২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাতাস বদলে গেল

মিলু শামস মিলু শামস

Published : 19 Nov 2021, 06:25 PM

Updated : 23 Jun 2022, 03:56 PM


চিত্রকর্ম:কামরুল হাসান

বেলা বাড়তেই বাতাস বদলে গেল

বৌ-ঝিরা গৃহকর্ম সেরে গল্পে গল্পে নকশি কাঁথায়
ফোঁড় তুলতো এক কালে
গাছ পাখি ফুলের সঙ্গে মিশিয়ে দিত
নিজের দুঃখ খানিক
হেমন্তের দুপুরে ঝরা পাতায় লেগে থাকা সেসব দুঃখ
গাঁয়ের রাখাল ও কৃষাণেরা যত্নে তুলে নিত
কেন্নোর মতো পাকানো
মাথার বিবর্ণ গামছার ভাঁজে
চটুল বাতাস বৌ-ঝিদের কানে কানে জানিয়ে যেত
কার দুঃখ জমা পড়েছে কার গামছার বিড়ায়
কেবা কোন বাড়ির জন।
আরও গাঢ় করে ফুটিয়ে তুলতো তারা তখন
টকটকে সবুজ রঙে পাতা, ধূসর লক্ষ্মী প্যাঁচা
দু'রঙা লাচ্ছি সুতোয় গোলাপী পদ্মফুল আর
ব্লাউজহীন শরীরে নীলচে শাড়ির
ক্ষয়াটে লাল পাড়ে আত্মপ্রতিকৃতি,
অসংলগ্ন শাড়ির শিথিল ভাঁজে
স্তনের আভাস, সুঠাম কোটিদেশ;
কৃষাণের শ্রমক্লান্ত শরীর কামার্ত হত কখনো কখনো
ওই সুচিকর্ম দেখে
উৎফুল্লে গেয়ে উঠতো ভাটিয়ালী গান দরদী গলায়,
সন্ধ্যাবাতি হাতে আলতাপরা নারীরা
আড় চোখে তাকাতো সেদিকে
প্রসন্ন প্রশ্রয় ও চপল অনুরাগে।

বেলা বাড়তেই বদলে গেল এ সব কিছু
দক্ষিণায়নে ভিন্ন বাতাসের প্রকোপ
অচেনা অলিন্দে বোনা নিদ্রিত আলোয়ান
ঢেকেছে নারীর মুখ, পা থেকে মাথা অথবা
মাথা থেকে পা বরাবর সোজা;
গার্হস্থ্য খুনসুটির সেইসব নকশা
এখন আর ফোটে না বৌ-ঝিদের সুঁই সুতোয়
মায়াবী মুখোশ ঢেকে দিয়েছে
আলতা রাঙা পা আর যা যা কিছু–
রোমাঞ্চ জাগানিয়া শরীর
জুলজুলে লক্ষ্মী প্যাঁচা, সবুজ পাতা, পদ্ম ফুল
দরদী গলার ভাটিয়ালী গান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে বাতাস বদলে গেল।