২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদা ইয়াসমিন সুমি’র একজোড়া তুমি ও অন্যান্য

ফরিদা ইয়াসমিন সুমি ফরিদা ইয়াসমিন সুমি

Published : 31 Jan 2022, 08:24 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: পল গগা

একজোড়া তুমি

কালে কালে, যুগে যুগে,
প্রেমিককে কতকিছুই না বানিয়ে রাখতে উদগ্রীব হয়েছে প্রেমিকারা;
বাহুর বাজুবন্দ, মায়ার কাজল,
কণ্ঠার হার, কোমরের বিছা, সায়ার ফিতা, আরো কতো কতো কী!

আমার শুধু ইচ্ছে করে
স্তন করে রাখি তোমাকে,
বুকের সাথে সেঁটে থাকা
একজোড়া তুমি; যাতে
খুলে রাখা যায় না কিছুতে!
যতই চোখ দিক পুরুষেরা,
নারীরা চাইবে না লোলুপ দৃষ্টিতে!

ঘুমোবো সেঁটে থাকা
একজোড়া তোমায় নিয়ে,
স্নানের ধারাজলে
ভেজাবো পরমসুখে!

প্রেমক্ষিধে

মায়াকাড়া কিছু পাখি
ছায়া নিয়ে উড়ে গেল
লুকোনো ওমের কাছে-
গোপনের মাঝে তার
গান বাঁধা আছে!

রঙছাড়া কিছু মেঘ
মায়া নিয়ে উড়ে গেল
লুকোনো জলের কাছে-
প্রকাশের মাঝে তার
ঢেউ গাঁথা আছে!

রাতচরা কিছু দিন
কায়া হয়ে মিশে মিলে
লুকোনো ব্যথার কাছে-
গোপন-প্রকাশে তার
সুর বিঁধে আছে!

দিনচরা কিছু রাত
হায়া ভুলে হাওয়া হলে
লুকোনো দেহের কাছে
মত্ততার মাঝে তার
প্রেমক্ষিধে আছে!

আত্মপ্রেম

আজ নাহয় থাক
অন্য কোনোদিন শোনাব,
আমার জন্যে
কতটুকু রেখেছে জীবন
তার নিজস্ব বরাদ্দ!
বহুদিন হলো,
প্রেম-ঘৃণা, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ
এইসব কাজ করে না আর,
তবু সরে এসেছি আত্মহননের মতো
অভ্যস্ত চেতনা হতে,
যাকে তোমরা
কাপুরুষোচিত ঘৃণ্য-নীতি বলো!

আজ নাহয় থাক
অন্য কোনোদিন শোনাব,
উজাড় করে
কতটুকু দিয়েছে নারী
সঞ্চয়ের ঐশ্বর্য থেকে!
বহুকাল গেল
দিন-রাত্রি, ভাঙা-গড়া, জোয়ার-ভাটা
এইসব বিচলিত করে না আর,
তবু মগ্ন হয়েছি আত্মপ্রেমের মতো
অনভ্যস্ত প্রেরণাতে
যাকে তোমরা
আত্মকেন্দ্রিক ঘৃণ্য-রীতি বলো!

কাম্পিল্য

ছোট্ট একটা উপহার দেবো বলে আন্তরিক নিষেধাজ্ঞা দিয়েছি সহাস্যে,
তোমার পাতায় আমার কবিতা ছাপানোতে!
জানি তো,
কিছু পেতে হলে অনেককিছু ছাড়তে হয়!

শুধু তোমাকে কাম্পিল্য দেবো বলে,
ভ্যানিটি ব্যাগের কোণে থাকা ছোট্ট
সুগন্ধি-শিশির সবটুকু ঘ্রাণ শরীরে মেখে
আবার তুলে নিয়েছি
ছিপি-আঁটা শিশিতে!
জানি তো,
কিছু পেতে হলে অল্পকিছু দিতে হয়!

গন্ধ

শুকনো পাতারা ঝরে পড়ে, সহজে ওড়ে,
উড়েই চলে।
ভেজারা ওড়ে না, পড়ে থাকে, নাহয় গাছেই থাকে।
অদ্ভুতভাবে দুজনেরই গন্ধ থাকে, নেশা ধরানো গন্ধ থাকে-অনাঘ্রাতা নারীর মতো!
শৈশবের পুতুল-বাক্স আর কৈশোরের গোপন ড্রয়ারের গন্ধের মতো!
নদীর বুকে কাঁচুলিহীন ঢেউয়ের-স্তন ভেঙে ভেঙে যায় বাতাসের তোড়ে, লাল লাল কাঁকড়ারা লুকোয় তীরের গর্তে। অধীর স্পন্দনে তবু গন্ধ জেগে থাকে।
আড়ালে থাকতে চাওয়া মুচকুন্দ-চাঁপার গন্ধ আড়ালে থাকে না কিছুতেই; যৌবনের মতো, এমনই রহস্যময়!
তারপর একদিন হারেমের জাজিমে এতদিনকার সকল গন্ধ বিসর্জনে উতলা, উদগ্রীব হয়ে ওঠে। আজন্মের নেশা-ধরানো সব গন্ধ শুকনো আর ভেজায় ছড়িয়ে পড়ে অশ্রুপাতের মতো।
মৃতেরা গন্ধহীন।
মৃতেরা উতলাহীন।
মৃতেরা স্পন্দনহীন।
মৃত্যু চাই না। গোপন কৌটোয় নিরাভরণ গন্ধ লুকিয়ে রাখি; লোপ পাওয়া গন্ধ ফিরে পেতে।
গন্ধহীনতা মানেই মৃত্যু,
মৃত্যু মানেই গন্ধহীনতা।
গন্ধহীনতা চাই না,
মৃত্যু চাই না;
শুধু বাঁচতে চাই গন্ধমাদকতায়!