২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়ুখ চৌধুরীর একগুচ্ছ কবিতা

ময়ুখ চৌধুরী

Published : 10 Feb 2022, 08:16 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: ম্যাক্স এর্নস্ট-এর যুগল

অক্ষমতা

পরীক্ষায় 'ধরা' দিয়ে পাঁচটি বাক্য ঠিকই পারতাম।
তবু,
বইমেলা ধরতে শিখিনি।
লেখক হওয়ার স্বপ্ন হয়তো-বা থেকে যাবে মলাটবিহীন।
নাদানের মতো তবু লিখে যাচ্ছি ছাইপাঁশ সব।

এসব ইতরছানা
—তাদেরও তো শীত লাগে, গরম কাপড় কিংবা ছালা
—এ রকম বিবেচনা অলস চাদর ছেড়ে বেরোতে শেখেনি।
কেবল পাখির মতো ডিম-পাড়া, প্রাকৃতিক আনন্দই সার,
কী করে অমলেট ভেজে খেতে হয়
আজও শেখা হলো না আমার।

০৯.০২.২০১৩

হোমারের চোখ

মাছেরা ঘুমিয়ে গেলে তাদের দু'চক্ষু জেগে থাকে,
এই দৃশ্য দেখে তুমি অন্ধ পাপ রচনা করেছ।
একবারও তাকালে না তুমি—
অজস্র পাতার চক্ষু নিয়ে
বৃক্ষগুলো চেয়ে থাকে জানালার পর্দাখোলা চোখে।

জটিল ঘুমের ঘোরে নদীর দু'তীর যদি
চোখের পাতার মতো কোনোদিন এক হয়ে যায়,
মোহনায় যাবার আগেই
মৃত্যু হবে তার।

এ সব দৃশ্যের কথা ভেবে
অগ্নিকাণ্ড বুকে নিয়ে সারা রাত জেগে থাকে ধ্রুপদী হেলেন।
চক্ষুষ্মান অন্ধদের এই দৃশ্য দেখাবেন বলে
পৃথিবীতে হোমার এলেন।

১৩.১০.২০১১

কুদৃষ্টি

সবে মাত্র বয়ঃসন্ধি হলো
এখনও তো পাণ্ডুলিপি তুমি,
যথাযথ প্রকাশিত হওনি এখনো।

তবু,
অসতর্কতার ভান করে
কম্পিত হলুদ গেঞ্জি
কেন দিচ্ছ মৃদু বিজ্ঞাপন?

প্রুফ-রিডারের কাছে এসবের কোনো মূল্য নেই।
প্রকৃত পাঠক হলো উইপোকা,
তুমি দেখে নিও।

১১.০২.২০১৩

আদিতমা

আদিতমা বলো আর প্রাকৃতিক বলো
মানুষ সাঁতার কাটে শরীরের লবণাক্ত জলে,
পর্বত আরোহী হয় মাংসের স্তবকে।
ঢেউয়ের ওপরে ঢেউ উঠে আসে বিপরীতক্রমে
এখনও মানুষ ঘামে প্রেমে আর শ্রমে,
তারপর ক্লান্তি নামে, শস্যের বিরহী কারুকাজে।

তবুও হয় না শেষ প্রকৃতির খেলা,
বিষণ্ন উত্থান ছেড়ে
নুড়িখেলা কড়িখেলা
শাদাচুলে কাশফুল খেলা।
বিরতিবিহীন নদী আজও পায় সমুদ্রের দেখা।

শরীরে আগুন রেখে চাঁদ দেয় জোয়ারের আলো
যদিও তোমার
পৃথিবী অনেক দূরে, তবু আজও ভালো।

২৩.০২.২০১২


রেস্তোরাঁয়

মুখোমুখি দু'টি কাপ
উষ্ণ মুখাপেক্ষিতার ভাষা।
অন্যান্য টেবিল থেকে ছুরি আর কাঁটাচামচেরা
তাকিয়ে দেখছে।

ওদেরও-বা দোষ দেবো কী!
শীততাপ-নিয়ন্ত্রিত থাকা
কীভাবে সম্ভব!

কফির উড়ন্ত ধোঁয়া, ওদিকের গরম নিশ্বাস
উড়ে আসছে টেবিলের এদিক,.
তোমার ঐ উদ্ভাসিত কফির ফেনায়;
ভেজা ঠোঁটে।

তোমাকে সুন্দর হতে মানা করিনি তো,
তাই বলে এ রকমভাবে!

১২.০৩.২০১৩

গোলাপ-প্রদর্শনী

১.
ভদ্রমহিলা খুব আন্তরিকভাবে বোঝাতে লাগলেন— গোলাপের বৈচিত্র্য, মধ্য এশিয়ায় তারা কতোরকমের। কথায় আমার মন নেই; আমি তার আঙুলের নৃত্যশিল্প দেখি। গোলাপি-রঙের ডগা, যেন এইমাত্র তিনি দীর্ঘস্নান সেরে এসেছেন।
—'বুঝেছেন?'— তিনি বললেন— 'প্রায় ১৫০ কাল্টিভার, আই মিন প্রজাতি। এর মধ্যে ওয়াইল্ড রোজ আমাদের এদিকে দুর্লভ। এবার দেখুন এই স্পেসিস…।'
তিনি বলে চলেছেন, আমি শুধু দেখে যাচ্ছি তাঁকে। কয়েকটা অবাধ্য চুল ঢেকে দিচ্ছে লাল গণ্ডদেশ। এই ফুল কোন দেশে থাকে!

২.
বৈচিত্র্য গুনতে গিয়ে যে সংখ্যাই বলুন-না কেন, আমি জানি তাঁর হিশেবে নিশ্চিত একটা কম হবে।

৩.
—'জানেন তো গোলাপ কেন কালো হয়?'
—'বুদ্ধদেব বসু ভালো জানে। আমি জানি লাল কেন হয়।'
—'কেন?'
—'কেউ তাকে যখন সুন্দর বলে ফেলে।'

৪.
—'আপনি খুব সুন্দর বলেন।'
—'সুন্দরীর অবদান ছাড়া কিছুই সুন্দর হতে পারে না কখনো।'

৫.
—'মজার ব্যাপার হলো, গোলাপ যে সুন্দর, গোলাপ কি জানে?'
—'জানে। গোলাপ জানে বলেই জন্মের আগেই নিয়োজিত করে রাখে কাঁটার প্রহরী।'

৬.
'চমৎকার! ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আচ্ছা, এবার বলুন, কোন রকমের চারা আপনি নিতে চান?'
—'চারা না, চারা না। দুই-একটা ফুল ফুটিয়েছে, এমন গোলাপগাছ পাওয়া যাবে— মধ্যবয়সিনী?'

১০.০৭.২০১০

আমার মন

ওকে নিয়ে আমি আর পারছি না— বেয়াড়া, নিলাজ,
যখনতখন আমাকে অস্থির করে,
উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজি।

ঘুড়ির মেলায় কিংবা সাপের খেলায়, যখন যেখানে দেখে
যাকে-তাকে ভালো লেগে যায়। বীথিদের পাশের বাসায়
কারো গান শোনে, নাকি দেখে?

বারবার ধরে আমি আবার উধাও হয়ে যায়।
কিছুদিন পর পর এ রকম উপদ্রব কতো সওয়া যায়!

এতো করে বোঝালাম, যখন তখন খুশি যেখানে সেখানে যেতে নেই,
দিনকাল ভালো নয়, হররোজ ছাপা হচ্ছে নিখোঁজ সংবাদ,
বীভৎস ঘটনা সব কিলবিল মাথার ভিতর।

দু'দিন যেতে না যেতে আবার উধাও।
ভেবেছি দুপুরে ফিরবে, ভয়ে ভয়ে বিকেলের রোদ
সন্ধ্যার আঁধার।
কোথায় খুঁজবো আমি, কাউকে তো বলাও যায় না!
পাহাড়ি ঝর্ণার ধারে, ধাবমান ট্রেনের জানলায়। শেষমেশ দেখি—
'হতাশার মোড়' ফেলে অন্ধকারে ভূত সেজে দাঁড়িয়ে রয়েছে।

শীত আসে, বসন্তও যায়; এ আপদ কেন-যে যায় না!
আর কতো খুঁজবো তাকে, মরুক সে, জাহান্নামে যাক।
ঘরের প্রতিটি বাল্ব্ এখন গভীর ঘুমে, শুধু জ্বলে নিকোটিন বিষ।
'আমাকেও একটান দিও।'
হঠাৎ চমকে উঠি— কে? কে?
দেখি অন্ধকারে—
বদমাশটা বসে আছে কোণের সোফায় হাঁটু মুড়ে।

০৮.০৯.২০১০

আদমের কথা

হাওয়াকে অনেক বুঝিয়েছি।
এ রকম ছোটাছুটি ভালো নয়, শান্ত হও, ধীরস্থির হও;
খানিক বিশ্রাম নাও ঘাসের ওপর,
ফড়িঙের সাথে গল্প করো।

দিন নেই রাত নেই,
জন্মান্ধ প্রেমের মতো এতো আকুলতা অস্থিরতা
রীতিমতো বিপদ-জনক।

দুপুরের রোদে তুমি ঝলসে যেতে পারো,
একটু সুস্থির হও, পুকুরের জলে দ্যাখো ভাসমান তোমার শরীর
নরম ঢেউয়ের মতো হাতছানি দেয়।

হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লেগে যাবে,
গুহার আগুনে বসে থাকো;
এতো ছোটাছুটি ভালো নয়।

রাতবিরেতের অন্ধ বহুতল ভবনের গায়ে
ধাক্কা লেগে ভেঙে যাবে বাতাসের ডানা,
শরীরের ভাঁজগুলো বিদ্ধ হবে ক্যাকটাসে, রক্তপাত হবে।

অনেকভাবেই তাকে বুঝিয়েছি, তবু
নীল ট্রেন ছুটে যাচ্ছে, পেছনে পেছনে তার হাওয়া
রেল-লাইন ছুটে যাচ্ছে, প্রতিবেশী পাথরের ডিমে
আদমের কথাগুলো পড়ে আছে অপেক্ষার হিমে।

১০.১২.২০১২

জাদুবাস্তবতা

রং-পেন্সিলের বাক্সে ঘুমিয়ে রয়েছে সব ছবি।
একটাও ছবি আঁকবো না,
পেন্সিল ঘুমিয়ে থাক কাঠের ভিতরে।

রঙিন ঘুণের পোকা খিদে পেলে খেয়ে নিক নিজ ঘরবাড়ি,
রংবেরঙের জাদু না দেখিয়ে চলে যাক অন্ধ জাদুকর।

সত্যি সত্যি চলে গেল!
রংপেন্সিলের বাক্সে বোবা সব ছবি,
একটাও আঁকবো না, পড়ে থাক কাঠের কফিনে।

খিদে পেলে মরদেহ গিলে খায় নিজ ঘরবাড়ি
পাথরের চেয়ে ভারি পরশবিহীন তরবারি।
এমন রঙের জাদু না দেখিয়ে কোথায় যে গেল!
মাছের পলকহীন চোখ মেলে সকলে পাথর হয়ে দ্যাখে—
রংপেন্সিলের মেরুদণ্ডে ঢুকে বসে আসে অন্ধ জাদুকর।

০১.১১.২০০৯