সিদ্ধার্থ হক-এর ‘সন্ধিক্ষণ—দুর্গা সিরিজ’
১
অদৃশ্য হাতের মত অসময়ে কুয়াশা নেমেছে,
কুহেলিতে ডুবন্ত দালানের লোহাগুলো ঝাপ্সা;
ম্রিয়মাণ দূরের এয়ারপোর্ট, টেক-অফ মনে পড়ে;
কুয়াশার মহা-মাঠ সামনে নিয়ে ক্লান্ত দুর্গা দাঁড়িয়ে রয়েছে
এ শহরে দুর্গা কন্সট্রাকশনে কাজ করে
মাথার উপরে ঝুড়ি ভর্তি বালি দিয়ে, একই পথে, বারবার হাঁটে,
যত হাঁটে তত কালো হয়; আধ্যাত্মিক চেতনার মত
আসকরদিঘীর পাড়ের রাস্তা পার হয়ে হেঁটে যায় ছাতিহীন;
ঢাকা এক দ্বৈতবাদী কুজ্ঝটিকা, অবিরাম শন শন ঝড়,
লোহার আঁধার ধূম, নৌকাহীন হর্ণের উত্তপ্ত চুনকালি;
ঢাকার কুয়াশা এক চুনকামহীন নগ্ন মুখ;
দুর্গার মুখের পরে অন্তহীন ট্র্যাফিকের টায়ারের দাগ
তবু পার্কে পানির উপরে, শাদা, দুই ইঞ্চি সর
ঝুড়ি ধরা দুর্গার দুহাত কুয়াশায় ডুবে আছে;
এ শহরে কুয়াশা নাস্তিক। সন্ধিক্ষণ পার হয়ে রৌদ্র ওঠে
একটা ডাল মাখনের কাঁথা থেকে মুখ বের করে উঁকি দেয়;
কুয়াশায় ওল্টানো নৌকার মত ডানাদের উড়ে যেতে দেখি;
উদ্ভিদের লিফট দিয়ে ওঠা-নামা করে পাখি, কথা বলে কত;
মাথার উপরে ঝুড়ি-ভর্তি বালি নিয়ে, বারবার, কুয়াশার
থাবা থেকে বের হয়ে হেঁটে যায় কন্সট্রাকশনে কালো দুর্গা
০৬/১০/২০২১
২
দুর্গা এ শহরে কন্সট্রাকশনে কাজ করে; নিজ বাড়ি
নেই তার; পিতার নিবাস বলে কোনো কিছু ছিল কিনা, মনে নাই;
এখন সে বস্তির প্রগাঢ় ঝুপড়িতে থাকে কোদাল আর ঝুড়িদের সাথে;
সন্তান আছে কি নেই নিশ্চিন্তভাবে বলতে পারে না
আমার দুর্গার মুখ কালো আর ঘামে জবজবে, রৌদ্রোজ্জ্বল;
তার দেহ থেকে আসে চাষ করা জমিনের ঘ্রাণ রাত হলে
যখন নিকটে যাই, তার মুখে ঘামের গোলাপ ফুটে ওঠে
বলে দেখো ছুটি নেই, কন্সট্রাকশনের কাজ পুনরায় পুরোদমে
শুরু হয়ে গেছে; শিমুল তুলার মত আমার যে স্বামী ছিল
উড়ে গেছে সেই কবে; আমার সন্তান চেন দিয়ে বাঁধা ছিল
শহরের স্টেশনের থেকে এক দূরে; পরে সেও উড়ে যায়
রেল ইঞ্জিনের ধোঁয়া হয়ে; কোথায় যে চলে যায় পৃথিবীর ধোঁয়া
আমার নিঃসীম দুর্গা ভোরে উঠে কন্সট্রাকশনে চলে যায়, খালি পায়ে;
শহরের সমস্ত সড়কে তার পায়ের নিঃশ্বাস লেগে আছে
সারাদিন লোহা কাটে, ইট গুঁড়া করে, মাথায় বালির ঝুড়ি
নিয়ে হেঁটে, গর্ত থেকে ওঠে আর গর্তে নেমে যায়;
ব্রহ্মের ক্যাফের পাশে দুর্গার ওঠা নামা পরিষ্কারভাবে দেখা যায়
ঢাকের সমস্ত শব্দ তাকে খুব ভয়াতুর করে, কি যেন কি মনে পড়ে;
মনে হয়, হয়তোবা তারও ছিল শৈশব ও পিতা, মাতা; আজ আর নাই,
আজ তার ঝুড়ি-ভর্তি ঋতুহীন অনেক কুয়াশা আর বালি
তার জীবনের ঘাম নুন রস পান হয়ে নিচে নেমে আসে;
মন্ডপের পাশ দিয়ে হেঁটে যায় পরিশ্রান্ত, বিমর্ষ দুর্গা; সব দেখে;
খাল নেই, নদী নেই, নৌকা নেই, আছে এক কাঠের মণ্ডপ
হেঁটে হেঁটে যেতে থাকে, স্নানহীন, ঘামে ভেজা, দুর্গা আমার
আর ভাবে এসব মন্ডপ তার নয়; মন্ডপ তাদের যারা মন্ডপে নাচে;
একটু একটু জেগে, অল্প অল্প ভেসে আমার হৃদয়ে
ঢোকে আমার দুর্গা
শূন্য থেকে আজীবন ঋতুহীন কুয়াশার সাপ ঝরে পড়ে
০৭/১০/২০২১
৩
ফুড-পাণ্ডার মেয়েটিকে নক্ষত্রের মত এক দুর্গা মনে হয়;
দশ হাত গলে গিয়ে অসামান্য কসমিক দুটি হাত হয়েছে দুর্গার;
ওই দুই হাত দশ হাতের সমান এই জীবনের চাপে
সংগ্রাম, প্রেরণা এই-ই, ভয়ানক চাপ, দুই হাত দশ জন হয়;
ড্রেনের ভিতরে দিয়ে কালো তোড়ে যেন ভেসে যায় পলিথিন;
স্পেসের মতন তার সাইকেল ছোটে;
পৌঁছাতেই হবে তাকে, নির্দিষ্ট সময়ে সেইখানে;
শ্রম নিরর্থক হতে দেবেনা আমার ক্লান্ত দুর্গা;
নিরর্থক শ্রমে ক্লান্তি বেশি হয়;
তাই সে চালায় সাইকেল বেপরোয়াভাবে এ বেপরোয়া শহরে
শীতকাল বিপুল ফোঁটার মত ঝরে পড়ে পথে
পানি হয়ে এঁকেবেঁকে ছুটে যায়,
গাড়ির ভিতর দিয়ে, অপরূপ বাতাসের বিস্তৃতির মত, দুর্গা আমার,
বড় বড় গাড়ির জানলা খুলে কেউ কেউ বলে, এই মেয়ে
গাড়িতে সামান্য দাগ যদি কোনভাবে লাগে, তোমার সব কটা
দাঁত ফেলে দেবো আমি এক মারে; সে হাসে; শোনেনা এইসব
সে এ যুগের রানার, চিঠির বোঝা নয়
খালি পেটে অন্যের খাদ্যের ভার নিয়ে ছুটে চলা তার কাজ
চলছে নিঃসীম তার সাইকেল নগরের পথে
হঠাৎ একটি বাস ধাক্কা মেরে ফেলে দেয় তাকে;
সে সড়কে পড়ে যায়; কিন্তু খাদ্যের বাক্স, উঁচু করে ধরে রাখে
পুনরায় দাঁড়ায় সে, ফের ছুটে চলে, ছুটে চলে
এ যুগের অসীম রানার ফুড-পাণ্ডার মেয়েটি, কালো দুর্গা, ছুটে চলে
যখন রাত্রি হয়, তার সাইকেল, পথ ছেড়ে, শূন্যে উঠতে থাকে
নক্ষত্রের কালো মেয়ে, অন্ধকারে, নক্ষত্রের কাছে ফিরে যায়
এ-শহরে দুর্গার নায়র হওয়ার অর্থ হল এ চিন্তার অতলে নেমে যাওয়া
০৮/১০/২০২১
৪
কে যেন এসিড ছুঁড়ে তাকে অতি সুন্দর করেছে; স্কুল ছেড়ে দিয়ে,
পোস্ট-মর্ডার্ণ মুখ নিয়ে, সেলাইয়ের কাজ করে দুর্গা এখন;
দূর থেকে দেখে মনে হয়, সত্যিই তো, তার দশ হাত আছে;
তার মুখে মাংস নেই; মুখের কঙ্কাল তার মুখ, তাই যে বোরখা পরে
আমার মাও পড়তেন বহু আগে অন্য চিহ্ন লুকাতে
এমন অনেক চিহ্ন পৃথিবীতে আছে, যা দুর্গাকে যুগে যুগে লুকাতে হয়েছে
মনে পড়ে আমার মাও এক নিঃসীম দুর্গাই ছিলেন;
তার পিতা মরে গিয়েছিল, তবু পিতৃ-গৃহ হয়তবা ছিল;
সে গৃহের চেয়ে শক্তি বেশি ছিল স্বামীর দুহাতে
সন্তান জন্ম দিতে দিতে, আর টাইফয়েডে ভুগতে ভুগতে
তার দশ হাত গলে গিয়ে দুই শীর্ণ হাত হয়ে গিয়েছিল,
যখন অনেক রাতে ঘুমহীন ঘরে বসে মাকে ভাবি আমি,
দেখতে পাই, কে যেন এসিড ছুঁড়ে, মৃত্যুর পরে তাকে উজ্জ্বল করেছে
এসিড যে বহুবিধ মাকে কিম্বা দুর্গাকে দেখে টের পাই
মৃত্যুর পূর্বের আঘাত এসিডের দাগ হয়ে ফুটে ওঠে মৃত্যুর পরে
মায়ের মুখের দাগে সকল দুর্গার মুখ পুড়ে যায়, আগুনের মত স্নিগ্ধ হয়
কত রকমের যে এসিড থাকে ক্ষমতার, স্বামীদের, সহকর্মীদের নানা হাতে
০৮/১০/২০২১
৫
দুর্গাকে রিমাণ্ডে নেয়, কেননা সে বরিশাল থেকে এসে
সিনেমায় নেমেছে ঢাকায়; পথে অনেক ভেসেছে, ডুবে গেছে;
মুখে মুখে দুর্গা তর্ক করে; ক্ষমতার দিকে তার আঙ্গুল উঁচানো;
মফস্বল থেকে এসে এ নগরে তর্ক করা যায়,
কে তাকে জানালো? কেউ নয়, এসব ভিতরে ছিল;
কেননা সে বরিশাল থেকে আসা নিঃসীম দুর্গা;
সত্য বলবার স্পৃহা তার রয়ে গেছে;
লোহার নানান বাষ্পে তার হাত গলেনি এখনো;
দশ হাত উঁচু করে বরিশাল থেকে আসা ছিপছিপে দুর্গা যখন
নেচে ওঠে জেলের ভিতরে, দেয়ালেরা ভেঙে পড়ে
আড়ষ্ট নিয়ম উবে যায়; নিয়মেরা দালানের মত; শক্ত কিন্ত
মূলত দুর্বল; দুর্গার নাচের মুখে ভেঙে পড়ে যায় চিরকাল;
ভগ্ন, চুরমার দালানের মধ্যে এরপর একটি ফুল ফোটে
শীত এসে গেছে বলে ফুল ফোটে সিমেন্টের বুকে
লঞ্চে অনেক দুর্গা প্রতিদিন আসে, ওরা প্রকৃতির ঢেউ
সার্চ লাইটে জীবনের সারাৎসার নদী তীরে, বন্ধ দোকানের
ঝাঁপে ছবির মতন ফুটে ওঠে; প্রাণের পোটলা ধরা
থাকে বুকে; সারারাত জেগে, নদীর জোছনা দেখে
স্থলের জোছনার চেয়ে পানির জোছনা কত ভিন্ন
এই জেনে ভরসা পায়; ওদের হৃদয়ে কোনো ভয়
আর থাকেনা তখন; হয়তবা ভয় পেতে শিখবে পরে,
আরো পরে নগর যে চিরস্থায়ী ভয়, জেনে নেবে;
প্রবাহিত বাঁশবাগানের মত, দুর্গা,
দশ হাত উঁচু করে জেল থেকে বেরিয়ে আসছে;
সহস্র লঞ্চের মেয়ে ভেসে আসছে স্থলের নগরের দিকে
০৮/১০/২০২১
