২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতাগুচ্ছ

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 05 Aug 2012, 10:30 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

তৃষ্ণা

আমার সকল নিমে বসে আছি সর্বনাশের আশায়

খুব দূরে দাড়িয়েছো একা
যদি পথ এসে তুলে নেয়…
অন্তিম চিকুর হেনে তুমি কী তাকাবে ফিরে
এই যে শ্রাবণ মায়া, মালতী লতার ঝংকার
বেজে ওঠে গান বরাবর আলো অভিসারে
তিমিরের স্তপ হয়ে আছে যে আড়াল
তুমি কী ফেরাবে তাকে সুহানা সফরে
মেঘ-বর্ষাতি গায়ে বৃষ্টির পথমিছিলে
বুঁদ বুঁদ জল অবিরল…
তৃষ্ণার বুকজুড়ে চোখের তারায়।

সাক্ষর

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে

আর সাড়া দেব বলে আমি পেরিয়ে যাচ্ছি
ঈশ্বরাম উপকথাগুলো, সামান্তরাল আকাশ
বিশ্বমান গবেষণালিপি, শূন্যতার পরিভাষা,
এত যে আধার খেলা আলোর অতীত নিরাকার
রূপ তার শ্যামসম নৈশবাহার, যেন রচিত
শ্রাবণ-মেঘ কপট বিরহে ঘনিয়ে আন্ধার
জন্মান্ধ রিপু সন্ধানে আঁধারের পদাবলী
রাধিকার পথ অভিসার, ঝড় বাদলের রাতে
বিপদের প্রান্তসীমায় অবাক লণ্ঠন হাতে
তুমি মুদ্রিত সাক্ষর, রোশনাইয়ে ভরে দাও ঘর
অন্তরে বাহিরে, ভয়তরাসের বাঁকে অতলান্ত খাদে।

দিশা

আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে

উড়ে আসে খোলাপথ –
অরণ্য শিবির খাড়ি চড়াই উৎরাই মরুদুর্গম
জোৎস্না নিবিড় পথ, ফুলে ফুলে ঢাকা শরবন
কাঁটা খুলে ক্ষতচিহ্ন হৃদয় গোপন পথে
যাপনের নির্মিত সড়ক, সন্মোহক জাদুদণ্ডে
থেমে আছে চলাচল, প্রান্তিক শোক-ক্রোধ
শব আগলে হা খোলা দুয়ার, পথ চেয়ে
চোখ উন্মুখ, খোঁজে আনাচ-কানাচ স্মৃতিবাঁক
সর্পিল পথরেখা বুনো কাঁটাঝোপ
ধুলোমাখা ঘাস পাতার আড়ালে স্তূপ হয়ে
আছে যত পথ নির্মম, দিশাহীন প্রান্তরে
দাঁড়িয়ে রয়েছে একা, ভোতে পাথরের বুক
কোন পথে যে করুণা তোমার…

খেলা-১

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা…

খেলব বলে বসে আছি নিয়ে অংশত প্রাণ
হাওয়া চঞ্চল, উড়িয়ে দিয়েছি মুক্তিআলোয়
পাতায় পাতায় নৃত্যপর, পাতাল ভুবনগ্রাস
পাহাড় নিসর্গে। সমূহ সন্ধানে তোমার, ঘুরে
আকাশ নক্ষত্র নদী জলের সরলে, ভেসে থাকি
স্রোতে বিহবল, ঢেউ লবণাক্ত জলে যেন
ভাসমান ভ্রুণ জরায়ু-অতলে খুঁজি আত্মার ঘ্রাণ
মায়াবর্তী মেঘতন্দ্রায় ঘুমিয়ে যে গ্রাম
যদি জেগে ওঠে ভুল, আর ঝড়ের গোপন ফুল
আশঙ্কা আকুল – ঝরে যায় খেলার বিরহে।

খেলা-২

কোন খেলা যে খেলব কখন …

খেলার ভিতর দিয়ে উড়ে যায় সুখ বিন্যাস
অখ- দিনের সঞ্চয় বিন্দু যাচনা
নীরক্ত পরকীয়া আয়ুর গণনা, স্নায়ুর আলাপ
রাতের কোঠরে জমে ঋতুবিষ ঘোর অবসাদ
রতি পরম্পরা ক্ষোভ-মোহ-দাহ-বঞ্চনা
নির্ভুল-প্যারানোমিয়া, কুশলের স্মৃতি-সংলাপ
সাইকিক ভোরে খেলাঘরে পড়ে থাকে ফুটিফাটা
বার্বি পুতুল, রেশমের ছেঁড়া চুল ছেঁড়া আঙুল
খেলার শিয়রে বসে আয়ু লেখে শোকের চূর্ণ বিলাপ…