২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারইয়াম মনিকা: আহত ধর্মগ্রন্থ

মারইয়াম মনিকা

Published : 19 Oct 2021, 02:40 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


চিত্রকর্ম: মনিরুল ইসলাম
কান্নায় জেগে উঠলো নিস্তব্ধ রাতের চর
ধর্মীয় আগুনে পুড়ে গেলো স্নিগ্ধ সকাল।
সাম্প্রদায়িক করাতকলে ছিন্ন মানুষের মুণ্ডু
তাকিয়ে আছে আরশের পানে।
এদিকে—
বস্ত্রহীন শিশুর যোনি থেকে রক্ত গড়াতে গড়াতে
পৌঁছে গেলো রাষ্ট্রের দুয়ার অব্দি,
তরতর করে ভিজে উঠলো মানচিত্র।
যারা মানচিত্রের ভেতর ঘুমিয়েছিলো নিষ্পাপ
চিৎকার দিয়ে উঠলো সেই শহীদি আত্মার দল—
আহা, আমার দেশ!
আহা, আমার মাতৃভূমি!
দ্যাখো—
দ্যাখো শোকের ভারে কেমন নুয়ে আছে সময়
থমথমে হয়ে আছে সাম্প্রদায়িকতার আগুনে পোড়া আকাশ,
ধর্মগ্রন্থগুলো নিজেদের ব্যর্থতার লজ্জা ঢাকতে ঢাকতে
বারবার মুখ লুকাচ্ছে মোটা কাভারের ভেতর!