২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবৃত ঈশ্বর

সৈয়দতারিক

Published : 16 Jun 2012, 11:03 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

১.
এটা আমি নই, এটা সৈয়দ তারিক
আমি শুধু চেয়ে চেয়ে দেখি;
সে হাঁটে নগরে আর নগরের অনেক আড়ালে
আমি তার বয়ে যাওয়া দেখি।

সৈয়দ তারিক এটা নয়
শূন্যতা ধরেছে আকার;
আমি তার হয়ে ওঠা দেখি
নিভে যাওয়া দেখি আমি তার।

০৪.০১.১১

২.
তুমি দাও পাঠ আমাকে বাৎসায়ণ,
মন্দ্রস্বরে স্তোত্র শোনাই আমি;
পায়েল বাজছে কেন্দ্রের অভিসারে
পরিধি রেখায় ডাকে অন্তর্যামী।

তোমার শরীরে লোকোত্তরের ঘ্রাণ
আত্মা আমার ধূলা মাখে দুনিয়ার;
তুমি অনন্ত মিলনের আহ্বান
আমি শেষহীন বিরহের বুনিয়াদ।

১৮.০২.১১

৩.
চেয়ে দ্যাখো সিম ফুলগুলি
কোমল বর্ণে আবরিত
একজোড়া পাপড়ি ছড়ানো
একজোড়া অবগুণ্ঠিত।

মাঝখানে রয়েছে গোপন
চাঁদবাঁকা সিমের অতীত :
তোমার অধর প্রসারিত
ওষ্ঠে মিলন-সঙ্গীত।

২০.০২.১১


৪.

জান্নাতি ভোজ জাগায় অরুচি
একটু বেগুন-শুঁটকি রাঁধো,
হুর-পরী দেখে ক্লান্ত দুচোখ
ফুল গুঁজে দেব, খোঁপাটা বাঁধো।

গোরখোদকেরা খোঁজ নিয়ে যায়
পড়শিরা চায় স্মারক ভোজ;
একাকী আকাশ, একলা বাতাস
কোথাও মেলে না তোমার খোঁজ।

২০.০৩.১১

৫.
কে জানে কখন কে কোথায় ধরা পড়ে
কে জানে কে ছাড়া পায়,
তোমার আকাশে আমার আঁধার
জ্যোৎস্নায় চমকায়।

কে জানে কেন-বা স্বপ্নখচিত চাঁদে
রক্তের আলপনা
ছেঁড়া কাফনের হাহাকারে কাঁদে :
'বলবো না, বলবো না।'

০৫.০৪.১১

৬.
সক্রেটিসের উন্মাদনায় সন্ত ডায়োজিনিস,
নিবাস গামলায়;
বাতুল মার্ক্স নিটশে তবে? বুদ্ধির আশ্রমে
জিজ্ঞাসা হামলায়।

বাঁশির হৃদয় কান্নাবিধুর, ঘুরন্ত দরবেশ
প্রশ্ন ভুলে যায়,
সদলবলে পিথাগোরাস গোপন কুঠরিতে
মগ্ন সাধনায়।

১৪.০৪.১১

৭.
বাজে না বাতাসে নন্দিত করতালি,
কাঁপে না হতাশে ঈর্ষাবিধুর প্রাণ,
বুক-পাঁজরের ঘেরাটোপে পাই টের
ফুচকি মারেন শামসুর রাহমান।

সমাধিলিপির মার্বেলে মুখ ঢেকে
নিথর যখন বনানী গোরস্থান
স্মিত মুখ তুলে কবিতা শোনাচ্ছেন
হৃদয়বিহারী শামসুর রাহমান।

১৭.০৮.১১

৮.
আপেল পঁচিয়ে দিতে ভালোবেসে গেছি চিরকাল
মুকুট দিয়েছি ছুঁড়ে ডাস্টবিনে অনায়াস হাতে
আর যত ভালোবাসা – মমতার নিবিড় আঁচল
ছিঁড়েখুঁড়ে পেয়ে গেছি খরতর রোদের কাফন।

নিজেকে ফুরিয়ে দিতে খেলে গেছি আমি চিরকাল
জুয়ার শেষের দানে পণ এ হৃদয়
আয়নায় জেগে ওঠে প্রতিনায়কের মূঢ় হাসি
আর যত হাহাকার – অভিমান – প্রসেনিয়ামের অভিনয়।

১২.০৯.১১

৯.
যেন-বা কখনও আকাশে আপন মেঘ
কেঁপেছিলো থর থর,
যেন জলাশয়ে অতল আবেগে
কেঁদেছিলো অন্তর ;
সাক্ষী ছিলে কি তুমি?
খর রৌদ্রের আবেশে বিধুর আমার মৃত্যুভূমি।

যদি-বা শ্যামল দূর্বায় ঢেকে যায়
শিলায় লিখিত নাম,
হৃদয়ঋণের চক্রবৃদ্ধি
নাই যদি শুধালাম;
অভিমান যদি না করে কখনও ক্ষমা
জন্মে জন্মে ফিরে ফিরে তুমি প্রিয়তর, প্রিয়তমা।

০৭.১০.১১

১০.
না কোনো দিবসে মেলে দেবে ডানা
না আছে রাতের নিভৃত নীড়
শূন্যের মাঝে অসীম নিহিত
অশ্রুবিন্দু সিন্ধুনীর।

বিচ্ছেদে গাঢ় পুরনো প্রণয়,
মিলনে ছিল কি বিরহসুর?
যতটুকু কাছে ছিল দু-হৃদয়
ঠিক ততটুকু ছিল সুদূর।

০৭.১০.১১

১১.
আলো চেয়েছিলো রাতের রাগিনী
তীর চেয়েছিলো স্রোতের সুর
তুমি চেয়েছিলে আসতে নিকটে
ছায়াময় তবু চিরসুদূর।

শোক চেয়েছিলো দরদি হৃদয়
শ্লোক চেয়েছিলো অভিনিবেশ
পেতে দিয়েছিলে সবটা জমিন
হলো না তবু তা উপনিবেশ।

১২.১০.১১

১২.
বাছবার স্বাধিকার আছে সারাক্ষণ :
ভুল অশ্বে বার বার দিগন্ত পেরোই
মায়াবনে হরিণীর উদ্দাম চন্দ্রকলা নাচ
মহুয়ার মদের উল্লাস
আর যত দীর্ঘশ্বাস, দীর্ঘতর করুণ বিলাপ।

বাছবার স্বাধীকার আছে সারাক্ষণ :
ইচ্ছাফুলের ঘ্রাণে বিহ্বল মেধাবী হৃদয়
বুকে টানে, দূরে ঠেলে দ্যায় :
কিছুই কি বাছি আমি?
ওরাই আমাকে বেছে নেয়।

০৩.১১.১১

Image
free counters