তাপস গায়েনের কবিতা: সূর্যের উপবৃত্তে
চিত্রকর্ম: মনিরুল ইসলাম
[এক]
এই সেই জলস্রোত— ঘূর্ণায়মান, তরঙ্গায়িত, নিয়ত ধাবমান
ব্যাটারি-পার্ক ঘিরে অনিঃশেষ আমার আবর্তন
যারা ছিল কাছে, প্রিয়—ব্যাপ্ত, অনুক্ষণ
তাঁরা এখন স্লেজ গাড়িতে এস্কিমোদের মতো ধাবমান
কিংবা দেবালয়ে প্রদীপের আলোর মতো শান্ত, অনুগত,
কিংবা যাজকের শিশ্নে দীপ্যমান
ঘুম আসে, আর তুমি আসো নিদ্রার গভীরে
যেন সারারাত বরফ-পতন
উল্কার সাথে দেখা হবে ভেবে রাতভর জেগে থাকি
কিন্তু মহাকালের দিকে গড়িয়ে চলছে মার্বেল
কালিন্দির জলে মহাপ্রভুর চলে যাওয়ার কোনো সাক্ষ্য নেই
শতছিন্ন মেঘ যায় ভেসে এই রাতের আকাশে
আমি নই অভিমন্যূ, তবু ব্যাটারি-পার্ক ঘিরে
আমি আছি সূর্যের উপবৃত্তে, তাবৎ মানবের চক্রবূহ্যে…
[দুই]
যে অমায়িক ভঙ্গিতে সন্ধ্যা নেমে আসে পৃথিবীর তাবৎ ফলের বাগানে
তারও অধিক নম্রতায় আইসক্রিম লেগে থাকে শিশুদের ঠোঁটে আর গালে
কী এক সহজ সমীকরণে অন্ধকার জেগে ওঠে জলের প্রবাহে
দিন আর রাত একে অন্যকে বিম্বিত করে আমাকে আচ্ছন্ন রাখে
সন্তানেরা ঘুমিয়ে আছে রাতের গভীরে
যেভাবে পৃথিবী স্পন্দমান আছে সূর্যের উপবৃত্তে
আমিতো হারাইনি কিছুই
তাই বিদায় নেয়া ছাড়া আমার আর কোনও অন্বেষণ নেই
চারিদিক থেকে মৃত্যুর খবর আসে ভেসে
কারণ—এখনও হয়নি বিলুপ্ত সংক্রমণের কাল
মনে পড়ে না কোনও প্রিয়মুখ, ছায়ার সন্ন্যাসে নেই আমার অভিপ্রায়
সূর্যের উপবৃত্তে আমার কোনও অন্বেষণ নেই…
[তিন]
সাবওয়ে প্লাটফর্মে উৎসুক ইঁদুরের দেখা নেই
কারণ— সমুদ্রতরঙ্গের মতো মানুষেরাও এখন দিগন্তে ধাবিত
ঘুম আর জাগরণের মধ্যে মৃত মানুষেরা আসা-যাওয়া করে, আর
রূপসীরা অদৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে বিভাজিত হয়ে আছে
সঙ্গীতহীন আমার নগরী আজ অর্ধমৃত
ট্রেনযাত্রী হিসেবে আমার মৃত্যু হয়ে গেছে আরও অনেক আগে
বন্ধুরা— কোথায় যে কীভাবে আছে—
এই অনুসন্ধান আজ আর জরুরি নয়
যদিও আমি যারার জন্য তৈরী— তবু,
হে তুমি অদৃশ্যমান, চুমুক দাও আমার পানপাত্রে
আর জেনে যাই—সূর্যের উপবৃত্তে পৃথিবী-নামের এই গ্রহে
ক্রন্দন ব্যতীত আমার কোনও অন্বেষণ নেই…
ব্রুকলিন, নিউইয়র্ক, সেপ্টেম্বর ১৫-অক্টোবর ০১, ২০২১
