হাসান হাফিজ: সার্থকতা বিচ্ছেদেই
চিত্রকর্ম: হুয়ান মিরো
মানুষের অধঃপাত!
বিচ্ছেদ মিলন দোঁহে এক লপ্তে লেপটালেপটি করে থাকে
আমরা জানি, দু'জনার ভালো সখ্য, একই মুদ্রা এপিঠ ওপিঠ–
একে ওরা অপরের সম্পূরক, কেন তবে পৃথগান্ন করা?
বিচ্ছেদকে কাছে পেলে সাধ্যমতো সমাদর কোরো
আখেরে সুমিষ্ট ফল মিলতে পারে সেইমতো সম্ভাবনা আছে।
সে তো নয় মিলনের মতো অন্ধ স্বার্থপর, সংকীর্ণ ও নিচু
তবে যে মানুষ ছোটে দিবারাত্রি দিগ্ভ্রান্ত তার পিছু পিছু?
জানে না বলেই ছোটে, মানুষের ক্ষমতা ও আকাক্সক্ষা সীমিত
মানুষের ত্রাণকল্পে অতএব কিছুমিছু করুণা বরাদ্দ করা আছে,
যৌনলাঞ্ছনার পাপ, শিশুহত্যা, নীতিলঙ্ঘনের পুঁজ, পরাস্ত কলুষ
'মানুষ' নামের মধ্যে চিরস্থায়ী কলঙ্কের গাঢ়ছাপ বসিয়ে দিয়েছে
'মানুষ' নামের যোগ্য নাই আর, তারা ঘৃণ্য পশুরও অধম!
অতৃপ্ত গন্দম
বানকুড়ালির তোড়ে উড়ে যাক ক্লেশ দুঃখ অভিমান
কিন্তু কই বানকুড়ালির কোনো আলামত দৃশ্যপটে নাই
অভিমান জড়িয়েমড়িয়ে রাখে, চুপিসারে চিনচিনে ব্যথা দেয়
এই তীক্ষ্ণ সুড়সুড়ি সহ্য করা ইদানীং অসহ্য ও মরণশামিল।
বুকের গোপনে কষ্ট অজান্তেই মেলে দেয় শিকড়ের ডালপালা
বড় হয় শত্রুচারা আলগোছ, পুষ্ট ওমে মৃদু ঘুমে অন্তরাল
সে আমারই মৃত্যুপরোয়ানা, ওগো ঝঞ্ঝা দ্রুত ছুটে আসো
রক্ষা করো এই দীনে কাঙালেরে,করজোড়ে মিনতি রহিলÑ
নাহয় আমাকে তুমি গুম করো, নিরুদ্দেশে গহিনে লুকাও
এই ভবগ্লানি থেকে তুমি অভাগায় চিরমুক্তি দয়া করে দাও,
নাহয় উচ্ছন্নে যাবে পুণ্যপাপ, সবই হবে বেপথু অসার..
চাই ঝড় উন্মাতাল, উড়িয়ে পুড়িয়ে নিঃস্ব তছনছ করে দিক
অভিমান যে বিরহেরও চেয়ে দগ্ধ অনুভূতি, দুঃসহ অধিক
স্বৈরিণীরে ছলনার সে গন্ধম খাওয়ানোর সুযোগই হলো না…
রাঙাভাঙা জোড়া পঙ্ক্তি
১.
একজনা চায় অন্যজনায়, কিন্তু কেন পায় না?
বিচ্ছেদচাষ অনিচ্ছাতুর, রঙছড়ানোর আয়না।
২.
ভাঙতে ভাঙতে হয় না গড়া, বিরহসুখ রাঙায়
নিমজ্জনের সুখ মেলে না রুক্ষ ঊষর ডাঙায়।
৩.
পিপাসা থেকেই যায়, ভয়াল ডাঙর আউলা, সর্বগ্রাসী হয়
তৃষ্ণার্ত থেকেই মৃত্যু অবসান, সব আশা পূরণেরও নয়…
৪.
আধেকটুকু পায় তারে কেউ, আধেক পতন বাকি
মুমূর্ষু চায় জীবনলগ্ন অঙ্কুরিত উজ্জীবনের ঝাঁকি
৫.
ভালোবাসায় আলোর আশা,মরণমধুর ছাঁট
জীবন্মৃতের নাই ভরসা, আশাই তো বিভ্রাট।
সার্থকতা বিচ্ছেদেই
গাঙে ঢেউ, দূর গ্রহে, সে কম্পন বুঝতে পারে কেউ?
বুুঝেও যে না বোঝার ভান করে, তার কোনো
শাস্তির নিয়ম নাইÑ সে উল্টে রাঙায় চোখ
তার প্রশংসায় দেখি উচ্চকিত উচ্ছ্বসিত লোক
এ কেমন নীতিরীতি, অদ্ভুত আজব সত্য, যৌক্তিকতা নাই
তরঙ্গের ওঠাপড়া নাচন-ভাঙন আমি একা টের পাই
নীরবে হজম করি,যদিও বা সহ্যশক্তি অকালে হারাই
হারানোর মধ্যেও তো নিঃস্বতার আনন্দ লুকোনো আছে
এই বোধ নিয়ে যায় স্বৈরিণীর বুকের গোপনে কাছে
তাই আমি চিরকাল হারাতেই বেশি ভালোবাসি
গাঙের উত্তাল ঢেউয়ে তার ছায়া স্পর্শ গাঢ় আলিঙ্গন
নিভৃতে একান্তে পাই, বিচ্ছেদেই হোক তবে সার্থক জীবন…
শত্রুর বন্দনা
বিচ্ছেদ তোমার শক্তি সঙ্গোপন চোরকাঁটা,
আধোআলতো সম্মোহনী প্রিয়তাও আছে
ডানা মেলে উড়ে যাই, ইচ্ছেমত খাবি খাই
কী মধু যে তোমার হৃদয়মধ্যে সঞ্চয়িত আছে
না গেলে যায় না বোঝা তোমার নিবিড়ে খুবই কাছে
মিলনের মধ্যে জানি এইমত অহঙ্কার প্রবলতা নাই
যতটুকু তোমার থলিতে আছে, ছদ্মবেশী বিষÑ
পান করি, নীলকণ্ঠ হবো না জেনেও মত্ততায় পান,
আসক্তির মূল্য হয়তো এরকমই, মেলে না উদ্দিশ!!
শরণের ইচ্ছাপত্র
পারঘাটায় একলা ঝুম বসে আছি, মাঝির খবর নাই
মাঝি কেন পলাতক, সুলুকসন্ধান করে বুঝ লওয়া চাই
আর সহ্য হয় না রে রোগাদুবলা এই তিতা নিঃসঙ্গ জীবন
কবে যে মরণ এসে দেবে তার আগ্রাসনী ছোবল চুম্বন
জানা নাই, না জেনেই অনিশ্চিত অপেক্ষায় চিরল আঁধার
জানা থাকলে ভালো হতো, নৈরাশায় মজলে এই মন
ওপারে এক্ষণে রওনা হতে পারলে,তবে শুদ্ধ সার্থক যৈবনÑ
সন্তরণও ভুলে গেছি কোন্ কবে, মাঝি ছাড়া কে দেয় উদ্ধার
অচল পয়সা কিছু হাতে আছে, যার দাম বলতে কিছু নাই
কীভাবে কেমন করে পুলসেরাত পার পেতে সাহস যে পাই
উপায় ইঙ্গিত কিছু দেখছি না, সংসারের কাঁটালতা বিষ
আরো তেজে দগ্ধাবে নিশ্চিত জানি,নিরুপায় একলা অহর্নিশ
পুড়ে পুড়ে অঙ্গারের সখ্য পাবো এই আশা ইচ্ছা আশনাই
ওগো বন্ধু, ত্বরায় শরণ দাও,ক্ষরণে মরণে তুমি, অন্য কেউ নাই।
