২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণ জয়ন্তীলগ্নে

খালেদ হামিদী

Published : 29 Dec 2021, 03:10 AM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: মনিরুল ইসলাম
আজ নাকি ত্বক-স্বাস্থ্য দিবস মধ্য ডিসেম্বর;
এসো না তবুও কাছে কেউ, নিজে চেয়ো না স্বয়ম্বর।
খেজুরের রস সংগ্রহকালে গুলিতে শহীদ, যাঁকে,
নিপতিত দেখে জায়ার উপর সহমরণের বাঁকে
সারা গ্রামবাসী, সেই দম্পতি অলিখিত ইতিহাস
থেকে আসছেন ধীরে হেঁটে গায়ে মেখে বাংলার ঘাস।
শীতেও ফুটেছে নানা রং ফুল অভ্যর্থনারূপে;
ধ্বনিত কেবল জয়ের শব্দ প্রত্যেক রোমকূপে।
কয়েক প্রহর পরেই ফিরছে সেই মাহেন্দ্র ক্ষণ,
কিশোরবেলার অপূর্ণ সাধ মেটাতে নেই বারণ।
ইটালো ক্যালভিনোর কোসিমো না, তাতে কি বা যায় আসে!
গাছে উঠে লাফ দেবোই নদীতে, মুক্তির পঞ্চাশে।