২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নূরিতা নূসরাত খন্দকারের একগুচ্ছ কবিতা

নূরিতা নূসরাত খন্দকার

Published : 22 Jan 2022, 08:01 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: পাবলো পিকাসো
স্বয়ংবরা

এখানে-ওখানে দেখছ কী হে?
যদি আপন বীর্যের প্রতি থাকে শ্রদ্ধা ও বিশ্বাস
তবে এই দেখ-
এখানে মাংসের পাহাড়!
পাহাড় গড়িয়ে নামতে জানলে ওখানে পেয়ে যাবে অদ্ভুত এক সমভূমি;
এ সমতলে চলার পথ বাতলে দেয় ব্রেইল পাঠ।
ঠিক এর মাঝখানেই অপেক্ষমাণ ছোট্ট কিন্তু গভীর এক খাদ,
যার তলদেশে ইন্দ্রকক্ষ
এ কক্ষের দুয়ার খুলতে হলে প্রয়োজন সমুদ্র মন্থন।
যদি তুমি যেতে চাও সীমান্ত পেরিয়ে সমুদ্র মন্থনে
তবে জেনে রেখো ইতিহাস বলে, নারীই স্বয়ংবরা।

মনসা

বীর্যবান-বীর্যবতীর ইতিহাস তো কম লিখলে না, হে মহাকাল।
আমিও তোমারই স্রোতে ভেসে আসা এক নীলপদ্ম।
আমারই শরীরে খেলা করে বিষধর নাগ-নাগবালার প্রেম।
অথচ পূজিত হতে চেয়ে হলাম
বেহুলাকাহনের খলনায়িকা,
পেরিয়ে কালের ঝাড়জঙ্গল, এলো মনসামঙ্গল।
অথচ, দেবীরূপী কন্যা বা মা হতে আসিনি,
আমি নই আইসিস, মৃত স্বামীর প্রাণ-সঞ্চারিনী;
নই আর্যের করুণা
অথবা শিবকন্যা শৈব-কল্পনা।
কারো নিপাতিত বীর্যের উচ্ছিষ্টে নই উদগমিতা
আমি পদ্মাবতী,
প্রজনন দেবী
কায়াহীন
কামবিহীন
মন উদ্ভূতা
এক অনার্য মনসা,
বীর্যবিহীন স্বয়ং উদ্গমিতা।

উন্নয়ন

পুরান দিন করে মলিন
বাজায় বেল মেট্রোরেল
আমি নারী খবর পড়ি-
মৃত নারীর সারাদেহে
জখম ছিলো, নিঃসন্দেহে।

যাযাবর

নতুন-পুরাতন সব আবেগ ঘেঁটে
অবশেষে বুঝলাম-
আমি আদতে যাযাবর।
তুমি কি আমায় বহুগামী বলবে?
বলতে পারো বহুমুখী।
বহুগামী শব্দটা যৌনগন্ধা
বহুমুখীতে প্রতিভা-প্রতিভা লাগে
এখানেই আমাদের ভাবনার পার্থক্য আর
ব্যবধানের দূরত্ব নিয়ে থাকি।
তোমার পৃথিবী মানচিত্র-খাঁচায় পোষা,
আমার পৃথিবী ধাবিত নক্ষত্রলোকে।