২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাপ

তাপস গায়েন

Published : 04 Oct 2012, 10:51 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

[এক]
দুঃখের অধিক আমার কোনো ভাষা নেই ; আমার ভাষার আজ কোনো জাগৃতি নেই । নিশ্চল হয়ে আসছে আমার শরীর, কান্নার অধিক আমি শুনি না কিছুই । ভন্তে– দুর্বৃত্তরা খুলে নিয়েছে আপনার চোখের মণি, ওরা ঝলসে দিয়েছে দিব্যময় উদ্ভাসিত আপনার শরীর, তবু আপনি থেকে গেছেন স্থির, অবিচল ; শুধু আপনার দু'চোখ দিয়ে গড়িয়ে পড়ছে করুণার জল– এই অনুভবের অধিক কোনো ভাবনা নেই উখিয়ার এক বৌদ্ধভিক্ষুর ; আমরা পাপী, এ আমার পূর্বজন্মের ফল– এর অধিক কোনো সান্ত্বনা নেই রামু-জনপদের এক বৃদ্ধার । কোনো এক বর্ষাশেষের জ্যোৎস্নায় যেদিন আপনি চলে গেছেন অন্তিম শয়ানে মাল্লদের শালবনে, মহাপ্রয়াণ নিয়ে এই পৃথিবীর পথ ছেড়ে মৈত্রীর পথে, সেদিন ব্রাত্য হয়েও কেঁদেছি আমি । পৃথিবীর অনেক সন্তান-সন্ততির হাত ধরে আবার জেগেছে জ্যোৎস্নায় প্লাবিত এই পৃথিবী, আপনাকে সাষ্টাঙ্গে প্রণতি জানিয়েছেন অশীতিপর বৃদ্ধ আর অপরূপা নারী ; আর এই যে নিষ্পাপ শিশু– সেও ভালোবেসে অপলক দেখেছে আপনাকে ! পরিশ্রান্ত দেহে পৃথিবীর পথে এইসব জেনেছি আমি । যে অনন্য অনুভব নিয়ে ফিরে আসে জ্যোৎস্না এই পৃথিবীর পথে, সেই অনুভবকে আমি মৈত্রী বলে মানি । একই জ্যোৎস্নায় নিমগ্ন আজকের এই পৃথিবীর পথে ভস্মীভূত এই বৌদ্ধবিহারের পাশে বসে কে কাঁদে ? বাংলার মাটিতে সে কী আমার সহোদরা না কী অনাগত সন্তান ! ভন্তে, ক্ষত্রিয় সন্তান হয়েও আপনি জেনেছেন নির্বাণ– যুদ্ধক্ষেত্রে নয়, বোধিবৃক্ষতলে । প্রভু– তাই আমার পিতার মতো আমার অনাগত সন্তান শিখে নি যুদ্ধ, আমিও শিখি নি রণনীতি, শুধু রূপান্তরিত হয়ে হয়েছি উদ্ভিদ ।

Image
buddo.jpg

[দুই]
মহাপ্রভু শ্রীচৈতন্য, আজ আমার পূর্ণ কলসী ভেঙ্গে পড়ছে ! কীভাবে কুড়াই, কীভাবে তাদের আমি জড়ো করি । জীবন-জোয়ারে কীভাবে ভাসাই এই তরণী । শিখি নি কলহ, ভুলেও কখনো প্রতিবেশীকে করি নি অভিসম্পাত ! তবু আমি শরবিদ্ধ ; তীরবিদ্ধ আমি । ঈশ্বর জেনে বাংলার মাটিকে আমি সাষ্টাঙ্গে করেছি প্রণাম । মাটিতে কান্নার দাগ মুছে যাবার আগেই আমি হতে থাকি পরিযায়ী পাখি ; বেহুলার-লহনার এই বাংলায় আমি ক্রমাণ্বয়ে বিস্মৃতির ইতিহাস হয়ে উঠি !

সাঁইজী লালন, যে নদীয়া আপনার তিন পাগলের প্রেমে ডুবে ছিল, আজ তা ধুয়ে যায়, মুছে যায় দিগন্তে । আপনার আয়না আজ বিভাজিত শতখন্ডে, দেখিনা কিছুই । দেহের পরিধি ঘিরে আজ জেগেছে সন্ত্রাস ! আপনি অভয় দিয়ে বলেছিলেন- নিতাই কারও ছেড়ে যাবে না ! জানি না, আজ তিনি কোথায়, কোন্‌ আখড়ার তিনি সাধক ? সাঁইজী, খাঁচার ভিতরে অচীন পাখি উড়ে যাবার আগেই আমি হই অভিবাসী– দূরদেশে দেশান্তরী !

রবি ঠাকুর, যদিও আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা এবং আমাদের এই নদীর নামটি অঞ্জনা, কিন্তু বোধকরি– আজ আমার গাঁয়ের কারও নাম আমি আর জানি না । প্রকৃতিতে আজও ঝরে শ্রাবণের ধারা অবিরল, সিক্ত হতে থাকে বাংলার মাটি, আমার দেহের সীমা কেবলই সীমায়িত হয়ে উঠে; এই মনোভূমে আর প্রস্ফূটিত হয় না কদম !

মহাপ্রভু-সাঁইজী-ঠাকুর, নদীয়া-পরিমণ্ডলে আপনাদের প্রেম আর ঐক্যের ভাবনা বাঙালির মেধা আর মননে কেনো জানি আর ভাব হয়ে উঠে না ফুটে, বর্ষণ হয়ে ঝরে না বাংলার মাটিতে !

নিউইয়র্ক, অক্টোবর ০২, ২০১২

Image
free counters