২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী সুগন্ধা নদী

আনিসুর রহমান

Published : 27 Dec 2021, 12:31 AM

Updated : 22 Jul 2022, 02:46 AM


মাঝনদী দাউ দাউ আগুন, পুড়ে লঞ্চ, মানুষের আহাজারি, কেউ পুড়ে মরে;
কেউ ডুবে মরে, আগুন থেকে নদীতে, কেউ খুঁজে প্রিয়জন আগুন-আর-জলে।

বাঁচাও বাঁচাও ডাক, মাঝরাতের নদী, মানুষের ঘুম ভাঙে সুগন্ধা তল্লাটে।
জাহাজ এ ঘাট ওই ঘাট করে শেষে ভিড়ে মরার এফোঁড় ওফোঁড় ঘাটে।

জলযান পুড়ে অঙ্গার পুড়ে কত জান, পোড়া প্রাণ জলে ডুবে, ভাসে তার লাশ;
চেনার উপায় নাই, লাশ দেখে কারে, সাক্ষী সুগন্ধা, আগুনের খপ্পরে।

আগুনের লালে লাল রাত্রি আর নদী, জল নয় বহে রক্তস্রোত নিরবধি।
স্বজনের আহাজারি, লাশফেরা যাত্রা, তদন্ত, ক্ষতিপূরণ, আহাউহু মাত্রা।

মানুষখেকো আগুনের গোষ্ঠী খোঁজাখুঁজি, আগুনের মহাজনের মহাঠিকুজি।
কিছুদিন রোজ রোজ খবর টক-শো, কিছু লাশ বেওয়ারিশ, কিছু থাকে মর্গে।

জলে জাহাজের আগুন ঠিক নিভিলো, নিভে না 'মরে যাওয়ার স্বজনদের আর —
বেঁচে যাওয়াদের' জীবনের আগুনগুলো, সাধু, কেন এ আগুন? মেলেনি উত্তর।