এনামূল হক পলাশ-এর একগুচ্ছ কবিতা
ফের্নান্দো সিসলোর চিত্রকর্ম
চাকা
চাকা ঘুরছে চাকা ঘুরছে
প্রগতিতে মানুষ উড়ছে।
চাকার পৃথিবীর সামনে দেয়াল
সেদিকে বেহুদা মানুষের খেয়াল।
দেয়ালে পাশে দাঁড়িয়ে মানুষ
ঠুকছে মাথা হচ্ছে বেহুঁশ।
মাথা থেকে রক্ত ঝরছে
রক্ত বেয়ে পায়ে পড়ছে।
প্রচন্ড ক্লান্তিতে বিশ্রামে যাচ্ছে
তা থেকে জীবনের স্বাদ পাচ্ছে।
আবার দেয়ালে দাঁড়ায় মানুষ
মাথা ঠুকে আবারও বেহুঁশ।
হা কৃষ্ণ চাকা এনেছো
মানুষের মগজ কিনেছো।
তোমার চাকায় আমার রক্ত
আমরা সবাই চাকার ভক্ত।
চাকায় ঘুরছে বেহুদা জীবন
সূর্য্যও একটি চাকার কিরণ।
দৌড়
হাটে ঘাটে বাজারে দপ্তরে দপ্তরে
দৌড় প্রতিযোগিতা হচ্ছে।
সবাই দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন
কিন্তু কেন দৌড়াচ্ছেন কেউ জানেন না।
সবাই সবার সাথে হাঁপাতে হাঁপাতে
দৌড়াতে দৌড়াতে ছুটে চলছেন
কিন্তু কোথায় যাচ্ছেন জানেন না।
দিকে দিকে দৌড় প্রতিযোগিতা হচ্ছে
কিন্তু গন্তব্য নেই বলে তার পুরস্কারও নেই।
আমাদের বাড়ির পাশে ইটা ক্ষেতে
দৌড় প্রতিযোগিতা হচ্ছে,
আমি সেখানে দৌড়ে যাচ্ছি
আপনিও দৌড়ে চলে আসুন।
আসুন আমরা দৌড়াতে দৌড়াতে
মৃত্যুর দিকে ধাবিত হই আর
নিজেকে শান্ত রাখি এ কথা ভেবে
আয়োজকরাও দৌড়াতে দৌড়াতে
মৃত্যুর দিকেই ধাবিত হবেন।
দাস ফুল
শেকলে শুকড় বন্দী
মুচিদের পাড়ায় পাড়ায়,
ঘরে ঘরে মানুষ বন্দী
শ্বাস নিয়ে বেঁচে থাকা দায়।
কেন যে পেলাম এই জীবন
ভং ধরা জং ধরা ঠাঠানো ভীষণ।
যেই ঘরে আমি থাকি তার আছে
সুতীব্র দহন,
সেই ঘরে দাস বস্ত্র করেছি ধারণ।
ঘরে ঘরে দাস বংশ বেড়েছে অনেক
চলনে বলনে আছে সুখের আকড়,
হৃদপিন্ডহীন বুক দিলেই চিতিয়ে
হওয়া কি যাবে সুখি সওদাগর?
অলংকার গায়ে দিয়ে দাসবংশ বাড়ে
সুবর্ণ খচিত বস্ত্র উড়ে দাসঝাঁড়ে।
পৃথিবীর পথে পথে দাস বাগানে
দাস ফুল ফুটে আছে স্থানে অস্থানে।
বিস্মৃতি
সময় ভুলিয়ে দেয় সময়ের ক্ষত,
সম্ভবত
সব প্রেম প্রয়োজন থেকে ধাবিত।
জীবন একটি তাড়া খাওয়া শুকড়
যার
আসলে নেই কোনো ঘর।
হাঁসফাঁস করতে করতে সে এগিয়ে যায়
পেছনে
ফেলে যাওয়া ঘরের দিকে তাকায়।
ফিরে আসার জন্য নির্মাণ করা হয় ঘর,
তবুও
তারা কেউ ফিরতে পারেনা আর।
ফিরতে না পারায় মানুষ ঘর ভুলে যায়
প্রেম
ভুলে ছুটতে থাকে শিকারের নেশায়।
পৃথিবী নির্মাণ করতে করতে
মানুষের দল অনন্তের দিকে তাকায়,
দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষ তার
পিতৃ পুরুষের কবর ভুলে যায়।
