গুচ্ছ কবিতা
মা চলে গেলে
মা চলে গেলে খেতে ডাকার থাকে না কেউ। এই শুন্যকথা জান্নাতবাসীর কানে কানে পৌঁছেছে!
শিশিরে ভেজা কবরখানা মাড়িয়ে নিচে নামতেই দেখলুম ছেলেটিকে। সমগ্র হাহাকারের ভেতর কেমন যেন বাকরুদ্ধ সে। মরা মাছের মতন তার চোখদুটি বন্দরপারের চিমনির ধোঁয়ায় অসম্ভব কিছু খুঁজছে। যেন ধোঁয়া নয়, কুণ্ডলীপাকানো রূপকথাগুলি হারিয়ে যাচ্ছে পৃথিবী ছেড়ে। কিছুতেই ফিরবে না আর। এই অদ্ভুত আলোয়, সূক্ষ্ম রেখাচিত্র ছাড়া কিছুই জেগে থাকবে না আর!
দূর প্রবাসে পড়ে আছে শিশুপুত্রটি তার – যাকে খেতে ডাকার থাকল না কেউ। শুধু এই সঞ্চয়ে, জান্নাতের দরজার দিকে হেঁটে যাচ্ছে এক স্বেচ্ছাচারী মা। তার পায়ের নিচে তীক্ষ্ম রেশমসূতোর পথ। পাতাল ফুঁড়ে উঠে আসছে আগুন। জিব্রাইল, তুমি কি স্তব্ধতা কুড়োবে আজ!
ব্রহ্মচর্য
যখনই আঁচল ওড়াও, আমার ব্রহ্মচর্য শুরু। মধুনাম বলো, মধুনাম বলো প্রিয়জন। আমি ধেনুসকলের সঙ্গে, উড়িব কুঞ্জে কুঞ্জে। আমি দূরের নদী পার হয়ে যাব। একক ছিলাম সহস্র হব। মৃগ এবং মৃগনয়নারা ছড়িয়ে আছে যে-মেঘের ফাঁকে, তাদের সঙ্গে ফুল কুড়োব।
শিশির যেখানে থমকে আছে রৌদ্রছায়ায়, ওই আমাদের গুরুগৃহ। গুরুমাতা এলাচুলে বাসন মাজেন। আমরা কাচি কাপড়চোপড়। আমার এঁটো, রাজার এঁটো, পাখির এঁটো সমগোত্র। তপোবনের সীমার পারে দাঁড়িয়ে তাকে রাইকিশোরী। ধেনুসকল চিনিয়েছিল তার লিপি। বৃত্তাকারে গুরুমশায় ঝলসে ওঠেন। আমরা পুড়ি, আবার জাগি, আবার পুড়ি বর্ণমালায়।
রাইকিশোরী আঁচল ওড়াও, গুরুমশায় পোড়াচ্ছে খুব। ধেনুসকল শব্দ চেনাও, একক ছিলাম সহস্র হই। কুঞ্জে কুঞ্জে উড়ছি শুধু, তপোবন জুড়ে ব্রহ্মচর্য। মধুনাম বলো, মধুনাম বলো, হোমের শিখা….
বৈমাত্রেয়
এতদিনে জেনে গেছি, সে আমার বৈমাত্রেয় ভাই,
তবুও তার শূন্য টেবিলে, ঘুমন্ত চোখে, মায়ের অনুসঙ্গ পাই।
কোন মা, মা কি সত্যিসত্যিই দু'রকমের হয়?
আমার দু-বছর থেকে যে মা, এবং তার আগের যিনি
একক কি নয়!
তুমুল হই-হল্লা, স্মৃতিধার্য যে পরিসর থেকে
মায়ের শেষযাত্রা এগিয়ে গিয়েছিল, ঠিক সেই পথে
ফিরে এসে অন্য কেউ কোলে তুলে নিয়েছে।
তারপর আর মাটি জানি না, বুকের ব্যাকরণ খোঁজা বারংবার
মিথ্যে প্রমাণিত হয়েছে।
সবার একটা করে চাঁদ। আমার দু'মায়ের কপাল থেকে
দুটি করে চাঁদ নেমে এসে অজস্র পৃথিবী শেখায়!
কোন চাঁদ কার কাছে ছিল, অপলক রাত্রি চেয়ে থাকি,
ক্ষতবিক্ষত হাত ভাসে, মুখ ভাসে, ভেসে চলে যায়….
গুহাজীবন
আমি আমার পাথরখণ্ড সেদিকে ছুঁড়িনি, যেদিক দিয়ে
তোমরা আমার গুহায় আসতে পারো। অতিসতর্ক চোখের পাতা
বিছিয়ে রেখেছি, যাতে তোমাদের ছায়ারাও চুক্তিশিবির থেকে
অক্ষত ফিরে আসে। এত করেও রক্তাক্ত সেই পায়ে পায়ে
পথ ঠেলে, ঘর হারিয়ে, ছায়া হারিয়ে নিঃস্ব সমাগমে
কেন এলে আমাকে আবার ভুল প্রমাণের ছলে!
আমার কিছু বর্শা আছে, মাটির নীচে হাঁড়ির ভিতর
জমানো কিছু মাংস। এটুকু নিয়ে দিব্যি আমার
কেটেই যেত অরণ্যকাল। যদি চাও তো এসবও নাও,
আমার কোনো পরোয়া নেই। শুধু তোমাদের পায়ে মাথায়
পাথরের যেন দাগ না থাকে। যেন তোমাদের ছায়ারাও
ঠিক তোমাদের সঙ্গী এবং স্বাধীন হয়ে ওঠে…
কোপ
দু'টান না দিলে ঠিকঠাক দাড়ি কামানো হয় না,
অথচ বলিপ্রদত্ত পাঁঠার জন্যে একটি কোপই যথেষ্ট!
ধড় থেকে মুন্ডু নামিয়ে ফেলার আগে তার পেটে
গুলি চালিয়েছিল ওরা। তারপর টেনিহিঁচড়ে নিয়ে গেছে
জঙ্গলে। সেখানে অজস্র ছুরির নীচে বেপরোয়া ভাষ্যের মতন
ঝরে পড়েছে সে। পরদিনের ভোর তাকে তুলে এসেছে
রক্তাক্ত অচেনা….
সেলুনে দাড়ি কাটাতে গিয়ে একটা টান হয়ে যাবার পর
নাপিতকে বললুম, থামো! দ্বিতীয় টান দেবার আগে
আমাকে আর একটু জেনে নিতে দাও। আমি যদি মোরগ হতুম,
আমাকে জবাই করার সময় আমার গলায় অন্তত আড়াই বার
ছুরি চালানো হত!
পাঁঠার জন্যে এক, দাড়ির জন্যে দুই আর
মোরগের জন্যে অন্তত আড়াই – হিসেবটা তবু একটু
বুঝে উঠতে পারি। অথচ একটিমাত্র মানুষের জন্যে
অজস্র ছুরি, গভীর অরণ্য, টেনেহিঁচড়ে নিয়ে যাবার
একটা ভাঙাচোরা পথ, উল্লাস এবং পিস্তল, আরও অনেক অনেক
অনেক কিছুই…
দ্বিতীয় টান দেবার আগেই নাপিতের ক্ষুর থেমে যায়!
কুরবানি
অবোধ দুম্বাটির গলায় ছুরি চালাবার সময়
নিজেই কুরবান হয়ে যাও। স্বপ্নের মাঝনদীতে নৌকোয় যেমন
দুই তস্করের মারপিট, আর ডাঙার রামকৃষ্ণদেব
বেদনায় কুঁকড়ে যাচ্ছেন!
আমিও কুঁকড়ে যাব, না আনন্দে উল্লাসে তীব্র ফেটে পড়ব
ভাবতে ভাবতে আজ নিজের সামনে দাঁড়িয়েছি। দেখতে দেখতে
আমার শরীর ক্রমশ লোমশ আর নধর হয়ে উঠল। উচ্চতা এল
কমে। গভীর রাত্রে লম্বা দুটি কান ঝাপটানোর সময়
এক অদ্ভূত শিঙের রোমাঞ্চে বিমোহিত হয়ে থাকি। কিসমিস
অপাঙ্ক্তেয় হয়ে যায়। কাজুবাদাম খুরমা হেলাফেলার স্বপ্ন হয়ে
সামনের পাত্রে, আস্তাবল জুড়ে গড়াগড়ি খেতে থাকে!
কোনো একদিন ভোরভোর মরুপাহাড়ের ওপর দিয়ে ধীরগতিতে
নেমে আসব, একা। যদি কোনো ইব্রাহিম হঠাৎ দেখে ফেলেন…
নাঃ, শনি-মঙ্গলের হাটে কোনোদিন চালান হব না আমি, ওখানে শুধুই
পশু বিক্রি হয়!
মোনাজাত
বটগাছ দু'হাত তুললে সারারাত
বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি কেন, সুরম্য অট্টালিকা, হুর-পরি,
দিগন্ত প্রসারিত উদ্যান আর ঝরনাও নেমে আসতে পারে
ধূধূ মরুভূমির উপর! বটগাছের লাগে না
এতকিছু। সে শুধু ইপ্সিত বৃষ্টিকণার ভিতর আমর্ম ভিজতে ভিজতে
বাকিটুকু মানুষের জন্যে উৎসর্গ করে দেয়!
দু'হাত তোলার ভেতর এত ঐশ্বর্য থাকে, কাল রাতে
বৃষ্টির ভেতর বটগাছের কাছে শিখলুম। আমাদের হাতে হাতে
ভারী পাথর বাঁধা, কোমরে দুর্বোধ্য শিকল। দু'হাত ঠিকঠাক
তুলতে গেলে মেরুদণ্ড যেটুকু সোজা রাখতে হয়, হাত যতখানি
নিরপেক্ষ আর প্রসারিত রাখতে হয়, তেমন পারি না
কিছুতেই। অগত্যা বটগাছের উৎসর্গ থেকে মনিমুক্তো কুড়োতে কুড়োতে
জীবন পারাপার করতে থাকি আর ভাবি,
এ-সবই আমার নিজস্ব ফলাফল, সমস্ত কৃতিত্বটুকু
আমাদেরই!
বটগাছ দু'হাত তুললে সারারাত বৃষিক্ট, আরও কী কী
যেন সব নেমে আসে এই বুভুক্ষু পৃথিবীর
দোরগোড়ায়। মানুষ দু'হাত তুললে?
শিকল পাথর সরিয়ে একবার মানুষ দু'হাত তুললে?
স্তুতি
নম্র আগুনের স্তুতি দিয়ে সাজালুম। তুমি
ফিরিয়ে দিলে। শীতলক্ষার শুকনো চরে পড়ে থাকা মৃত ঝিনুকের
শেষ আর্তনাদ দিয়ে সাজালুম। তাও ফিরিয়ে দিলে! কী তবে
গ্রহণ কর দরিয়ানগর? আসমান-জমিন একত্র করে
কবি উড়ে যায়। তার লাল পাঞ্জাবি, নীল পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবির ভেতরে
যেসব বাঘের গর্জন, যেসব অনিকেত প্রবাল এতদিনে জমিয়ে তুলেছি,
তাও তোমাকেই দিচ্ছি। তুমি কি ফিরিয়ে দেবে?
ভারতবর্ষ থেকে এত দূরে আমি। আমার শেষ কোথায়!
সাম্পান বেয়ে বেয়ে এত দূরে আমি। আমার শেষ কোথায়!
সমুদ্র তলদেশে পা ডুবিয়ে রাখাইন তরুণীর বুকের ভেতর
মাথা ঠেলেছি আমি। আমার শেষ কোথায়? জলকেলি উৎসবে
আধপোড়া মাংস আর দু-আনি মদের ভেতর
আমার যে জীবন বিস্তারিত হতে থাকে,
তার সবটুকুই তোমাকে দেব। তুমি কি ফিরিয়ে দেবে?
পথ বাঁকে বাঁকে অদৃশ্য হয়ে যাচ্ছে। টিলা-পাহাড়ের ছায়া
একটু একটু করে গ্রাস করছে আমাকে। পা থেঁতলে পাথর,
বুক থেঁতলে বালুচর, হাত থেঁতলে
নীল নাগরের ধারা। তার ওপর ভাসিয়ে দিলুম
চোখের দুটি মণি। পার তো কুড়িয়ে নাও।
অস্থিরতা
তুমি এত অস্থির হও কেন? সব তো ঠিকঠাকই
আছে। অ্যাসট্রে থেকে উড়ে যাওয়া কিছুটা ছাই
টেবিলের কোণে ছড়িয়ে, ওতে তো আমার ঠোঁটের
গন্ধ লেগে আছে। তুমি এত অস্থির হও কেন?
বহুদূর যেতে হবে এখনও। পথ তো
সাম্যবাদী নয়। বিছানা বালিশ গুটিয়ে তালগোল পাকিয়ে যাবে
বহুবার। শাখা-প্রশাখা আর লতাপাতায় যে জীবন, তাকে যতই
পরিশুদ্ধ কর, তার ভেতর থেকে কিছু দোমড়ানো কাগজ
মাথা তুলে তোমার করুণা চাইবে। তুমি এত অস্থির
হও কেন? ওইসব দোমড়ানো কাগজে তো আমার নৈঃশব্দ্য আর
আত্মজীবনী টোকা আছে!
কে কোন সকালে হাত ধরেছিল, কে কোন অন্যমনস্তকায়
হাত ফসকে দূরে চলে গেল, কুঁজো হয়ে, হামাগুড়ি দিয়ে
আর খুঁজতে চেয়ো না। যা কিছু সামনে আছে, মুঠোর নাগালে আছে,
সে সবই কি যথার্থ আমাদের? এরকম অবুঝ
প্রশ্ন তুলো না। অঝোরে বৃষ্টি নেমেছে দূরের মাঠে।
ওই বৃষ্টি একসময় আমাদেরকেও অজান্তে
ভিজিয়ে দিয়ে যাবে। ঝাপসা হয়ে যাব মগডালে থরথর করে কাঁপতে থাকা
শিশুপাখিটির মতন। এত অস্থির হও কেন?
এটা কার চুম্বনমাস
এটা কার বিদ্রোহমাস
অঝোরে বৃষ্টি কিংবা দাবানল, আর ঝোড়ো হাওয়ায়
বেসামাল ভোরের ডানা,
এত এত অস্থির হও কেন!
