাস্তা খুঁজেছি এতদিন
সেখানে ভাই এর সাথে পথ হাঁটবে বোন
বন্ধুর পাশে প্রতিবেশী
নদীর স্রোতের মতো-দুঃখে সুখে দুলে যাবে জীবন মাধুরী
ইতিহাস চিহ্ন রেখে যাবে

গোলাবারুদের ভাষা আমরা শিখিনি
আমরা বুকের ভাষা জানি
সেই সুরে গেয়ে উঠি গান।

স্বপ্নের সড়ক বেয়ে আমাদের কানামাছি খেলা শেষ হোক
মুছে যাক ভুলগান ভুল সুর কথা
মুছে যাক অন্ধপথ চলা

নদী কথা

আমাদের রাত্রি ঘরে জমা অন্ধকার
সব আমরা বিসর্জন দিয়েছি নদীতে
প্রতিমার মত
জলের গভীর ক্ষত
আমরা টের পাইনি কখনো
যখন নিঃশব্দে বাজ এসে ছিঁড়ে নেয়
শ্মশানের আধপোড়া শব
নদীর তুমুল কলরব
শুনেছি আমরা তখন

নদীখাত বদলে গেছে কত
আমাদের রিফু করা জামাটির মত
ফেলেছি ছুঁড়ে
যতদূর দিতে পারি
শৈশবের গান ভুলে যাই
সুর তাল লয় সব একাকার ছুটে যেতে চাই

নদীও পালাতে জানে
দুঃখে ভাঙে আমাদের মতো।

নৃত্যের তালে তালে

সেই নাচের মহড়া দেখতে দেখতে খুব অন্যমনস্কভাবে
কখন হাতগুলি পাগুলি নাচতে শুরু করেছে নিজেই জানিনা।
শরীর আন্দোলিত হলে ছন্দ বাড়তে থাকে
অনেকটা পিড়ামিডের মত উচ্চতা পেয়ে যায়
সীমা কিরমানির কথা মনে হয় তখনই
নাচের মুদ্রার ভুলে মাকড়সার আঠালো জালে
ছটফট করতে থাকে কয়েকটি আস্ত ফড়িং

দুদেমের মধ্যে কি নাচ জুড়ে দেওয়া যায় না।
লম্বালম্বি কিংবা আড়ভাবে
সমস্ত প্রজাতি নেচে উঠবে তখন
ঘাসেদের মধ্যে বসে থাকা সবুজ গঙ্গাফড়িং
উড়ে বেড়াবে যেন সে এই চেয়েছিল
লম্বালম্বি নাচের মহড়া

সড়ক জুড়ে নাচ।


নিজের কেন্দ্রের কাছে যাই

বোবা জ্যোৎস্নায় এই মাত্র কেউ খুন হয়ে গেল
আমি শুনতে পাচ্ছি শরীর থেকে
চুঁইয়ে পড়া রক্তক্ষরণের শব্দ
আমার হাত-পা হিম হয়ে আসছে
শরীরের মধ্যে রক্ত তোৎলাচ্ছে ভয়ে
এই মায়াবী জ্যোস্নায় আরও কেউ কেউ
খুন হতে পারে

আততায়ীর নিঃশব্দ পদচারণার ভঙ্গি
ছায়ায় ভেসে উঠছে ছায়ায় ছায়া আরও ঘন হয়ে
মিলিয়ে দিচ্ছে অন্ধকার শরীর
এবং আমি ক্রামাগত নিজের কেন্দ্রে কাছে যাই
ঢেকে ফেলি মুখের চাদর
কঠিন মাটির স্তরে জলধারা গচ্ছিত রেখেছি বলে ক্ষমা কোরো
দাও জল দাও ভ্রাম্যমাণ পথিকের আর্তস্বরে
ঝরে পড়ছে শুকনো ডালপালা থেকে
খর খর আওয়াজ

কোত্থাও জল নেই এককণা মেঘও
জ্যোৎস্নায় মাটি শুষছে গাঢ় লাল দাগ।

আড্ডা এক

আড্ডাকে যদি একটা গাছের মত ভাবো
তা হলে কোন ঝামেলাই নেই
এর ফলন বেড়ে ওঠা
ফুলে ভরে দেওয়া কিংবা ফল ফলানো
কোনটাতেই অসুবিধা নেই
তার চেরাই তক্তা অথবা
সুদৃশ্য ফার্নিচার হতেই বা বাধা কোথায়
পড়শীর ঘরে সে লতার মত ঢুকে যেতে পারে
মিশুকের মত অনায়াসে বাজারের থলি কিংবা
শাকসজ্বীর ঝুড়িতে বাড়াতে পারে নির্ভেজাল হাত

হাতে থুতনি রেখে দামিনী দাই-এর
গল্প শুনতে শুনতে আড্ডা
হাজার বছরের বুড়ো বটের ও জন্ম দিতে পারে

বোধ

বিষয়ী পাখির মত খড়কুটো করেছি সঞ্চয়
অদ্ভুত মনস্ক হয়ে বাসা বুনি
কাকের ছানার সঙ্গে বড়ো হয় কোকিল শাবক
পার্থক্য জানায় না সে
গোপনে লুকিয়ে রাখে স্বর
কাকিনীর মুখ থেকে শুষে নেয়
মায়ের আদর
জন্মেই বুঝে যায়
পৃথিবীর যাবতীয় সুখ মাটি ও আকাশ
সম্ভাব্য বৃক্ষের কোটর
বেদখল হয়ে যেতে পারে
সামান্য ভুল চুক হলে।

তুমি এসো

তুমি না এলে সমস্ত রাত
একটার পর একটা কান্নার মুক্তো এসে
জড়ো হয় বকের ঝিনুকে
আমি তো সুনিপুণ মণিকার হতে পারিনি
সযত্নে গাঁথতে শিখিনি কোন মালা
তাই রাতের সব কথা পুড়ে যায়
দিনের দহনে।

তুমি এসো
বাঁচাতে রাতের ফুলগুলি।


free counters