২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূরবী বসুর ‘যাত্রা অনিঃশেষ ’

পূরবী বসু

Published : 15 Jun 2016, 10:12 PM

Updated : 22 Jul 2022, 02:45 AM


প্রহর গুনি

প্রহর! সে তো কেটেই যাবে কোনমতে।
হোক তা মন্দ কিংবা মধুর আলাপনে।
সাতটি দশক পার করেছি দুঃখে সুখে প্রহর গুনে,
উপেক্ষাকে জয় করেছি প্রতীক্ষাতে স্বপ্ন বুনে।
সময়! সে তো বল্গা হরিণ, হাউই ফানুস,
সময়! সেতো পালকি চড়ে, ঘোড়ায় চেপে চলার মানুষ।
সময়! সেতো চিলতে রোদে দমকা হাওয়া, দীঘল রাতে বিজলী বারি,
সময়! সে তো বিরতিহীন, ফিরতিবিহীন, সামনে-চলা রেলের গাড়ি।
জীবন এখন এক দশক বা তারো চেয়ে অল্প বাকি,
উপেক্ষা আর অবজ্ঞা তাই সযতনে ঢেকে রাখি।
সময়? সেতো কেটেই যাবে কোনমতে।
হোক তা মন্দ কিংবা মধুর সমাপনে।

যাত্রা অনিঃশেষ

আগে ভাবতাম আকাশটাই শুধু বড়
আর বড় বন, সুনীল সাগর, সূর্য প্রখঢ়।
পাহাড়ের অসংখ্য উঁচুনিচু ছোটবড় চূড়া দেখেও ভেবেছি
ওরা গগনচুম্বি বিস্তীর্ণ লীলাভূমি।
কখনো ভাবিনি, তার চেয়েও সবিস্তারে
ছড়িয়ে আছো তুমি; ছিটিয়েছো নিজেকে প্রতিটি জনপদে।
যেখানে তাকাই, যেদিকেই যাই, সর্বত্রই দেখি তুমি,
এতো বেশি বিস্তীর্ণ, এতোটাই চূর্ণবিচূর্ণ,
যেন অবারিত ধূ ধূ মরুভূমি।
গাছের কচি পাতা, ফুলের পেলব পাপড়ি,
দেয়ালে গড়িয়ে পড়া জলের সরু রেখা,
শিশুর ফুরফুরে নরম কেশগুচ্ছের চাইতেও
হালকাপাতলা তোমার বসবাস; যাতায়াত এখানে ওখানে।
খানিকটা মাকড়সার জালের মতো,
এক মুঠো হাওয়ার মতো, পাখির পালকের মতো,
মসলিন শাড়ির মতো, পেঁজা তুলার মতো,
চোখের পাপড়ির মতো ভারহীন।

কী ভীষণ অহমিকা তোমার!
মুহূর্তের দর্শন কিংবা এক পশলা হাসি দিয়ে
সহস্র প্রতীক্ষার রাত্রির ক্লান্তি তুমি ঘুচিয়ে দেবে!
এতোই সহজ! এতোটাই সরল সমাধান!
তা হয় না আর। তোমাকেও গুটাতে হবে সুতা।
আকাশ থেকে টেনে এনে লাটাইতে ভরবে তা।
দেখবে, নীলাকাশের গভীরতা কেমন প্রশান্তি এনেছে।
এখানে ওখানে ভেসে যাওয়া সাদা মেঘের আনাগোনা,
ধূমায়িত চলা, হাতছানি, করতালি সব শেষ ততক্ষণে।
আর তখনই টের পাবে চন্দ্র-স্নাত রাতে
জ্যোৎস্নায় ধৌত চারধার কী অপূর্ব ঝলমলে !
দেখবে তোমার খন্ডিত ভুবন আমার সৌরস্পর্শে
কী আশ্চর্য সুন্দর আর বলীয়ান।
আর তা না হলে এখানেই সব শেষ।
যদিও জানি অমাবস্যা কাকে বলে জানার সুযোগ হয়নি তোমার।
হবেও না কোনদিন, তবু এ যাত্রা হবে অনিঃশেষ।