আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে
চিত্রকর্ম: এডওয়ার্ড মুন্ক
উত্তরসাগরের তীরের শেষ কোণে
পাথরের তৈরি লম্বা আসনে বিষণ্ণ আমি,
হেডফোনে গান শুনছি-
রবি-বাবুর গান;
বেহাগ-বাউল রাগের:
"আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে।
সে নামখানি নেমে এল ভুঁয়ে
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে-
আপন আমার আপনি মরে লাজে।"
সেই শব্দ যে আমাকে ডাকে!
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে-
তোমার কণ্ঠস্বর-
শুনি গভীর থেকে গভীরে-
ঢেউয়ে ঢেউয়ে-
দুলতে দুলতে-
খেলতে খেলতে-
অবশেষে দাঁড়িয়ে এডওয়ার্ড মুন্ক-এর ছায়া চিত্র হয়ে!
বেশ লাগছে নিঃশ্বাসে নিঃশ্বাসে
প্রশ্বাসে প্রশ্বাসে-
ছুঁয়ে ছুঁয়ে।
অনুভব করি, অনুভব করি যেভাবে করি,
যতোভাবে করি, যেভাবে করি, অনুভব করি।
তোমার সূর্যে উষ্ণ হতে ইচ্ছে জাগে
তোমার জলে স্নান করতে মন জাগে,
ইচ্ছে করে টকটকে লাল তোমার কপালে ছুঁড়ে দিতে!
হাওয়ায় হাওয়ায় শুনি তোমার চিৎকার-
কেউ আমাকে ডাকে,
আমাকে ডাকছে…
তুমি সে, কেবলই যে সে তুমি;
আমাকে বললে রাতের শেষ-
রাত পেরিয়ে সকাল হয়ে যায়:
এইবার ঘরে ফেরো-
হে ক্রীতদাস।
