গুচ্ছকবিতা
পাতা
১
পাতা উড়ে এসে নৈঃশব্দ্য হল বুকে
এতটাই বিহ্বল আমি-
ঘুমন্ত চাঁদের নীচে স্বপ্নের শরীর বিছিয়ে ধ্র"বজন্মে
বসে থাকি, আত্মসমর্পণে
আর কী আশ্চর্য,
জ্যোৎস্নার মতো হেসে ওঠে বুকের পাথরগুলি
২
পাতা থেকে তুলে নিই পাতার নৈঃশব্দ্য
পাতাকে জড়াই বুকে, সারাদিনমান জড়িয়েই থাকি
আর উন্মন রাতে
পাতার ছায়া থেকে গড়ে চলি ছায়ার শরীর,
রিক্ত. শূন্য হয়ে বিস্ময়ে বলে যাই-
'এসো পাতা, এসো আরও আরও আঁধার হই
নৈঃশব্দ্যের ভিতরে, নৈঃশব্দ্যে ঘুমাই, কাল হই।
৩
পাতা ওড়ে, ওড়ে পাতা,
দিকে দিকে ধ্বনিত হয় বর্ণময় দিন, জীবনের ঈশ্বর কণা
কী দ্রুত বদলে যায় অনাদিক্রমে
সরেও যায় সামনে-পিছনে, কখনও স্তব্ধ দাঁড়ায়
আমি দেখি, আলোখোর মথের মতো সম্মোহিত-
পাতা ওড়ে, ওড়ে পাতা।
৪
জীবনের কোন ডাল থেকে খসে পড়া ওই পাতা
আমাকে এ কোন দৃশ্যান্তরে নিয়ে যায়
নির্বাক করে ওড়ায়।
রাতভর পাতার স্বপ্নাচ্ছনতায় বোধশূন্য হতে হতে
শেষে, আরও শূন্যতার গভীর থেকে খুঁজে নিই
পাতার-বিতান; যেখানে থরে থরে সাজানো আছে
আমার সুন্দরের দেহাবশেষ, আমার সত্য-
বিপন্নতার আর এক নাম মৃত্যু,
পাতার আড়াল থেকে সুপ্ত সুন্দরকে জাগাই ধীরে ধীরে
তাঁর বাক্সময় কথার নৈঃশব্দ্যে ডুবে যাই-
– 'বলো, কেন এই মৃত্যু স্রোত, কেন জীবন তবুও চলমান,
– কেন ভালোবাসা কুসুম ওড়ায়, জন্মে ফেরায়
– কেন প্রাণের ভিতরে প্রাণ – এত নৈঃশব্দ্য চায়।
মাটিতে জন্ম নেওয়া কীট, মাটিতেই ধূসর, কোন
অহমিকায় মাটির প্রাণ মাটিতে মিলে যায়?
সুন্দরের পায়ের শব্দ আসে, জ্যোৎস্নর মতো তোমার প্রিয় মুখ
শাশ্বত মৃত্যুর ছন্দে; স্বপ্ন-অন্ধকার।
মনে পড়ে-
কবেকার শুরুকরা চিঠি আজও সেইভাবে আছে!
একটি পূর্ণ রাজ্যের খোঁজে এ-জীবন আজও চলমান।
তবুও পাতার অসমাতপ্ত পৃষ্ঠায় লিখি জীবনের গান
পাতাকে পরম বন্ধুর মতো নিভৃতে শোনাই।
এইভাবেই শুরু ও সমাপ্তির কাব্যময়তার ভিতরে
বুড়ো হয় কলম, বুড়ো হয় দেখার চোখ
অসমাপ্ত এসে ঘাড়ের কাছে মৃত্যুর গল্প শোনায়।
আঃ পাতা, মনে পড়ে, আজও মনে পড়ে
কাঠ-ফাটা রোদ্দুর হয়ে হেঁটে যাচ্ছেন অভুক্ত কর্মঠ বাবা
পাতার পোশাক পরে জ্যোৎস্নাময়ী মা যেন
আত্মমগ্ন পৃথিবী, আঃ
বসুন্ধরা তার গাল ভরা নাম। অথচ
তার অবস্থান দেখ পাতায় ঢাকা নির্জন কবরে।
কত কোটি কোটি বছরের ঘুমে তার মগ্ন-থাকা – কে জানে।
আমি জানি- আমার অক্ষর প্রতিমা সে
চন্দ্রালোকে আত্মার উদাসীন হাওয়া।
মনে পড়ে, আরও পাতার কত কিছু মনে পড়ে। শুধু
চোখ মেলে দেখিনা – গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া-পাতার পোশাক।
৫
এই আমার পাতার জীবন
এই আমার ক্ষয়-ধরা বাতাস জীবন
এক সুন্দর থেকে অন্য সুন্দরে ঋদ্ধিমান জীবন
এই আমার প্রেম,
এই আমার ঘর, ঘরের অনন্য প্রজন্ম ধূলি,
সময়ের বুকে ওড়ানো পাতা, পাতার ছিন্ন পদাবলি।
৬
সব অবক্ষয়, যন্ত্রণা সরিয়ে, একদিন পাতাকে জড়াই বুকে
বুকের সুতিকাগৃহে সব পাতা শিশির হয়ে ঝরে
অনন্ত এসে বসলে পাতার শরীরে, আমি তাকে
হিংস্র হাতে দূরত্বে সরাই।
৭
এই হলুদ পাতার জীবন থেকে উড়ে গেলে সত্যের কণা
জানি, শুদ্ধতম ঘুমে চলে যাবে পাতা
আমার ঝাঁঝরা বুকে পাতা রেখে যাবে অমোঘ
চিরন্তনের ঈশ্বর কণা।
সন্ধ্যা এল যখন
সন্ধ্যা এল যখন, তখন তুমি অনেক দূর
ঠায় দাঁড়িয়ে প্রহর গুণছি, নিঃস্ব হয়ে একা
স্বপ্নময় হৃদয়টাকে মুঠোয় নিয়ে একা
তোমার জন্য এনেছিলাম, অলীক সমুদ্দুর।
সঙ্গোপনের অশ্রু শুধু লুকিয়ে নামে পাড়ে
শব্দ করে মিলিয়ে যায়, মেঘের ছায়া ঘর
কথায় ভরা ঢেউ'র রাশি, হৃদয়ে কড়া নাড়ে
জলের ঠোঁটে বাজতে কথাকে, তোমার প্লুতস্বর।
তোমার আঁধার ভরা ঘরে, জ্যোৎস্না নামে যখন
নিজের ভিতর মুখ রেখে খুঁজতে থাকি তখন –
তোমার-আমার ভালোবাসার অমৃত সেই ঘর
ছায়ায় ঘেরা, ছায়ায় বোনা – চিহ্নহীনার স্বর।
ময়লা আঁচল
স্বপেনের চন্দন মেখে
পৃথিবীর মানচিত্রে বুঁদ হয়ে আছে যে কিশোর
সে এখনও পুরোপুরি পৃথিবী দেখেনি
সে দেখেছে
খড়ের ছাউনি আর ছিটেবেড়ার ছোট্ট পৃথিবীতে
তার চির রুগ্না মা
এক মুঠো ভাতের গল্পে তারই দিকে আঁচল পেতে আছে।
মায়ের কালি পড়া চোখের তৃষ্ণা মুছে দেবে বলে
যে কিশোর রাত জেগে মুখস্থ করছে জীবন কাহিনি
সে এখনও জীবনের বৈচিত্র্য আর গায় আঁধার দেখেনি।
যুদ্ধের সন তারিখ, যুদ্ধ কাহিনি পড়তে পড়তে
পৃথিবীর উত্তরণ খুঁজছিল যে স্বপ্নময় যুবক
সে এখনও বাবার জীবন যুদ্ধের চাইতে আর কোনও
ঘোরতর যুদ্ধ দেখেনি।
সিঁড়ি ভাঙা অঙ্কের সরলীকরণে বারবার ভুল করে
তৈলাক্ত বাঁশে বানরের চারহাত উঠে তিনহাত নেমে আসা
গল্পের শেষে রণক্লান্ত,
অসহায় যুবক সাফল্যের মানপত্র হাতে নিয়ে
বাবার জ্বলে ওঠো দেহের সঙ্গে ছাই হতে হতে
আগুনের সমুদ্রে সে আজ আগুন, যুদ্ধবাজ, নিঠুর বাজপাখি।
মাঝে মাঝে জেলখানার গরাদ টপকে হৃদয়ে চাঁদ ঝুঁকে এলে
সে দেখে, অফুরন্ত জ্যোৎস্নায়
এক ফালি ময়লা আঁচল আজও সুঁজের ফোঁড়ে ফোঁড়ে
বেঁচে থাকার স্বপ্ন সেলাই করে যায়।
মা ২০০২
মৃত্যুর উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছি
সমস্ত দহন তোমার কোলে উপুড় করে
দু-দণ্ড ঘুমাব
এই পোড়া দেহে একটু হাত রাখো মা।
চারদিকে এত চিৎকার, আগুন আগুন
ধর্মের উন্মাদনা এত তীব্র;
মানুষের হিংসা এত নির্মম,
এত রক্ত
তোমার পবিত্র কোল প্রশাসিত করো
একটু আরামে মাথা রাখি, ঘুমাই।
একি, তোমার প্রশান্তির কোল কেন এত হিম
কেন রক্তে ভেজা তোমার বুক
কেন চোখ ভর্তি এত কান্না, কেন?
তোমার শান্তির পা দু-খানি ডুবে গেছে রক্তে
আ: মা গো
তোমার চারপাশে এত সন্তানের হিম স্বর
আমি কিভাবে রাখব প্রণাম
কীভাবে শুনবে ওরা, আমাদের জেগে ওঠা স্বর।
বর্ণ-বিহঙ্গিনী
তোমার গভীর কালো চোখের মণি জুড়ে
ছড়িয়ে দিলাম শব্দের দ্যুতি
রেশমি চুলের গুচ্ছে ভরে দিলাম স্বপ্ন, অনুভব
মেঘময় আকাশ
বাতাসের মুখে ইচ্ছে-কুসুম
ঢলনামা বুকের কাঁচুলি সরিয়ে তনুতে রেখে গেলাম
অনন্ত স্পর্শের ঢেউ…
বলো, হে বর্ণ-বিহঙ্গিনী বলো, আর কী কী দিলে
তুমি আমার সাদা পাতার শয্যা সঙ্গিনী হবে…।
চোখের মণি থেকে তুলে নিলাম বিষ
বুকের মাধুর্য থেকে পাহাড়ি অহংকার,
শরীর ছুঁয়ে থাকা ভিজে জ্যোৎস্নার অপার্থিব সুখ
তুলে নিলাম নিবে,
অক্ষরের সহবাসের নিরালা দিলাম প্রাণের হরষে-
বলো কল্পনালতা, বর্ণ-বিহঙ্গিনী আমার, বলো
আর কী কী পেলে
অনন্তের সবুজ শয্যায় চিরঘুম করে নেবে।
তোমার ওই সুন্দর দেওয়া উৎসর্গ করে যাব পৃথিবীর কাছে
আমার জন্য অবশেষ কিছুই রেখে যাব না।
শিকড় থেকে যায়
আকাশে উজ্জ¦ল হলে চাঁদ, কবির ভুবন ভেসে যায়
জ্যোৎস্নার কণায়, স্বপ্ন-চন্দন যতো কুয়াশা বিন্দু হয়ে
জমে ওঠে বুকের পাতায়, কথারা নক্ষত্র চিবুক ছুঁয়ে
জোনাকির মতো ওড়ে ধান শিষে, কুসুমে কোরকে…
কবি থাকে রাতভর অক্ষর সংরাগে, বিমূর্ত ঘোরে
সম্মোহনে লিখে যায় প্রেম, লিখে জীবন। স্মৃতির অতন্দ্র ধুলো।
রাত শেষে ফিকে জ্যোৎস্নয় কবির হৃদয়ে কখনও
না-ছোঁয়ার বিষাদ সনে আঁচের মতো জ্বলে, পোড়ায়-
আরও নি:সঙ্গতা, সংযম দাবী করে, তীব্র প্রতিবাদ জানায়
কেন তাদের অনুষদ হয়নি বলা, কেন তারা মৌন হয়ে চিরকাল
থাকবে অপাঙক্তেয়, অবাঞ্ছিত…
চন্দন-গন্ধের স্বরে কবি বলে, অবিশ্রান্ত বলে যায়-
প্রাণের সুন্দরে আসে যে প্রাণে, সেই তো সবার অলক্ষে থেকে
প্রকৃতির গানে প্রকাশ করে আলোর ভাষা, লিখে লিখে
ছায়া হয়ে জীবনের ওসব শূন্য, উহ্য শূন্যে বিলায়।
না-বলা ওই ঐশ্বর্য নিয়ে কবি পুনরায় ঘুমায়, জেগে ওঠে
নবজন্মের শিহরণে, যুগান্তরের পথে ছুটে যেতে থাকে।
