ইন্ডি আরি: আমি রোশনাই
ইন্ডি আরি বা ইন্ডিয়া আরির জন্ম ৩ অক্টবর ১৯৭৫। আরি একজন সংগীতশিল্পী, সংগীত-স্রষ্টা, ও অভিনেতা। এক সংগীত-প্রেমী পরিবারে জন্ম; অল্প বয়েস থেকে নিও-সৌল (neo soul) সংগীতসৃষ্টি ও পরিবেশনের জন্য সুবিদিত। ২০০১ সালে ২৬ বছর বয়েসে প্রকাশ পায় তাঁর প্রথম এলবাম, 'একুস্টিক সৌল'। এলবামটি খুব শীঘ্র ত্রিশ লক্ষ কপি বিশ্বজুড়ে বিক্রি হয়। এর পর আজ পর্যন্ত তাঁর সংগীত জীবন সৃষ্টি-সমৃদ্ধ ও ব্যতিক্রমী। তাঁর সংগীতের এলবাম লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে থাকে। এখনো পর্যন্ত তিনি তাঁর সংগীতজীবনে একক ও সমষ্টিগতভাবে চারটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ক্যাটেগরিতে। এছাড়া ঊনিশটিতে নমিনেশন পেয়েছেন। গ্র্যামি ছাড়াও অনেক পুরস্কার ও সম্মান তিনি পেয়েছেন যা কম শিল্পীই লাভ করেছেন।
ইন্ডি আরির একটি বিখ্যাত গান 'I am light' — তিনি গ্র্যামির মঞ্চ ছাড়াও বহুবার পরিবেশন করেছেন; গানটি প্রথমবারের মতো বাংলায় অনুবাদ করে গাওয়া হয়েছে, যা নিচে শ্রদ্ধার সঙ্গে তুলে দেওয়া হলো।
আমি রোশনাই
ইন্ডি আরির 'I am light' থেকে অনুপ্রাণিত
অনুবাদ – আনন্দময়ী মজুমদার
আমি রোশনাই, আমি রোশনাই
আমি রোশনাই, আমি রোশনাই
আমি রোশনাই , আমি রোশনাই
আমি রোশনাই , আমি রোশনাই
আমি পরিবারের কর্ম নই
মাথার ভিতর কণ্ঠ নই
আমি তো আমার ভিতর ভাঙা টুকরো নই।
আমি রোশনাই।
আমি তো আমার ভ্রান্তি নই
ব্যথার যত উত্স নই
আমি তো আমার ফেলে-আসা স্বপ্ন নই।
আমি রোশনাই।
আমি তো চোখের রং নই।
আমি তো আমার চামড়া নই।
বয়সটা নই, জাতটা নই, ভিতর জুড়ে
শুধু রোশনাই।
আমার অন্তর বিশ্বময়
আমার ভিতর জাগেন ঈশ্বর।
মহাজগতের টুকরো আমি,
আমি রোশনাই।।
