২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মাসুদ-এর ‘ধর্ষিতা’ ও অন্যান্য কবিতা

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 16 Jun 2022, 10:51 PM

Updated : 22 Jul 2022, 02:45 AM


নিস্তব্ধতা

মৃদুমন্দ হাওয়া নিস্তব্ধতা বহন করে চলেছে
পাহাড়ের খতের ওপর দিয়ে
মানুষের আশা-বিলাস আর টানাপড়েনের
ভেতর দিয়ে বইছে ঝিরঝির হাওয়া
মহাশূন্যে ভেসে থাকা শিলাখণ্ডের পাশ দিয়ে
বয়ে চলেছে স্তব্ধতা —–
অন্যমনস্কতার সুড়ঙ্গ পথে তার যাওয়া-আসা

এই অশেষ শান্ত স্তব্ধতা
একদিন ঘুমিয়ে পড়বে ভুবন ডাঙার বাঁকে
আর তখন আমরা জেগে উঠবো
শাদা গোলাপের নির্লিপ্ত চাহনির ভেতর!

ধর্যিতা

দু হাঁটুর মাঝখানে মাথা রেখে
সে বসে থাকে অনির্দিষ্টকাল …..
দু' হাঁটুর মাঝখানে অশেষ অন্ধকার

মা এসে হাত রাখে তার মাথায়
বোন এসে হাত রাখে
তার কিংকর্তব্যবিমুঢ়তার ওপর
স্বামী হতভম্ব দাঁড়িয়ে থাকে কাঁটাগাছের নিচে
পুরুষতান্ত্রিক বাঁকা হাসির নিচে চাপা পড়ে
তার কান্না অশ্রুচিহ্নহীন

বাকি জীবন সে খালি হেঁটে বেড়ায়
বালুনদীর পায়ে হাঁটা পথে, সিকি জোছনায়!

অন্ধকারে

অন্ধকার বারান্দায় দীর্ঘ সময় বসে থাকি কেন?
নিজের অনেক ভেতরে ডুব দেবো, তাই
তেলাপোকারা একে একে বেরিয়ে আসে
গভীর অন্ধকারে
আমি তাদের আঁধার ভ্রমণ দেখি
আর দেখি কীভাবে তারা
শুড় দিয়ে চাখে আঁধারের স্বাদ!

ম্যাদামারা দিন ভালো হয় না সহজে
অন্ধকারে ওয়েদার কক
কোনদিকে মুখ করে দাঁড়ায়
আমি জানি না
শুধু জানি অন্ধকারে নিজের ভেতর
ডুবে যেতে যেতে স্মৃতিমগ্ন হওয়া যায়
শোনা যায় বিলুপ্ত পাখিদের গান!

পরাবাস্তব

মধ্যদুপুরে ডাস্টবিন কুকুরের কুরুক্ষেত্র। হঠাৎ
ওভারব্রিজ ভেঙে পড়ে, ঘোলা জলে ভাঙা প্রেম
বিরক্তির কটু রোদে ভেসে চলেছে কাটা পা, হাত
ভেসে আসছে বাঘের কাটা মাথা, চশমার ফ্রেম!

এই ভালো

সন্ধ্যাবেলায় মুলমুলে হাওয়া ওঠে
ঝিঁঝিঁরা কোরাস শুরু করবে কি না
এখনই, বুঝে উঠতে পারে না
ময়লা চাঁদ মুচকি মুচকি হাসে জলাভূমির ওপর
কালো পানির ওপর ভাসে বেগুনি মাইক ফুল

রুদ্র নদীর দুই পাড়ে খসখসে হাওয়া ওঠে
কে জানে তখন কেন ফোটে
ম্লান আশা — ছোট ছোট আশা!

সন্ধ্যা বেলায় আমি বুঝি এই ভুবনছবি
এই ভালো, জীবনের সাদা-কালো
যাবতীয় সংশয়; অনিশ্চিত ঘৃণা-ভালোবাসা!