২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতাগুচ্ছ

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 29 Aug 2012, 08:01 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

মহানাগরিক

হাঁটতে হাঁটতে মফস্বলের রোদ;
মাখতে মাখতে পেঁচার পাখার মায়া,
দিনমজুরের ভেতরে মরছে বোধ;
আকাশ ছাড়ানো অট্টালিকার ছায়া,
ঢেকে দেয় সব; এখানে সকাল ঢাকা,
কীটস্যকীট পিলপিল পায়ে চলি;
খেলনা মানুষ; খেলনা গাড়ির চাকা,
দম দেয়া জোর রোবটের ন্যায় বুলি।

এখানে সকল বন্ধু'র পথ বাঁকা;
সম্পর্কের শেয়ার বাজার ফেল,
পতনের তলে বেদম জোরসে হাঁকা;
বিজ্ঞাপনের 'নিদ্রা-কুসুম' তেল।

জেগে জেগে দ্যাখ ঘুমোচ্ছি দিনরাত;
তন্দ্রার ঘোরে ক্রেডিট কার্ডের সুখ,
বিলবোর্ডের 'সেক্সি ফিগার' কাত;
চকলেট প্রেম তারকায় উন্মুখ।

ঢেকে যায় সব; এখানে সন্ধ্যে ঢাকা,
ফেইসবুকে আজ মুখ পেতে দেয়া যাবে;
রক্তমাংসে কামনার জ্বালা আঁকা;
অনুভব-স্নাত দিবস আসবে কবে?

যন্ত্রকাতর-মহিমা; মাশুল চড়া;
পুঁজির পুঁজেতে কেবলই ঘেন্না বাড়ে,
'ভূতগুলো' সব লুকোনো গর্তে মরা;
'মানুষগুলোর' রোশনাই আলো কাড়ে।

রোদ মাখানোর দিন চলে গ্যাছে আগে;
বরফশীতল পেঁচার পাখার ওম,
দিনমজুরীর ক্লান্তির শেষভাগে;
বাসনা যোগায় সুরভিত কন্ডোম।
২১ ফেব্রুয়ারি ২০১১ ,কারওয়ানবাজার, ঢাকা।

সংশয় ১
কবিতায় ভাষা নাই,
জানা নাই; কি বলিবো তারে?
কী কথা জমাট বাধে?
ভাষাহীন নদীর কিনারে!!

জানি; বোবা নদী জানে
ঠিকানার সঠিক কানুন,
বেঘোর মিলন মোহনায়
ডাকে তারে সাগরের নুন।

মোহনায় নুন চেখে
মনে আসে উড়বার সাধ,
নরোম আলোর দেহে
মিটে যাবে সকল বিষাদ।

দেহ আর মনে দুটি ডানা
পাড়ি দেবে মেঘেদের বুকে,
অথচ কেমন খসে পড়ে
'করাতের করাল চাবুকে'!

মিলনের সাধ ছুটে যায়
বুকে পিঠে রক্তের ছোপ,
রাতজাগা চোখে তবু দেখি
পড়ে থাকে রতির পালক…!

মুন্নাফের মোড়, রাজশাহী, ২০১০

সংশয় ২

আকাশের খোঁজে দিন চলে যায়; স্বপ্নের খোঁজে রাত,
জীবনের যত যাপিত অসুখ; মগজে পেতেছে ফাঁদ।
যুগের বাতাস শ্বাস টেনে যায় দো'টানার বার্ণিশে,
সম্পর্কের সূতো ঝুল খায় বেকায়দা কার্নিশে।

কামিনীর ঝাড়ে ঝিমঝিম ভাব; কোথায় দাঁড়াবে তুমি?
আমি নই-সেও নয়-তবে কে? তোমার উৎসভূমি?

উৎসারিত উড্ডীন ডানা; পালক ছিন্নপাতা,
ডাইনে ও বাঁয়ে উপরে কি নীচে চামড়ার আকুলতা।
হাড়ে ও মাংসে ডানা একাকার; পালক পালালো হায়!
উড়বার সাধ বিপরীত টানে ভূমিতেই পাক খায়!

কাজলা, রাজশাহী (২০১০)

সংশয় ৩

একদিকে তুমি চেয়েছো যেমন বিচ্ছেদ ঘেঁষা ডানা
তেমনই পাথর-ফলকে লিখেছো মিলনের দাবিনামা,
ধরি কিনা ধরি; ছুঁই কিনা ছুঁই; নীল সংশয় বিষে,
হয়েছি সুনীল; দূরাগত একা; দীপান্তরের শেষে…।

তুমিও কি একা হওনিকো আজও মুক্তির কাঙ্খায়?
সব মুক্তিই বাঁধা পড়ে শেষে হিসেবের পৃষ্ঠায়।
অলীকের মোহে; জ্ঞানে-অজ্ঞানে; মগজের কোষ ভারী,
দিন খুঁজে খুঁজে রাত্রির চরে; মুক্তি নিয়েছে আড়ি।

২৬ মার্চ ২০১১, শেখেরটেক, ঢাকা।