উরোজের বোঁটায় বিষ
সকলেই যাচ্ছো যাও, যাও, যাও…
ক্লান্ত হয়ে পড়ে আছে দূর্বাদল ঈষিকারা-
বিছুটি, জলবিছুটি, রাংচিতাদের সঙ্গে নিয়ে।
আমার কবিতার আখ্যান এখন বেকেটের জ্ঞানের-
শুকিয়ে যাওয়া গাছের গর্ভকেশর।
পৃথিবী এখন উষ্ণ, উষ্ণ, প্রচন্ড উষ্ণ…
অনুভূতির মৃদু বাতাস এখানে, ওখানে, সবখানে
পঞ্চভূতে লীন হয়ে যায় অন্তর্জলি নাভিস্নানে।
কান্নার বছরে ক্ষুধার্ত বাঙালির বাড়িতে
আবারও সাপ সাঁতার কাটে,
বিত্তশালীদের হতাশার সিরিঞ্জগুলি-
একাকী কক্সবাজার সমুদ্র সৈকতে,
চারদিকে অঘোষিত যুদ্ধের লুন্ঠন
কোনো চিত্রই আর আকাশ করে না ধারণ।
এখনও এখানে নারী এবং প্রকৃতি,
অসতর্ক মিথের সাথে লড়াই করা
শরীরের ল্যান্ডস্কেপে বারবার
পৌরুষ'র জীবাণুতে বিধ্বস্ত হয়।
এটা আমার 'মা'র কোনো হ্যাজিওগ্রাফি নয়-
হ্যাজিওগ্রাফি নয় বলেই,
ইলেক্ট্রা তার প্রাপ্ত শরীরের সমস্ত শুক্রাণু ছুঁড়ে দিয়ে
উরোজের বোঁটায় মেখে নেয় প্রাণঘাতি বিষ।
অতএব হোমরিক স্তবক নয়-
যেহেতু 'বেগম পত্রিকা' পড়ুয়া 'মা' আমার
এখন সূর্যের কাছাকাছি,
তাইতো সে আমারই আত্মা
আমার প্রকৃতি।
আমার বসবাস এখনও তারই গর্ভে,
'মা' আমার প্লেটোর গুহা
মহাকাশের কৃষ্ণগহ্বর
একটি কারাগার
একটি স্নেকপিট
একটি একমুখী রাস্তা-
আসব, আসব, আসব,
বিদ্রোহ, বিদ্রোহ, বিদ্রোহ।
