সাতটি কবিতা
ভিডিও, কবিতা পড়ছেন মুহাম্মদ হাবিবুর রহমান, ১৮/১১/২০১০
আমি তোমাদের লোক নই
বাঙালির গঞ্জনা সহ্য করতে না পেরে
নিরূপায় রবীন্দ্রনাথ অনোন্যপায় হয়ে
বলেছিলেন, 'আমি তোমাদেরই লোক।'
আমি রবি বাবুর মতো
এমন ভুল কদাপি করিনি।
আমি তোমাদের ভোট চাই নি।
আমার জবাবদিহির প্রশ্ন নেই।
বিশেষ করে নির্বাচিতরা যখন চল্লিশ বছর ধরে
প্রতিশ্রুতি পালন না-করে পার পেয়ে যায়।
আমি নিজেকে
কোনো দিন বাতিঘর বলিনি।
যেখানে সারেং-নাখোদা প্রায়ান্ধ
সেখানে কোন বাতিঘর আলো দেখাবে?
আমি নিজেকে জাতির বিবেক বলব?
এমন ভুল পয়স্তি-ভঙ্গুর দেশে
কেমন করে বলব?
তবে হ্যাঁ, কবিতা লিখতে না জেনেও
কবিতা লিখি।
স্মিত হেসে সম্পাদক ছাপায়
পাঠক কবিতা-লেখা-শেখার বই পাঠায়।
এমন সহৃদয় পাঠকের উদ্দেশ্যে
আমি একটা কবিতাও লিখেছি।
তোমরা কেমন করে ভাবলে
"আমি তোমাদের লোক?"
আমার ভেতরে একাধিক আমি রয়েছে
আমি সে কোন আমার–
আমি তা জানি না।
ভেবেও আমি দিশে পাই না।
১৫/১১/২০১০
আদালতের বিজ্ঞ প্রবক্তাগণ ও রাজা ক্যান্যুটের পরিষদবর্গ
এত জঞ্জাল! এত ঝঞ্ঝাট!
জনস্বার্থে সমাধান প্রার্থনা করেন
বিজ্ঞ অধিবক্তাগণ
ন্যায়াধীন আদালতের কাছে।
সৃজনশীল আদালত
বিজ্ঞ অধিবক্তার নিবেদন শুনে
মাথা নেড়ে আজ্ঞা করেন
আদেশ, নির্দেশ, নিষেধাজ্ঞা
কারণ দর্শাও–
ফুটপাতে কেন হকার বসে?
রাস্তায় কেন লোকে আবর্জনা ফেলে?
আবাসন এলাকায় কেন
অফিস-হাসপাতাল?
বাজারে কেন জাটকা মাছ
পাওয়া যায়?
সড়ক দুর্ঘটনায় কেন এত প্রাণহানি?
নদীবক্ষে নৌযানে কেন এত দুর্ঘটনা?
রাস্তায় মোটরযানে কেন কালো ধোঁয়া ছাড়ে?
কেন রাস্তা জুড়ে নেতাভিনন্দন বন্ধ করা হবে না?
কেন যত্রতত্র জনসভা বন্ধ করা হবে না?
কেন ধর্মঘট লাগাতার বন্ধ করা হবে না?
প্রত্যেক গ্রামে কেন পাকা রাস্তা থাকবে না?
প্রত্যেক ঘরে কেন গ্যাস-বিদ্যুৎ থাকবে না?
কেন নদীখেকো ভূমিদস্যুদের ঢিট করা হবে না?
কেন কালোবাজারিদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে না?
নেতাদের বেতন-ভাতা বার বার বাড়লেও কেন
শ্রমিকদের মজুরি বাড়ানো হবে না?
কেন শিশুশ্রমিকের সংজ্ঞা সর্বত্র এক হবে না?
স্কুলের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের কেন সঠিক বর্ণনা থাকবে না?
স্কুলের মানে-বই কেন নিষিদ্ধ হবে না?
কোচিং স্কুল কেন বন্ধ হবে না?
কেন মাষ্টারদের প্রাইভেট পড়ানো বন্ধ করা হবে না?
কেন সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হবে না?
কেন স্কুলের লাইব্রেরিতে যথেষ্ট বই থাকবে না?
কেন ল্যাবরেটরিতে যথেষ্ট সাজ-সরঞ্জাম থাকবে না?
কেন ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হবে না?
কেন সেশন জটের জন্য ছাত্রদের খেসারত দেওয়া হবে না?
কেন বোরখা পরা বাধ্যতামূলক করা হবে?
কেন রাজনীতিকদের ঠিক সময়ে কাউন্সিল মিটিং হবে না?
কেন ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হবে না?
কেন পদপ্রার্থী ও পদাসীনেরা সম্পত্তির হিসেব দেবে না?
কেন ক্যু অভ্যাসকারীদের সমুচিত শাস্তি দেওয়া হবে না?
কেন ক্যু অভ্যাস চিরতরে বন্ধ করা হবে না?
কেন জেলাভিত্তিক স্থানীয় সরকার হবে না?
কেন অনগ্রসর জাতিদের সাংবিধানিক স্বীকৃতি থাকবে না?
কেন সরকার সর্বত্র রাষ্ট্রভাষা চালু করবে না?
কেন? কেন? কেন?
কারণ দর্শাও!
কারণ দর্শাও!
কারণ দর্শাও!
কেন?
কেন কারণদর্শানোর নোটিশ জারি করা হবে না?
ধর্মাবতার!
হুজুর।
আপনি আজ্ঞা করলেই–
(আদালত স্বগত) "হও' বললেই হয়ে যাবে?'
ধর্মাবতার! আপনি প্রসন্ন হউন!
রাজা ক্যান্যুটের পরিষদবর্গ
এমন কথা না কি বলেছিলেন–
'ইওর ম্যাজেস্টি!'
ভবদীয় মহিমা!
আপনার অশেষ গরিমা!
আপনার আদেশ সকলেই মান্য করে
নতশিরে।
হীনাদপি হীন ক্ষুদ্রাদপি ক্ষুদ্র
মানুষ প্রকৃতি সকলেই আপনার প্রজা
আপনি আজ্ঞা করলে
বিক্ষুব্ধ সমুদ্র শান্ত হয়।
হুজুর! পরীক্ষা করে দেখবেন?
সমুদ্রতীরে সিংহাসন আনতে আজ্ঞা হোক!
স্মিত হেসে রাজা আজ্ঞা করেন,
'সিংহাসন নয়, একটা চেয়ার
রাখ ওই তটে
ওই চেয়ারে বসেই আমি হুকুম দেব বটে।
হে সমুদ্র! তোমার ক্ষোভ দমন কর।
পারিষদ সমস্বরে বলে,
"রাজাদেশ এখনই পালন কর!"
সমুদ্রের ঢেউ একটু পিছিয়ে গেলেই
পরিষদ সব মাথা নেড়েনেড়ে মুখ চাওয়াচাওয়ি করে।
পরক্ষণেই ঢেউ দ্বিগুণ গর্জন করে ফিরে আসে।
রাজার চেয়ারের পরে আছড়ে পড়ার আগেই
সাবধানী রাজা চেয়ার ছেড়ে গাত্রোত্থান করেন।
এক লাফে ডাঙায় সরে দাঁড়ান।
রাজার প্রস্থান।
হতভম্ব সব পারিষদ
নতমস্তকে পায়ের বুড়ো আঙুল দিয়ে
মাটি খোঁড়ে–
মূক পারিষদরা কামনা করে–
"হে ধরণী! তুমি দ্বিধা হও!"
সেপ্টেম্বর ২০১০
শিক্ষামন্ত্রী সমীপে
এ-পর্যন্ত কটা শিক্ষা কমিটি কমিশন হলো?
শুমার করে লাভ কী?
সরকার বদলালে
পট পাল্টালে
শিক্ষার খোলনলচে পাল্টাবেন না?
ঠিক আছে।
শিক্ষাঙ্গনে রোল-মডেল পাচ্ছেন না?
ওই যাদের আমার চাষা বলি–
তাদের সঙ্গে কিছু কথা বলবেন?
তাদের জিজ্ঞেস করেন
তারা চাষের কাজ কীভাবে করে?
চাষে ধর্মঘট নাই।
চাষে টেন্ডারবাজি নাই।
চাষে ছাত্র-সন্ত্রাস নাই।
সময় কোথায়?
ঠিক সময়ে জমি ঠিক না করলে
ঠিক সময়ে বীজতলা ঠিক না করলে
ঠিক সময়ে চারা না বুনলে
ঠিক সময়ে আগাছা না উপড়ালে
ঠিক সময়ে সার সেচপানি না দিলে
চাষের চারা যাবে কুঁকড়ে
শুকিয়ে হলুদবর্ণ ধারণ করে।
ঠিক সময়ে এর পরে ধান কাটতে হবে।
ঠিক সময়ে ধান মাড়াতে হবে
ঠিক সময়ে ধান গোলায় তুলতে হবে।
এত ঠিক ঠিক সময়ে তফসিল
ঠিক ঠিক মেনে
ঠিক সময়ে ঠিক কাজটা করে
চাষারা আমাদের অন্ন জোগায়।
শিক্ষাঙ্গনে
সময়-সারণী নেই
পাঠ্যপুস্তকের নিশ্চয়তা নেই
শিক্ষকের বেতনের নিশ্চয়তা নেই
লাইব্রেরিতে বই পত্তর নেই
ল্যাবরেটরিতে সাজসরঞ্জাম নেই
নেই নেই নেই।
তার জন্য হাহাকারও নেই।
যাদের আমরা চাষা বলি
তাদের মতো
সব কিছু ঠিক সময়ে
করতে পারলে আর
কমিটি-কমিশন বসাতে হবে না।
মন্ত্রি মহোদয়, চাষার কাছে গিয়ে কি কিছু শিখবেন?
২০ সেপ্টেম্বর ২০১০
ঋজু মানবের শ্রীচরণভরসা
হামাগুড়ি শেষে
যেদিন মানুষ নিজের পায়ের পরে ভর করে দাঁড়ায়
সেদিন তার মাথায় বিদ্যুৎ খেলে যায়।
শরীরে নতুন এনজাইমের জন্ম হয়।
প্রবল মানুষের যে দিন পা কাঁপে
সেদিন তার অস্তপারের যাত্রা শুরু।
দৌর্বল্যে জীর্ণ হয় দেহ।
হাঁটার পথে হাঁসগুলো
তাকে পেছনে ফেলে
প্যাঁকপ্যাঁক করে এগিয়ে যায়।
কুকুরের বাচ্চারা মাকে সাথে করে
মানুষটাকে পেছনে ফেলে এগিয়ে যায়।
সদা সন্ত্রস্ত নেউলের মা বাচ্চাদের নিয়ে
ত্রস্তপদে মানুষটাকে তোয়াক্কা না করে
এগিয়ে যায়।
হামাগুড়ি ছেড়ে যে দাঁড়াতে শিখেছে
সেই শিশুটাও বুড়োকে পেছনে ফেলে
এগিয়ে যায়।
এর পর একদিন মানুষটা পা টানতে না পেরে
সটান শয্যা নেয়।
মনে হয় সে ঘুমিয়ে পড়েছে
লোকে তার এই ঘুম শেষ ঘুম জেনে
তার দু' পায়ের বুড়ো আঙুল দুটো
ফিতে দিয়ে বেঁধে দেয়।
দু' দিকে ছিটকে পড়া পা দুটো যেন
বিদঘুটে বাঁকাত্যাড়া না দেখায়।
৩০ সেপ্টেম্বর ২০১০
মড়িপোড়ার হাসি
ব্রহ্মার পা থেকে সৃষ্ট
সরকারিভাবে নমঃশূদ্র
প্রথাগতভাবে চণ্ডাল
ব্রহ্মার মুখ বাহু বা ঊরু থেকে সৃষ্ট দ্বিজদের
মাথা ফাটালে যে মগজ বের হয়
ক্ষণিকের তরে তা শ্বশানবহ্নি
উসকে দিয়ে মিলিয়ে যায়।
মরা পোড়ানোর কাজ বড়ই ঝকমারি।
মরা পোড়ার গন্ধে নেশা কেটে গেলে
দৌড়ে গিয়ে
ধেনো মদ ঢক ঢক করে গিলে
মিশি দেওয়া সাদা-কালো দাঁত কেলিয়ে
মড়িপোড়া এক গাল হাসে।
সেপ্টেম্বর ২০১০
রামধনুর প্রত্যাশায়
স্বাধীনতা চেয়ে
স্বাধীনতা পেয়েও
স্বাধীন হওয়া গেল না।
চাওয়া ও পাওয়ার মাঝে
হওয়ার একটু সেতু আছে।
তার পেছনে রয়েছে
সেই সেতুর মতোই
আরও বেশি বড়
আরও বেশি সুন্দর
এক সেতু
উজ্জ্বল, সুন্দর, ক্ষণস্থায়ী
এক রামধেনু
তবে কিনা তা মিলিয়ে যায়
দেখতে না দেখতেই।
১৫ ফেব্রুয়ারি ২০১০
সে আমার বন্ধু, বান্ধবী নয়
সে আমার বন্ধু
বান্ধবী নয়।
তফাৎ কী?
ফারাক কী?
বন্ধু ছেড়ে যায় না।
বান্ধবী ছেড়ে যেতে পারে।
আমার আগের বলে কোনো বন্ধু নেই
আমার আগের বলে বান্ধবী আছে,
বলতে পারেন
একাধিক।
১৫ ফেব্রুয়ারি ২০১০
২০০৯
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
