কামালউদ্দিন নীলু: বেঁচে থাকা
চ্রিত্রকর্ম: মনিরুল ইসলাম
(ছেড়ে যাওয়া বন্ধুদের প্রতি ভালোবাসা)
একে একে
শেষ বিকেলের আলো নিভে আসে,
ধীরে ধীরে গোধূলি যায় হারিয়ে-
একে একে সকলেই চলে যায়,
চলে যেতে হয়-
মেঘেদের সাথে পাল্লা দিয়ে,
হারিয়ে যেতে হয় আকাশের গর্ভে।
তারপরেও আমরা যারা আছি এখনো বেঁচে,
যতোটুকু সময়-
আনন্দে বেঁচে থাকা।
আনন্দে বেঁচে থাকা,
সে তো সত্যি চমৎকার,
আনন্দে বেঁচে থাকা,
আহা কী চমৎকার-
আলোর ভেতর দিয়ে হেঁটে চলা,
নিজের মনেই কথা বলা,
অজানা এক ভালো লাগা,
কী যে চমৎকার
আহা কী চমৎকার!
আনন্দে বেঁচে থাকা,
সে তো ঝরনার নীল জলে
পাখির পালক হয়ে ভেসে থাকা।
আনন্দে বেঁচে থাকা,
সে তো মেঘেদের শব্দে
আনমনে কেঁপে ওঠা,
আলোর ভেতর দিয়ে হেঁটে চলা
নিজের মনেই কথা বলা
অজানা এক ভালোলাগা-
কী যে চমৎকার, আহা কী চমৎকার।
আনন্দে বেঁচে থাকা,
সে তো বিবর্ণ পাথরের বুকে ফুল ফোটানো,
আনন্দে বেঁচে থাকা-
সে তো কষ্টকে বিদায় জানানো।
