পশ্চিমের কবিতা
শ্যুটিং
নাচে একা, একাও না
চেরির বোঁটায় উল্টো ঘুমে
উসকে দিচ্ছে ঠোঁটের স্মৃতি
ঊন স্রোতে উতল জঙ্ঘা
তল্লাশি নেয় শ্লেষা-ঘামের, ভেজেও না
ফিফটি ফিফটি লাইভ লাইনে
মোমের ম্লেশা, নেশাও না
মধ্যমা ছল গভীর যতো
গরম পেয়ে চাবির ডগা
জিভ ছুঁয়ে যায় গলেও না
যা-ই ওড়ে, আলো মেরে সরেও না
ডোরা বোলতা হুল ফুটিয়ে নড়েও না
লাল রুমালে চোখ বাঁধা ষাঁড়
বর্শা-বিষে টলেও না
একা নাচে, নাচেও না
চলছে শ্যুটিং, চলেও না …
ভোরপাখি
পাখির মতো ডাক দিলো ভোর
কি পাখি ?
বৃক্ষের আড়ালে যারা রাতে ডেকেছিলো
তারা তো ময়ূর
কাঠবিড়ালির সঙ্গে প্রেম সাঙ্গ হ'লে
ঘুমুতে যখন যাবে
তখন-ই ডাকলো ; ওই পাখি
ভোর কি পাখির মতো শিস্ দেয়, গান করে —
হাসপাতালের জানালায় যে নার্স
কাঁচুলি শুকোতে বসে
তার সঙ্গে কথা বলে —
অরণ্যভাষার গালে শিশির জড়িয়ে
বলে, আয় — চুমু খাই …
পাখি ডেকেছিলো, কেউ শোনেনি
উড়ে গেছে ভোর
সব তোড়জোড় শেষ হ'লে
রোদ মেখে ঘুমায় শরীর, মৃত।
ক্যাম্পিং
পাতা খবর নিচ্ছিলো হাওয়ার
বাসের অপেক্ষা করছিলো মেয়েটি
দু'জনেই ক্যাম্পিং-এ যাবে।
বিকেলের ঘাড়ে চড়ে সাত ডিগ্রি
চেরিহিলে ঢুকে পড়লেও
দু'জনে দ্বিধায়, তাঁবু কি এখানে পড়বে ?
সবুজ কি পোশাক বদলায় ? বোঝা যায় না
স্রোত কি পাথরখণ্ড স্পর্শ করে ? দেখা যায় না
হাতঘড়ি, জোড়ারুটি আর ম্যাচবাক্স
ঘুঙুরের চোখের মতো দেখছে
পিঁপড়ে ও ঘাসে যা চাঞ্চল্য
ক্যাম্প শুরু হয়ে গেলো !
হাওয়া খবর নিচ্ছিলো পাতার
বাস মেয়েটির
তাপমাত্রার ভেতর যে আগুন-বরফ
প্রস্তুত করছিলো টার্কি ও সালাদ
ক্যাম্পিং চলছে
ভোরটি হুইলচেয়ারে ব'সে বাসে উঠলে
ব্রেকফাষ্ট টেবিলের জন্য চিজ সংগ্রহ করে মেয়ে।
নামিলো, কিন্তু ভিজিলো না
লেখাপড়া করে যে, জঙ্গল কাটে সে।
লেখাপড়া মানে বৃক্ষক্ষয়, বৃক্ষক্ষয় মানে
বিসর্জন প্রণালীটি দীর্ঘ ক'রে ঝাঁপ দেয়া —
একটি বৃক্ষরচনার জন্য শুরুটা আরো ঘন হইতে পারিতো :
কিন্তু হইলো না, বনে কুমির ঢুকেছে
বৃক্ষেরও প্রাণ আছে, জগৎ-সংসারে তার অধিকার
মানুষের সমান-সমান। ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়
সর্বোপরি অক্সিজেন দেয়, আর খায় কার্বন ডাই অক্সাইড
মানুষের বিপরীতে অন্য মানুষ, প্রাণের সপক্ষে প্রাণ
তাই বৃক্ষচর্চা মানে অস্তিত্বের সন্ধান …
যাক, মোটামুটি একটা বৃক্ষভূমিকা তো হইলো ; এবার গর্ভ :
জ্ঞানচর্চা মানে লেখাপড়া, বিদ্যাশিক্ষা : কাগজ-কলম
এখানেই তো বিপদ ; বৃক্ষ চাই — কাগজের কাঁচামাল অরণ্য
আর তা নিধন মানে মৃত্যুদ- নিশ্চিতকরণ
অতএব জান বাঁচাও তো গাছ বাঁচাও
লেখাপড়া বন্ধ।
বৃক্ষ তো বাঁচিল, কাগজকলে তালা
কলমের আর কি দরকার ?
মগজ ধোলাই হবে, ধোপাখানা খুলে দিলো বিদ্যুৎ
অরণ্যে বাড়িল বাঘ।
উপসংহার এ রকম :
বৃষ্টি নামিলো কিন্তু ভিজিলো না
বৃক্ষ কেবল মস্তকটি মুণ্ডনের কারণে সূর্যপ্রার্থনা করিলো।
চার ইয়ার
অন্ধ দাঁড়িয়েছিলো, অন্ধকার হাঁটে
কালো মাটি সাজায় পুতুল
ঘোরে কুমোরের চাক
ভষ্ম দেহ ঘোর দেখে
বোবা কি বলে ?
খঞ্জ ও বধির, দ-ভারে নত
যারা চলে আর শোনে
বড়ো এলেমদার
ওঠা-ডোবা সামলিয়ে পুতুলেরা সাজে
খঞ্জে নড়ে, বধিরও কি টের পায় ?
লেক অল্টারিও সাতদিন রবিবার
চার ইয়ার।
কী সুন্দরী
ওরে আল্লা, কী সুন্দরী
চল্লিশ বছর ধরে পদ্মপাতা খোলে
শামুকের মতো নড়েচড়ে
রস-কস-সিঙ্গারা-বুলবুলি !
একদিন মালীবাগ মোড় দোতলায় তুলে
এক্কা-দোক্কা ঘর কেটেছিলো
রোদ আর রেখাচিত্রে, হে উপমা
ইয়েলো অকার মেলে জানিয়েছিলো অভিবাদন :
হায় আল্লা, গরমে শুকায় ঠোঁট
জান ফানা ফানা …
ভাগ ছিলো, বার্লিনের দেয়াল আর
হরিদাস পুরের কাঁটাতার, পাহারাদার
শিকড় এ প্রান্তে তো মাথা অন্যপারে
ঘুমে বেলা, রাত নাচে, মুহূর্তের ভোর
ঝমঝম বেজে ওঠে
ও আল্লা, কেমন সুন্দরী !
পঁয়ষট্টি পার সুন্দরীর নতুন শহর !
সৃষ্টিজল
সরল পাথর থেকে সহজ শ্যাওলা নামে
দাগ পড়ে প্রাণিখুরে
গুহাপ্রান্তে অসম্পূর্ণ শরীরের শির
মানচিত্রে ছিন্নসূত্র, সম্পর্কের অন্তর্মুখী তীর
প্রাণিটির কিংবা তারো আগে প্রকৃতি-পুতুলে
অন্য মানে ছিলো ? নিদ্রাঘন দৃশ্যচিত্র
যোগে জেগেছিলো ? সরল-সহজ ভাগ
দিয়েছিলো জ্যামিতির নতুন কৌশল ?
যেমন পর্বতমালা, শীর্ষে তার নগ্ন শীতলতা
যেমন ভূ-ভাগ, কটিদেশে বায়ুর প্রতাপ
যেমন পাতাল, গর্ভব্যাপী উত্তাপের ঢল
তেমন প্রস্তরখ-, অভিভাজ্য বিদ্যুতের অনন্ত যাপন
আমাদের অক্ষিতারা কতো লগ্ন হলে
শূন্য আরো মহাশূন্যে একফোঁটা সৃষ্টিজল দেবে ?
একসঙ্গে জ্যোৎস্না দেখে না
ঘ্রাণ নিয়ে যারা এসেছিলো
পুবের দেয়ালে তারা ফোটে
মেঘেদের শাদা লোম
আর গাঁদার হলুদ ছোপ
গত মৌসুমের একসঙ্গে জ্যোৎস্না নিয়ে খেলে —
ফুটো হচ্ছে চাকা
ফালি হয় নদী
ভাঁড় থেকে মাছি তাড়াতে-তাড়াতে
ময়রাও হাঁক দেয় : রিকশা যাইবা …
পশ্চিম দেয়ালে টিপ মুছে
ট্রাম লাইনে যে উবু হয়
সে কি বনলতা সেন ?
নার্সিং হোমের ছায়া আরেকটু দীর্ঘ হ'য়ে
সুচিত্রা সেনের মুখ ঢেকে দিলে
হয়তো বা কেউ বলে
বাঘ এবং হরিণেরা একসঙ্গে জ্যোৎস্না দেখে না !
