২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোকন রেহান-এর কবিতা: শিকার ও লোভী

রোকন রেহান

Published : 29 Nov 2021, 11:52 AM

Updated : 23 Jun 2022, 03:56 PM


শিকার

শিং মাছের ঘাই খেয়ে হেসে ওঠা মানুষ
তুমি মাছ ধরতে পারবে না
কেউ বিশ্বাস করবে না!
মৎস শিকারের এই শিল্প-সাধনা বহু পুরোনো।
কেউ কেউ বারো বছর বা তারও অধিককাল
ধ্যানী বকের মতো শিকারে মগ্ন থাকে!
আর তুমি কি না পিছনে ফিরে তাকাও!
শোনো,
লব্দ জ্ঞান সমৃদ্ধ না হলে জেলে পাড়ায় যাও।
আজকাল সবাই সব কাজে বিশেষজ্ঞ খোঁজে।

লোভী

মূলতঃ মানুষ লোভেই দীর্ঘজীবি হয়।
অসংখ্য লোভের মধ্যে কার কোনটা প্রয়োজন,
তা শুধু দীর্ঘজীবিরাই বলতে পারেন।
এই লোভ লালন করার মধ্যে দিয়ে,
মানুষ তার ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষার একটা গতিপথ তৈরী করে।
সেখানে সব সময় যে সহযোদ্ধা পাবে এমন কোন কথা নেই।
কারণ প্রত্যেকটি মানুষ একক এবং মৌলিক।
ভিন্নতার জন্য পৃথিবী মানুষের গোলাম।
চাহিদার কাছে লোভ মাঝে মাঝে অসহায় ।
যান্ত্রিক বেঁচে থাকায় মানুষ এখন বহুগামী।
ধারণার বাইরে তার বসবাস। যুদ্ধ তো নস্যি।
কল্পনাতীত সৌন্দর্য্যের আধার কখনো নগন্য।
আরো চাই.. আরো চাই , সর্বগ্রাসী চাওয়া।
নিরন্তর এই লোভ আর চাওয়া
পরস্পর যুগলবন্দী হয়ে মানুষকে
বেঁচে থাকতে বলে।
বলে বেঁচে থাক, যেভাবে পারিস
অন্যথায় মানব জনম বৃথা।