২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মোর্শেদ চন্দন: মনীষা তোমাকে

গোলাম মোর্শেদ চন্দন

Published : 17 Sep 2021, 11:07 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


মনীষা তোমাকে-৫

মনীষা তোমাকে শ্মশানে দেব না বুকেতেই দেবো ঠাঁই
প্রেমের কখনো কবর হয় না কথা শুধু একটাই
হারাবে যেখানে সেখানেও পাবো প্রেমে গাথা সেই ঘ্রাণ
করবীকুসুমে সিক্ত হলেও রবে সব আহবান

যা কিছু অতীত প্রশ্নের বান, কবিতায় হবে সিক্ত
আমরা হবো যে আগামীর আলো মুকুলিত ফুলে রিক্ত
সকল আঁধার একাকার করে আলোকিত হবে পৃথ্বী
জানিয়ে যাবো সে প্রেম পূরাণের দৃষ্টি ফেরানো স্মৃতি

মনীষা শুনছো অধমের বাণী দেখনি তো বাতায়ন
বুঝতে পারোনি প্রেমহীন এক জীবনের রসায়ন
না দেখার জ্বালা আবদ্ধতায় হারাবে না অরণ্যে
তুমি আমিহীন সব অমলিন হোক সকলের জন্যে

তোমার গোপন যতোই আপন ততোটা গোপনে থাক
আমার স্বপন একার আলোতে এখনও যে নির্বাক।
মনীষা যেদিন গ্রাম ছেড়ে দিল, গ্রাম হয়ে গেল একা
সেই থেকে তার মেঠো পথে আর হয় না কখনো দেখা

মনীষা তোমাকে-১০

মনীষা, এখন অনেক বেশি ভাবছো কেন? সকাল দুপুর রাত। সবার কাছে বলতে হবে জীবন হল কিভাবে বেসাত। ভরদুপুরে পান করে যাই তৃষ্ণাগুলো, ভাবছো সে সব। আর ভেবোনা এখন থেকে পান পাত্র উপুড় করে, ভাববো নিরব। পান করবো সুরের সূধা নয় বেহুদা, অনেক বেশি মাতাল হবো গান কবিতায়। অনুভূতির সিন্ধুকে সব আটকে রেখে, রইবো পড়ে সেই ছবিটায়। যেখানে এক মোনালিসা হাসবে শুধু। দেখবো সেসব মনের চোখে দেখবো ধুধু।

মনীষা আমি, বর্তমানে দেখছি না আর সেই আগামী; যেখানেতে হতাম শুধু এক আসামী। মুক্তি পেয়ে ওড়াই মনের কল্পনাকে, আর না যেন এই জীবনে না ডাকে সে। ডাক দিলেও কাজ হবে না, ভুলগুলো সব পুড়িয়ে দেব। এবার ওসব ভুলে গিয়ে নিজের করে পুষিয়ে নেবো। একজীবনের সব হাহাকার, ডাকবে না সেই ঘোরে। এখন আমার জীবনটাকে ছেড়ে দিলাম ভোরে। ভোরের আলো সিগ্ধ যেমন তেমন আমার ঘর। মনীষা আমায় আগলে রেখ, হবো না তো যাযাবর।

মনীষা তোমাকে-১১

আমার হাতে পান পাত্র মনীষার চোখে বিষ
একটু খেয়েই কেঁদে কেটে ভাসছে অহর্নিশ।
বাসায় সেদিন পার্টি ছিল বন্ধুরা সব টাল
সূরার নেশায় সামান্যতেই হয়েছে বেসামাল
অতীত স্মৃতি মনের গহীনে এতোটা নাড়ায় যদি
কেন নিলে তারে বেহুদা এখন কাঁদছো নিরবধি

একথা সেকথা হাজার কথায় কান্নায় একাকার
আমার চোখেতে মনীষা সেদিন ভেঙেছে অন্ধকার
আসলে কি তাই ভেবেছি অনেক বুঝতে পারিনি ভেদ
কাছে পাওয়ার তাড়ানা তখন উম্মাদনার খেদ
অভিনয়ে পাকা ভাবটা সে একা সাজানো নাটকে পাঠ
মঞ্চ ছিল তার শুধুই একার বন্ধ ছিল কপাট

আমার চোখেতে স্বপ্ন ছিল না মনীষার ছিল ইচ্ছা
ভেবো না তোমরা অহেতুক বলি মিছে বানানোর কিচ্ছা
এমন মনীষা হাজার বাড়ীতে নাটক সিনেমাহীন
কারো চোখে তারা সুরার সাকিও কামনায় সে রঙিন

এমন মনীষা না পেলেও আর কষ্ট বাড়ে না বুকে
বেঁচে আছি তাই মনীষা বিহীন সুরা সাকিহীন সুখে