২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গীতিগুচ্ছ

মাসুদ খান মাসুদ খান

Published : 10 Aug 2011, 06:42 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
mk240.jpg

১.
দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, ঘোর নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা।

আগুনকে বশ করছে পবন
পবনকে বশ করে কোন্ জন?
তরলে বায়ুর শাসন মণিতে আয়ুর আসন, অন্বেষা…
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, ঘোর নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

মাটি ও লবণ, দুজনেই বশ জলের কাছে
মোম থাকে ভীরু, গলনপ্রবণ, আগুনের আঁচে
মোমে ও মাটিতে, লবণে-পবনে, আগুনে-পানিতে সব মেশা…
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

দেহখানা এই দেহ নয় ঠিক, ঘোর সন্দেহ, ঝুম নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

একে তো ভীষণ মাটির তাপ
তার ওপর ফের পবন-প্রতাপ
কোন্‌দিন এই চিলেকোঠা ফেলে কোথা যে পালাই, হারা দিশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, ঘোর নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা ॥

২.
আঁচলে করে আগুন আনতে যাও তুমি দূর বনে
কোন-সে আগুন, কী-বা দোষগুণ, কিছুই তা না জেনে ॥

বনের আগুন হু-হু করে ছোটে
আগুনে ছুঁলেই কলঙ্ক রটে
জাতকুলমান সবই যায় চ'লে কোন্ বা কুলক্ষণে।
আগুন আনতে যাও তুমি দূর বনে ॥

আঁচলে করে আগুন আনতে যাও তুমি দূর বনে
কোন-সে আগুন, কী-বা দোষগুণ, কিছুই তা না জেনে ॥

আহা রে আপন ধর্মের কাছে
আগুন কেমন বশ হয়ে আছে!
বলা তো যায় না, কখন কী ঘটে বনের নির্জনে।
আগুন আনতে যাও তুমি দূর বনে ॥

আঁচলে করে আগুন আনতে যাও তুমি দূর বনে
কোন-সে আগুন, কী-বা দোষগুণ, কিছুই তা না জেনে ॥

কে জলে কৌশলে আগুন মেশায়
আকুল-করা এক অবাক নেশায়
ঘোরের ভেতর কেটে যায় কাল, ব্যাকুল অন্যমনে।
আগুন আনতে যাও তুমি দূর বনে ॥

আঁচলে করে আগুন আনতে যাও তুমি দূর বনে
কোন সে-আগুন, কী-বা দোষগুণ, কিছুই তা না জেনে ॥

৩.
বাতাস তোমার আভাস এনে দিলো
সেই আভাসে তোমার খোঁজে যাই
খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম
এখন তো আর ফেরার আশা নাই ॥

একঝলক দেখেছিলাম তোমায়
বিজলিদিনে, ছায়া-ছায়ার মতো
ওই একবারই দেখা আমাদের
হঠাৎ-আলোয় হঠাৎ-ছবির মতো।
তারপর তো কিছুতে হায় আর দেখা না পাই
এখন তো আর ফেরার আশা নাই ॥

বাতাস তোমার আভাস এনে দিলো
সেই আভাসে তোমার খোঁজে যাই
খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম
এখন তো আর ফেরার আশা নাই ॥

তোমায় খোঁজা এখন আমার হায়
সারাদিনের সারাক্ষণের নেশা
জাগরণে স্বপ্নে ধ্যানে শুধু
তোমার মায়া তোমারই ঘ্রাণ মেশা।
তোমার খোঁজে সাগর পাহাড় কত কী ডিঙাই
এখন তো আর ফেরার আশা নাই ॥

বাতাস তোমার আভাস এনে দিলো
সেই আভাসে তোমার খোঁজে যাই
খুঁজতে খুঁজতে অনেক দূরে এলাম
এখন তো আর ফেরার আশা নাই ॥

৪.
ভিন্ন ভুবনে ভিন্ন নদীর বাঁকে
আমার বন্ধু নদীর কিনারে থাকে ॥

নাম তো জানি না, ধাম তো চিনি না, তা-ও
বন্ধু আমার বিরাজ করে কোথাও না কোত্থাও!

দূরে তার দেশ কাঁপা-কাঁপা রূপকাহিনির মতো কাঁপে
বন্ধু আমার নদীর কিনারে থাকে…

অপর ভুবনে অপরা নদীর বাঁকে
আমার বন্ধু নদীর কিনারে থাকে ॥

তার দেশ থেকে আসে সন্দেশ সন্ধ্যাবাতাসে ভেসে
অচেনা পুলক শিহর তুলছে পুরনো শরীরে এসে
কিছু তার পাই অচেনা হাওয়ায়, আর কিছু পাই ডাকে
আমার বন্ধু নদীর কিনারে থাকে…

ভিন্ন ভুবনে ভিন্ন নদীর বাঁকে
আমার বন্ধু নদীর কিনারে থাকে ॥

৫.
বহুকাল পরে তীর্থ বসেছে দূরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে ॥
মন যেতে চায়, আহা কীভাবে যে যাই!
ঠিকানা জানি না, পথও চিনি না, হায়
শেষ নৌকাটি সেও গেছে ছেড়ে কোথায় যে কোন্ দূরে!
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে…

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে ॥

বহু ধাঁধাপথ বহু ঘুরপথ ঘুরে
তা-ও যদি পারি পৌঁছি রাতদুপুরে
যাব পথে পথে হারিয়ে হারিয়ে পথহারানোর সুরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে…

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে ॥

তুমি যদি যাও একই তীর্থের পথে
আমারে মিশায়ো তোমারই রূপের স্রোতে 
আমারে মেশাও আর বয়ে নাও অরূপ রূপের সুরে
                          তোমার অরূপ রূপের সুরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে...

বহুকাল পরে তীর্থ বসেছে দূরে
আলো জ্বলে আজ ওই দ্যাখো ওই উজ্জ্বল রূপপুরে ॥

৬.

তোমার    হাত ফসকে আসলো উড়ে একটি পাখির পালক
পালক     ফেলল ধরে খপ করে এক মিথুন রাশির বালক ॥

বইছে হাওয়া জোরে
মধুমাসের ভোরে
বালক, কোন্ আড়ালে এসে দাঁড়ালে ধরতে নরম আলোক!
হাত ফসকে আসলো উড়ে একটি পাখির পালক

তোমার    হাত ফসকে আস্‌লো উড়ে একটি পাখির পালক
পালক     ফেলল ধরে খপ করে এক মিথুন রাশির বালক ॥

মিথুন রাশির এমনই ধারা
উজান দিকে বইয়ে ধারা
ফিরতে পারে ভাটির ধারে উথালপাথাল ঝলক
হাত ফসকে আসলো উড়ে একটি পাখির পালক

 
তোমার    হাত ফসকে আসলো উড়ে একটি পাখির পালক
পালক     ফেলল ধরে খপ করে এক মিথুন রাশির বালক ॥

৭.
ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে
মাকড়সা যায় অন্য কাজে, বিষের সন্ধানে ॥

	ভ্রমর যায় গুনগুনায়
	প্রজাপতি অযথায়
এমনি-এমনি যায় সেখানে রূপের আকর্ষণে
ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে ॥

ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে
মাকড়সা যায় অন্য কাজে, বিষের সন্ধানে ॥

	
জাদু আছে ফুলের কাছে
	যে যা চায় সবই আছে
যে যেমনটা নিতে জানে গিয়া ফুলবনে
ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে ॥

ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে
মাকড়সা যায় অন্য কাজে, বিষের সন্ধানে ॥

	রসের কাছে রসিক বশ
	যেমন রসিক তেমন রস
সবার আগে রসিক জানে ফুল ফোটার মানে।
ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে ॥

ফুলের কাছে মৌমাছি যায় মধু-আহরণে
মাকড়সা যায় অন্য কাজে, বিষের সন্ধানে ॥

৮.
মাছরাঙার রূপের ছটায় পাগল হলো মাছ
এই-না বুঝি কখন জানি ঘটে সর্বনাশ ॥

চঞ্চু রঙিন, পালক রঙিন, রঙিন নিঃশ্বাস
সম্মোহনে ক্ষণে-ক্ষণে রঙিন অনুপ্রাস
এই-তো বুঝি কখন জানি ঘটে সর্বনাশ ॥

মাছরাঙার এক ইশারা
মাছ তাতেই দিচ্ছে সাড়া
জাদুর জোরে শিকার পরে শিকারীর ফাঁস
এই-না বুঝি কখন জানি ঘটে সর্বনাশ ॥

দুই জীবে দুই স্বভাব
জল আর ডাঙার প্রভাব
মায়ার ঘোরে তীর ছোড়ে প্রেমের দেবরাজ।
এই-না বুঝি কখন জানি ঘটে সর্বনাশ ॥

একই তীরে দুজন ফানা
যুগলরূপে প্রেমসাধনা
নতুন করে তৈরি হলো প্রেমের ইতিহাস।
এই-তো বুঝি কখন জানি ঘটে সর্বনাশ ॥

৯.
পথ দেখালে, পথে নামালে, পথের কোনো পাথেয় দিলে না
থেমে ছিলাম, গতি পেলাম, গতির তো আর যতি মিলে না ॥

               চলছিলাম সহজ-সোজা পথে
               কি জানি কোন্ দুষ্ট গ্রহের দোষে
মন ঘুরে যায় বাঁকার ঘোরে, এদিক-সেদিক, হিসাব মিলে না
                        কিছুতে সেই হিসাব মিলে না

পথ দেখালে, পথে নামালে, পথের কোনো পাথেয় দিলে না
থেমে ছিলাম, গতি পেলাম, গতির তো আর যতি মিলে না ॥

                 বাঁকা পথের শেষে গভীর বন
                 পথ হারিয়ে মনটা উচাটন
সকল      চলার শেষে কোন্ চলাচল, কী ফলাফল, তা-ও জানিলে না

পথ দেখালে, পথে নামালে, পথের কোনো পাথেয় দিলে না
থেমে ছিলাম, গতি পেলাম, গতির তো আর যতি মিলে না ॥

লেখকের আর্টস প্রোফাইল: মাসুদ খান
ইমেইল: masud_khan@yahoo.com

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters


Free counters