কামরুল হাসান: মৃত্যু অপরাজিতা ফুলের মত নীল
চিত্রকর্ম: একোমোডেশন, সালাবদর দালি
এখন এদের গাত্রে
এখন এদের গাত্রে ডাকহরকরা পত্র ফেলে যায়, পিয়ন ফেলে যায় চিঠি
এরা সবুজ বনাঞ্চলের দিকে যেতে যেতে বনাঞ্চলের সবুজে এসে পড়ে।
এদের গাত্রময় যুঁই আর চাঁপার সৌরভ, এরা বনভূমি সঙ্গে নিয়ে ঘোরে
উত্তর অঞ্চল থেকে সব পাখি এনে ফেলে দক্ষিণ অঞ্চলে
যেখানে উষ্ণস্রোত, শ্যামলিমা, প্রদোষে হাঁটিয়া চলা ঢল,
যেখানে ঐরাবত পাহাড়ের পিঠে চড়ে ওরা দিগ্বিদিক্ করেছে শাসন।
এখন এদের গাত্রে দেবদূতী ঈর্ষা ফেলে যায়, অনুসূয়া ফেলে যায় প্রেম
এরা মুগ্ধ দর্শনের দিকে পাড়ি দিতে দিতে ঈশ্বরের সমুখে এসে পড়ে।
এরা পূর্বাকাশ থেকে অমিতধর সূর্যকে পশ্চিম আকাশে এনে ফেলে
আর ঢালে প্রাচ্যের রশ্মিতেজ মাইল মাইল অন্ধকার পশ্চিমে
যেখানে বদ্ধস্রোত, ধূষরিমা, প্রমোদে ঢালিয়া দেয়া মন,
নগ্ন ওরা পড়িমড়ি আলোর পোষাক পরে উঠে এসে পূবকে শাসায়।
লোকেরা দুর্গে নয়
লোকেরা দুর্গে নয়, রেস্তোরাঁয় যেতে ভালবাসে
তাম্রমূর্তিটির চেয়ে কুতুহলে দেখে উদ্ভিন্ন যুবতীকে
ধূসর অতীতের কাছে যেতে চায় কোন এক ব্যাখাতীত সাধে
পানাহার সাথে সাথে রাখে আর চায় দলছুট চপলা নারীটিকে
যেন সে জেনেছে সকল ভ্রমণ শেষে শুদ্ধ হবে গৃহের ছায়াতে।
লোকেরা গরল অতীত নয়, পানপাত্রের তরল ভালবাসে
গুহাচিত্রটির চেয়ে প্রাণভরে দূরবর্তী দূতীয়ালী দেখে
গুহার অন্ধকারে যেতে চায় কোন এক গুহ্যবাসনায়
প্রমোদের উপাচার সঙ্গে নিয়ে ঘোরে আর খোঁজে মানবী কাঠামো
যেন সে জেনেছে সকল ভ্রমণ শেষে রমনের পালঙ্কে জিরোবে।
তবু কিছু লোক প্রাচীন কিংবদন্তীর কাছে রাত্রিদিন ঘুরঘুর করে,
অতীতে অনির্বাণ ধ্বংসস্তূপের কাছে প্রাসাদের আত্মসিদ্ধি চায়।
নক্ষত্র আধুলির লোভে
সে ভিখিরি আধুলিও চেনে, যদি সিকি পাওয়া যায় দুটো
ঠুঁটো জগন্নাথের মত মুখ করে বসে থাকা কেন হে বাওয়া?
চেয়ে চিন্তে খাওয়া ভাল? নৈঋতে জমেছে কালো মেঘ,
যে পথে জমেছে ধুলো, নুলো নদী পার হলে রূপালী ইলিশ?
সুদূর তারকার রূপ আজ এই যৎসামান্য মুদ্রায় চমকায়।
নিশুতিরাতের স্বপ্নঠাঁসা দেবযানী দেহটির মত আকাশগঙ্গায়
উঠে আছ দীপ্রদ্যুতির মেলা ঘুরে ঈশ্বরীর মুখ দেখে যাবে?
চাইলে তো সে প্রতিমা নক্ষত্র ঢেলে দেবে দয়ার্দ্র আঁজলায়
অতিদূর সে গবাক্ষের পানে ভিখিরির মত কেন চেয়ে থাকি
ফোটন কণার সাথে ছাপচিত্র রূপখণ্ড ব্যাকুল যদি ঝরে পড়ে
পল্লবের নিচে যেভাবে লুকিয়ে থাকে অতিগাঢ় বসন্তদুহিতা
স্বর্ণালী মেঘের মাল্লার খুলে তাম্রলিপ্ত রাজার প্রাসাদ;
গান তাকে বের করে আনে, হাসির ধ্বনি সর্পিল-চিত্রিত
পথে পথে ঘোরে, সিকি কিংবা অর্ধচন্দ্র আধুলির লোভে।
পৌরাণিক ভাষাচিহ্নের মন্দির
পৌরাণিক ভাষাচিহ্নের জামা গায়ে দাঁড়ানো মন্দিরে
অবলুপ্ত ধর্মরেখার পাঠ নিতে গিয়ে আমরা হতবাক!
নিশ্চিহ্ন সাধুভাষার সাথে উড়ে আসা সান্ধ্যকুহকে
কত যে ভোগ আর ত্যাগের দ্বৈতশিখা নিষ্কম্প হল।
মাঠের প্রান্তে মঠ, বটবৃক্ষে নেমেছে যামিনী
জোনাকীরা নভোঃপুচ্ছে জ্বেলেছে জ্ঞানদীপ
ভয় আর শূন্য পরিখা, বুঝি ধর্মান্তরে রয়েছে নরক
পাপবিদ্ধ, আমরা দাঁড়িয়ে থাকি ক্রুশকাঠ পিঠে।
মঠের শীর্ষে ভয়, স্বপ্রাণিত ঈশ্বরের স্বরূপের রূপ
রয়েছে আকাশগঙ্গায় জ্বালানো তেজে নক্ষত্রের রূপে;
প্রান্তরে আজো যে থেমে থেমে জ্বলে যায় অবাক আলেয়া
তারা কোন ধর্মাধর্মে আছে, কোন সত্তার বিনষ্ট অন্ধকারে?
মৃত্যু অপরাজিতা ফুলের মত নীল
ওরা তো সহাস্য বলে, আরে এ দেবতার মূর্তি বড় ভাল-
ভাবমূর্তি টনটনে উড়ে যাবে বেলুনের মত;
আরে দেখ দেখ, তার পা হস্তির ন্যায় অত্যন্ত সুদৃঢ়,
এ গনেশ শুড়ে তুলে আছড়ে দেবে মৃত্তিকার পিঠে।
তবু সে গনেশ ভাল, তবু সে মূর্তির দিকে যাবি,
বালকের মত বিশুদ্ধ চোখ মেলে অবাক তাকাবি;
আকাঙ্ক্ষায় উড়ে আসে পাখি ও পরাগ, প্রাণ পায় ফুল
সব ঘ্রাণ প্রতিস্থাপিত হতে গিয়ে গন্ধপরাহত।
বকুলেরা সাতবোন সে কাহিনী দেবত্বচরিত,
মৃত্তিকায় গিয়ে শুয়ে থাকি, হাতি পা থেঁতলে দিতে
উঠেছে আকাশে, নীলিমার পাশে মৃত্যু অপরাজিতা
ফুলের মত নীল, নীলদংশনে প্রতিভাত অধরা জংশন
জীবনের ট্রেন থামে, নাকি ছুটে গিয়ে পরিখা পেরুয়,
অথবা সে হুড়মুড় পড়ে যায় নিশিপ্রাণ অবাক পরিখায়
যেখানে পনিরের সাথে খুব গাঢ় দাহ্য বিষ মিশে থাকে
সেখানে দেবতাও বামনমূর্তি, নক্ষত্র উজ্জ্বলতাহীন।
