২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিটোনেটরঃ জুলেখা ইচ্ছা করলেই পারে

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 23 Apr 2012, 10:26 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

কে? সারা গায়ে বারুদ মেখে পালঙ্কের চাদর পাল্টালো ভরা পূর্ণিমায়

চন্দননগরের মহারাজা আর রংপুরের মহারানি দানপাশায় হাত বদলালো বেশ কয়েকটা বাগানবাড়ির রঙমহল

ভায়োলিনের পিচ্ছল ভায়োলেন্সে চিবুক রাখা সীমান্তবর্তী-স্নিগ্ধ-জুলেখায় কখনো কাতরাচ্ছিল আমাদিউসের ৩ নং বাসন্তি কনসার্টে;
গীতশাস্ত্রের মামলাটা তো বাবা নিতান্ত ক বর্গ চ বর্গ এন্তার স্বর আর ব্যঞ্জনের বসন্ত ভৈরবি মালকোশ
কিন্তু হরেক রকমের ফন্ট দ্যাখো দেহঘড়ি দেহছন্দ ছাড়ায়ে পাড়ি দিচ্ছে
আগন্তুক সব বিশ্বকোষ স্বরগ্রামে; যেখানে আধোঘুম আধোফোটা অর্গাসম অ অ আ আ নার্ভাস-নোমেন্সল্যান্ডের অনোমেটাপাই

শতরঞ্চটা তাহলে সেই দুইশো বছর আগের আর গল্পকার বায়েন গায়েন ব্রডকাস্টারেরা গ্ল্যামার ফাঁপাচ্ছে
বেনাপোল স্থলবন্দরের সীমান্ত চৌকিতে সঙ্গী সঙ্গিনীদের বৈবাহিক ঋণের খেলাপি তৎপরতায়

ভরামাঘি-চাঁদটা ফেটে ফেটে বারুদে বারুদে পায়ের নখ থেকে চুলের নারকেল তেলমাখা রোদে
জুলেখাকে ভাগ করে দুই অর্ধেকে; এক অর্ধেক স্নিগ্ধাকে তাতায়
আরেক অর্ধেক স্নিগ্ধাকে কাঁপায় দুইজন দুইপাশ থেকে কোনরকমের সীমান্তচৌকি ছাড়া; বেয়াড়া এবং বেগানা

দর্শকসহ এই মহড়া অবশ্য খারাপ লাগছে না; যন্ত্রনাগুলা যান্ত্রিক হবার কারণেই কারো কোন মন্ত্র আর খুলছে না
আবার বন্ধ শব্দের গুমটিও না কেবল নার্ভাস-নৈঃশব্দ; টিন খোলা স্ট্রবেরির লালাভার উপর পশলা পশলা অজানির তুষারের দলা

আঠালো ঝাঁঝালো কাঁপা কাঁপা শরীরে স্নিগ্ধ এবং স্নিগ্ধা ঘাম-ইশারায় জুলেখাকেও পালঙ্কে দাওয়াত দিলো
আচমকা বোমাবাজির বিমূর্ততায় বরবাদ শত শত চেহারা ছড়ালো ছিটালো ছোট ছোট তীব্র সমস্ত সম্বোধনে

আত্মার চিকিৎসাশাস্ত্র না বোঝা চিকিৎসকেরা পরমার্থের হিসাব না বোঝা দাঁড়িকমার হিসাববিজ্ঞানীরা
কবিতাকে তালিকাবাজি মনে করলো ফলশ্রুতিতে ব্যাংকের বাঙ্কারে এমন কি হাসপাতালগুলাতেও বেশ কিছু বিস্ফোরন ঘটলো

মানে এত কঞ্জুস প্রকাশকদের দল ভাঙ্গানির পাকামি কাভাফির ইতিহাস দেখে নাই;
ভারি পালঙ্কের পায়া ভাঙ্গা একের পর এক দানপাশা উলটানো কমলা বেগুনি বিস্ফোরন সঙ্কোচন

কে? সারা গায়ে বারুদ বারুদ মেখে পালঙ্কের চাদর পাল্টালো ভরা পূর্ণিমায়
ভ
রা
মাঘে
একটু চুপচাপ একটু টুপটাপ আর পুরাপুরি চোখ খারাপ রাধাচূড়াদের-মনস্তাপি-মঞ্জিলা-নক্সায়

অনেকগুলা কমা হাত বাড়ালো কেনই বা একজোড়া চশমার দিকে

ভেলায় ফাঁপানো প্লাস্টিকে হাসলোই বা কে
অতিথিকে তিথি করবার বেহেড মাতাল মনযোগে
গোলচাঁদ পূর্ণিমার দিকে তাকালো কিন্তু পূর্ণিমাকে জানালো না
উল্টাকে ভাবডার হাস্যরসমাখা সিন্থেটিক সারসদের অডানা
খুঁটে খেলো সঙ্গমাক্রান্ত দম্পতির চারপাশে গজানো
অর্গানিক জলকলিদের নোনা

কে হাসলো প্লাস্টিকের ফাঁপানো ভেলায়
এক জোড়া চশমার দিকেই বা কেন হাত বাড়ালো অনেকগুলা কমা

জুলেখার স্নিগ্ধ চাইছিলো বারবাডোসের আখচিপা রাম
জুলেখার স্নিগ্ধাকে পেলো ওয়াইকির তথ্য সংগ্রাম

স্বর ফিরে পেয়ে চিল্লালো মেরামতিতে ব্যস্ত কারিগর সমস্বর;
কুয়াশার কারুকলা সন্ধ্যার পাথর এবং শুকনা ঝর্ণাতলা
কৃষ্ণচ'ড়ার কারখানা পেলো ভরা গ্রীষ্মের গায়েবানা আজান
কোনটা যে গান কোনটা যে মুশকিল আসান
কোনটা যে স্নিগ্ধার গায়ে হলদিতে পাওয়া টিকলি; বড়লোকের বিয়াবাড়িতে
গরিব বেয়ারাদের হাড়পোড়া জাবেদা খাতার খতিয়ান
নিছক আবহাওয়ার ছকটা ঠিকঠাকমতো বুঝলেও লাভক্ষতির গরমিল করতে বর্ণবাদীদের হাত কাঁপতো

ভান দেখায় যে বুঝেছে; তারপর মাতৃহন্তারকেরা বাঁশি বোলে কল্কিতে ফুৎকার
পুরস্কারের পর পুরস্কার দিলেই কি নন্দনের পূর্বাভাষ আকাশেতে ভাসবে
এতই সোজা না কি
বিজলিকে চেহারা ফাটানোর সঙ্কেতসুত্র ধরলে
আবহাওয়া তার নিগুঢ়তম মঞ্চায়ন; সনের পরে সঞ্চয়ন

একেক রকম আবহাওয়ায় একেক রকম পুরস্কার
বাজে আবহাওয়ায় বাজে পুরস্কার ভালো আবহাওয়ায় চয়নেস্ক

তাহলে কি সাধুসঙ্গকে টাধুসঙ্গ বলে স্নিগ্ধা স্নিগ্ধকে জুলেখা ইসুফকে ঠেলে দিবে
প্রিমিটিভ বিন্যস্ততায়; ক্ষেপিদের আঁটোসাটো বুকে
ক্ষেপিদের ঝুলে পড়া অপুস্ট বুকে ক্ষেপিদের সুস্পষ্ট নিরুপিত চিবুকে
শ্রেণীচ্যুত টানজলে বয়সবিহীন লেসবিয়ান বানমাছ
গড়াইর ভাঙ্গনে ধপাশ ঢেঁকিছাটা শরতের লাশ
মুর্দা সাহেবানির কানে কানে ফিশফিশায় স্ট্র্যপ অন বেগম মুর্দাফরাশ
"নেন এবার ভেতর চাপান, আরাম লাগিসে…
আপনি আমাদের সোয়াদের টালন সাই"

স্নিগ্ধতা আসলে অতিস্নিগ্ধাফল অতিরঞ্জন পাথর গাছের প্রার্থনা
একটা শহরের চোখ অন্ধ হলে যেরকম ভারত নাট্যম নিরুপায়

তরশুর আগের দিন জন্মান্ধ স্নিগ্ধার তেইশ বছরের আঙ্গুলগুলা ব্রেইলে লেখা স্বরলিপি ছুঁয়ে
ইসুফের স্নিগ্ধকে দেহ সঁপেছিল

ভিতরে বাইরে পয়মাল; ক্লান্তিনিকেতনে তখন সাঁওতালি শীতকাল

বাসরুট ৪ নাম্বার; ঢাকা ক্যান্টের ইব্রাহিমপুর
থেকে মৎস্যভবন ছড়ায়ে দূর বহুদূর
ফার্মগেট বাস স্টপেজের ভিড়ে ভিড়াক্কার
বিশাল ৪ নম্বর বাসে ভাগ্যগুণে সিট পেয়ে গেলে
মাঝ রাতের ফিরতি পথে সমস্ত মুশকিলের রং আচম্বিতে নিল

মনিপুরি পাড়ার খামারবাড়ির কাছে
২ নং গেটের শেষ মাথায় মিঠুদের আর্ট ম্যাগ অফিসে যেতে

প্রায়ই ইসুফকে চড়তে হতো মিনি ট্রাকমতো ম্যাক্সিতে ২০১১র ফেব্রুয়ারিতে
৬ ফুট সোয়া ২ বিরিঞ্চি হওয়াতে ম্যাক্সি একটু ঝাঁকালেই মাথায় বাড়ি খাবার আশঙ্কা

আশঙ্কায় আশঙ্কায় নাকি পুরুষের ভিড়ে নিরাপত্তার স্বার্থে স্নিগ্ধাদের দুধের ভান্ড
ক্রমশ ছোট হয়ে আসছে এবং জিলাপিরাও একটু একটু করে চুকা চুকা স্যাকারিন

চামড়ার চেকনাইর ভিতর যেমন রসালো দুধের ভান্ড
দুধের ভান্ডের ভিতর তেমন ময়লা ফেলার ডাস্টবিন
ডাস্টবিনের ভিতর ময়লামাখা গায়ে হলুদের ডুলা কুলা
ভাঙ্গা কুলা মুখে একটা নুদুশ কালো ছিটছিট সাদা ককুরকে
ময়লার বিন থেকে বেরোতে দেখে হাতে ধরা জিলাপির স্বাদ

আরো বেড়ে গেলো; আহা চিনিচম্পা-আঠা আহা আহা চিনিচম্পা-আঠালো

এবং একজন ব্যতিক্রমসূচক স্নিগ্ধা জন্মালো
খুব সহজ সেই জন্মতত্ত্ব অথচ অনেকেই জানলোনা যে জিলাপি গরম গরম খেতে হয়
জিহ্বাকে জিলাপিগরমের পরম-পাক্কির স্বার্থে ঢাকাতে মাইক্রোওয়েভের প্রয়োজন পড়লো
কিন্তু পাওয়ার সরবরাহে মহাবিভ্রাট বাধায়
জিলাপি মাইক্রোওয়েভে ঢোকানোর খায়েস থাকলেও উপায় থাকলোনা

কিন্তু পশ্চিমে এত নারীবাদেও এত উপযোগবাদের পরেও
বড় বড় দুধের ভান্ডসমেত চামড়ার চেকনাই অব্যাহত থাকলো
কেউ দুধের ভান্ডকে পশ্চিমে উস্কানিমূলক বলবার সুযোগ পেলোনা
ফলে জিলাপির সাথে দুধের ভান্ডের
দুধের ভান্ডের সাথে মাইক্রোওয়েভের কোন বিরোধ বাধলোনা

এবং প্রচুর স্নিগ্ধা জন্মাতে থাকলো পশ্চিমে কিন্তু প্রাচুর্যে তো কারোই বিশেষত্ব চোখে পড়েনা

প্লাস্টিক পিঙ্গল সিন্থেটিক সেই সর্বনামি স্নিগ্ধাগণ ঝমঝম ঝমঝম শব্দের ভিতর অনেক অনেক বাবুই পাখি
আমাদের নাম কী হবে নাম কী হবে বলে ভবের হাটের জোড়ায় জোড়ায় মুর্ছনা এইবেলা আকাশে
এই বেলা বিকারের ঘোরে স্বয়ংক্রিয় কম্পিউটারে দাগানো কামানে; টুলেটে সাবলেটে বুলেটের
বেঘোর বর্ষায় গলছে বাবুইয়ের বাসা জোড়ায় জোড়ায় বাবুই পাখি বেলাবেলি ভালোবাসায় মুখোমুখি

সেক্স চেঞ্জ করায়ে স্নিগ্ধকে পরালাম স্নিগ্ধার ব্লাউজ পেটিকোট প্যান্টি জিন্স অনেক কিছুই
স্নিগ্ধ তারপরেও নগ্নই থেকে গেল দেহজটিলতা কখনোই স্নিগ্ধাকে পেলনা
মাছরাঙ্গা একক অডানায় চাক্ষুষ রক্তমাংসের বুভুক্ষায় স্নিগ্ধ ইচ্ছা করলেই পারে স্নিগ্ধা ইচ্ছা করলেই পারে
জুলেখা ইচ্ছা করলেই পারে ফাটাতে পালঙ্কের পায়া কিন্তু ছায়া কাঁপায় কার আর কতটুকু লাভ

জানুয়ারি-এপ্রিল/২০১২