২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তোমারে দেখছিলাম আমি

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 02 May 2012, 06:40 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

তোমারে দেখছিলাম আমি ফতুল্লাবাজারে, জলডুমুরের দেশে, গৌড়-পূর্ণিমায়, দশবিশ ক্রোশ খালি-পায়ে সুতানলি রাস্তা হেঁটে-হেঁটে, খালিয়াজুরির মাঠে ঘাড়ত্যাড়া চাঁদের আসরে, সদ্য বণিক-বনা টেরি-কাটা বদমাইশগুলার গলা পৌঁছে নাই যেই-তক্, আরও দূরে স্বরবৃত্ত চালে ব'য়ে যাওয়া উড়াল নদীর পাড়ে
তোমারে দেখছিলাম আমি, দেখছিলাম তোমারে, রক্তবিজল-মাখা তিরের আগায় মনুষ্য নিমির্ত
স্বপ্ন নিয়ে ছুটে যাচ্ছ কাল থেকে মহাকালে মধুপুরে, অশেষ বাঙলায়!

আমি-বা ছিলাম কোথা? শঙ্খের ভিতর সমুদ্রগর্জনে নাকি আছিলাম দধিচীর হাড়ে অথবা কি দিশাহীন,
পাটি-পতাকাহীন খাটাসদের রঙ্গশালায়? কভু তারা-জ্বলা রাত্রির দাড়িম্ব-রসালঘুমে তোমার ফাতিহা আমি তুলিনি গলায়? পাখসাটে এয়ারোডাইনামিক উড্ডয়ন-প্রণয় লীলার ছন্দ বাঁধি নাই?
খালি-খালি আসঙ্গলিপ্সায় গেছি ভেসে নৌকাবিলাসে, চিটাধানগুচ্ছের শিকড় মুঠায় নিয়ে প্রতীক সম্বল!

তোমারে দেখছিলাম সেই একবার জন্মবার মোরগঝুঁটির গর্বিত ভঙ্গিতে, তুমি তোমার পুতেরে
দ্যাখো নাই ফ্যালফ্যাল দুই চক্ষু যমুনা ক'রে আর-সব দেখার গুষ্টি মেরে নিষ্পলক তোমারে দেখতেছিল?
সেইদিন যদি সম্ভাব্য স্বপ্নের চারা রু'য়ে দিতে সহজিয়া মৃত্তিকায় মিলনের তরে

দেখতাম ফকিন্নির বাচ্চারা কী প্রকারে জিভ-ঝাড়া উল্লাস করে!