২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তিনি

সাইফুল্লাহ মাহমুদ দুলাল সাইফুল্লাহ মাহমুদ দুলাল

Published : 28 Sep 2021, 11:18 AM

Updated : 23 Jun 2022, 03:57 PM


তিনি, একটি কোমল ভোরের মতো স্নিগ্ধ
তিনি, নদীর নির্মল বাতাসের পতাকা।
তিনি, বেদনার ওপারে আনন্দপাখি
তিনি, ধানক্ষেতে ঢেউ খেলানো জাগরণ।
তিনি, মেট্রোট্রেনের মতো দূরন্ত।
তিনি, জোছনাভেজা শিউলি গাছের এক টুকরো ছায়া।
তিনি, গরম ভাতের ধোঁয়ার মতো সুন্দর
তিনি, কুয়াশা জড়ানো শিশির অথবা রোদ্দুর।
তিনি, মাটির ব্যাংকে জমানো সঞ্চিত স্বপ্ন
তিনি, বারান্দায় বসে থাকা একটি নিঃসঙ্গ দোয়েল।
তিনি, ক্রিকেটের ছয় ছক্কা, মেঘ ছোঁয়া কিশোরের ঘুড়ি,
তিনি, অন্ধকারে বাতিঘরের মতো আলোর আয়াত।
তিনি, সিঁড়িঘাটে বেণী আর পা দোলানো কিশোরী প্রজাপতি
তিনি, পতাকার ভেতর টুকটুকে লাল টিপ!
তিনি, ক্রাচে ভর করা মুক্তিযোদ্ধার হাতে পতাকা
তিনি, আটষট্টি হাজার গ্রামের ডাক নাম।
তিনি, আমাদের আগুনের সৌরভ
তিনি, আজানের আবেদনের মতো আবহমান!
তিনি, শোকগাঁথায় নক্সিকাঁথা, মানুষের আত্মীয়
তিনি, আমাদের আত্মার অংশ।