২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২টি কবিতা

সৌম্য দাশগুপ্ত

Published : 09 Jan 2011, 11:10 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

প্রেল্যুড

ছুটেছে নদী ছুটেছে ঘোড়া আলোর পিছে পিছে
আকাশ জুড়ে হঠাৎ শ্যামা সন্ধ্যা জাগরিছে
২০০৯

হাইওয়েয় অ্যাকসিডেন্ট দৃশ্য

ঘুম পেয়ে গিয়েছিল, স্টিয়ারিং-এ মাথাখানি রেখে
সোজা গিয়ে জঙ্গলে মেরেছে
গাছে তার ধাক্কা লেগে মেরিগোল্ড ফুলগুলি দ্যাখে অভিশাপ
বাকল জমাটকৃষ্ণ, লালা আর রক্ত চাপ চাপ

জৈব ক্যামেরায় ধরা কাণ্ডের পাঁজরে ঘন ত্রিমাত্রিক ছবি
চালকের শেষ স্বপ্ন তুলে ধরে গভীর মায়াবী
নিস্ শহরের ছুটি, ফ্রেঞ্চ রিভিয়েরা, জুলি, ব্যতিক্রমী মার্লো, পিনো নোয়া
আকাশে আকাশে মগ্ন মধ্যদিন, জলোচ্ছ্বাস, রৌদ্রময় দীপ্ত সোনাধোয়া

এখনও গড়াচ্ছে উষ্ণ ফেনা, যেই অ্যাম্বুলেন্স ছুটে যায় শান্ত কোণে কোণে
ভয় হতে থাকে মনে, ফিরেছ কি ফের নাই, বুঝিব কেমনে
২০১০

ভূনার নিমন্ত্রণে চার মাস্কেটিয়ার

ভূনার নিমন্ত্রণে তোমরা চার মাস্কেটিয়ার
জাগতিক দায় ভুলে অরেঞ্জ কাউন্টির মতো কোনো
রৌদ্রালোকিত ঘরে চড়ুইয়েয়ের কিচিরে সাজানো
আশ্রয় ভুলে তবে মরমিয়া কোন্ বাংলাদেশে
কি সুর মেলাতে যাও, তোমাদের মেঘবাসা নেই ,
শ্যামল ছায়ায় নেই মুখের আর্দ্রতাভরা কোল,
জটাপ্রপীড়িত এই নগরের দ্বিবিধ ধমনী
তোমাদেরই অপেক্ষায়, কবিবন্ধু, নটবংশজাত?

ভাবো, এই সংকেতের শিথিলতা দেখে নাগরিক
ভদ্রতা রক্ষার জন্য কবচ দরকার ছিল কি না।
তোমাকে প্রবেশপত্র দেবে বলে জুতো পরে যারা
তাদের বৃষ্টিপিতা আজও গ্রামে স্বস্তিবিরহিতে
নতুনধারার দিকে নেমে এল কৌম ইশারায়
ভূনার নিমন্ত্রণে, কাঁচরাপাড়া স্টেশনগাড়িতে।
২০০৯

গ্লোবাল বাংলাকবিতা ও কবিজননীরা

করুণা ম্যাগডালিন গোমেজ, সুব্রত-র মা,
এখন সিডনিতে, তাঁর পুত্র অবশ্য ঢাকাতেই
পাখিতীর্থমেরু নিয়ে সূত্রাপুরে, কবিতার এত
জোর। তনুমধ্যা কোনো জাগতিক লজ্জাবোধ থেকে
মিলনায়তনে যান চায়ের মলিন উৎস থেকে
স্যাকারিনটুকু শুধু খুলে নিতে, যেন খানসেনা
কবিতা-জবাব দেবে দুহাজার দশের দশকে
তার জন্য প্রস্তুতির আদিপর্বে কর্ম-উন্মাদনা।

ওদিকে আমার মা চান, সুবোধের মতো যেন লিখি
সবাই যা বুঝতে পারে, সুব্রতর মা-ও কি তা চান,
জয়দেব বা গৌতমদার মা-ও নেই, কবিজননীরা
সন্তানের কাব্যবোধে প্রত্যাশার আকুতি ছড়ান।
গ্লোবাল বাংলার শিল্পে সহজ, কঠিন শংকা নিয়ে
ঐ দেখ দূরে কোন্ শ্রীব্রাত্য রাইসু হেঁটে যান!
২০০৯

নন্দিনী আর অধ্যাপক

স্কলারলি প্রবন্ধে কোনও ভাবাবেগ থাকা ঠিক নয়
আন্তর্জাতিক এক স্বীকৃত সত্যের ভাষা শিখে
বিজ্ঞান, সমাজ, ধর্ম, লোকাচার, অর্থনীতি, আর্ট
সমস্বরে গড়ে ওঠে প্রকল্পে প্রকল্পে দিকে দিকে।
তারপরও বাংলাভাষা খুলে দেখি পণ্ডিত ও কবি
বুদ্ধিজীবী, চিত্রকর, বিজ্ঞানী ও প্রবন্ধলেখক
স্কলারলি প্রবন্ধে এক ব্যক্তিগত আবেগের লিপি
নথিবদ্ধ করে যান, কল্পনায় মিশে যায় হিয়া।

এ-দোষ কি ভারতীয়, প্রাচ্য তবে যুক্তির পাপিয়া,
হৃদয়কে বৃদ্ধি দেয়, সত্য তবে দৃষ্টির প্রক্রিয়া?
যত হ্রস্ব করি মনোভাব, তত দেখি ক্রিয়াপদে
মধু ও রবীন্দ্রনাথ, লালন আর জারিসারিগান।
দোষ নেই কিছু, ধ্বনি নির্জনে ও জনসমাবেশে
শেষ অবধি ব্যক্তিগত, অধ্যাপকও অভিমানবশে…
২০০৯

প্রজাতি

মাঝে মাঝে আমি এই প্রজাতিকে চিনতে পারি না
আতস কাচের নিচে কম্পমান পাখা পোকাটির

মাথা উঁচু, রোঁয়া নেই, অ্যান্টেনার ইতস্তত নড়া
বিবেকের সঙ্গে যেন সর্বক্ষণ বুদ্ধির বিবাদ

এই প্রজাতির এক কোকূনের ইচ্ছের ভেতর
লালন, শিক্ষা ও চর্চা, সামাজিক উপযাচকতা

আতস কাচের সঙ্গে মিশে থাকা পারার দর্পণ
অভিনিবেশের সঙ্গে সন্তর্পনে ধ্যান দিয়ে দেখি

চিনতেই পারি না, এরা এতদূর বিমূর্ত হয়েছে।
২০০৯

গিজিতাং ঢিকাং শিথাং

১

শিবিরসমুদ্র থেকে হাওয়া বেয়ে ছুটে আসে গিজিতাং ঢিকাং শিথাং
উপত্যকা ভরে আছে রবিবার বিকেলের মতো কোনো দেরি করা ঘুমে
জনকণ্ঠ গুঞ্জরণ, আলতো ওম্, রোদ চড়ে, পর্বতের শীর্ষ থেকে দেখা
সামার স্কুলের ক্যাম্প, মনে হয়, দ্রোণপর্ব, কৌরবের অক্ষৌহিণী সেনা

২

এটা কে? এটা কে? এটা কেউ নয়, বলো তো কোথায়,
বাবা কই? এইখানে? দূর, এ তো নাক, এ তো হাত,
এটাও তো বাবা নয়, বুক, পেট, মুখ, গলা, কাঁধ,
একটাও তো বাবা নয়, বাবা কই, বলো তো রোদ্দুর

৩

গিজিতা ঘিতাং করে লাফ দিয়ে বেড়ে ওঠে মেয়ে
হাসনুহানা ফুল, চোখে সারল্যের যাবতীয় হাসি
মিশেলের সঙ্গে মিশে আফগান, রুবাবে লাহোর,
জেনিফারে ইস্রায়েল, বাকি সব স্থানীয় কাকলি

৪

স্থানীয় কাকলি, শাদা, কালো মেয়ে, হিস্পানিক কেউ,
স্কুল ডিস্ট্রিক্ট থেকে পিটিএ মিটিং-এ ডাক পেয়ে
তাদের ফুল-টাইম মা-রা, তাদের পার্ট-টাইম বাবা-টাবা
জনস্রোতে চলে, মহামানবের সাগরের তীরে

৫

এ-মেয়ে কি প্রকৃতির নিবিড় নিয়ম নিষ্ঠা মেনে
বড়ো হবে অন্যরূপা, যেভাবে ঝুম্পা লাহিড়ির
সমস্ত চরিত্র হয়? কি হতো সে দেশে বড়ো হলে?
পয়ারে তদ্গত চিত্ত মরুতীর্থে, বাংলা কবিতায়?

৬

যেনাহং নামৃতস্যাম্ তেনাহং কিম্ কুর্য্যাম্?
এই ভেবে ভয়ে থাকি, জিন্দেগিতে ছেলে আর মেয়ে
আলোশূন্য হতে পারে, সুতরাং বয়ে নিয়ে আসি
এমনকি হরলিক্সও, যদি, একবার নেচে ওঠে যদি…

৭

অ্যান্ডারা প্যান্ডারা পোঁ, এইভাবে কথা বলো নাকো
সজনী, ডিসি-র থেকে আধঘন্টা মাত্র মেরিল্যান্ড
সাউথে গেলে টেনে টেনে কথা বোলো, তুলো ও তামাকে
ভরা গরমের দেশ, হারিকেন, আর্দ্রতা প্রচুর

৮

তুলো তামাকের দেশ, গরম টিনের চালে ওঠে
নমিত বেড়াল এক, তাকে ঘিরে গড়ে ওঠে দেশ,
নাট্যশালা, ঘেমে নেয়ে অভিনয়, গ্লাস মেনাজরি
এখানে বাংলার গর্ব অন্বেষার গানে বুঁদ টেনেসি সাহেব

৯

ওসামা না, ওবামা সে, ব্যারাক, ব্যারোক নয়, সে তো
১৬শ শতাব্দী থেকে মন্ত্রপড়া ক্লাসিকাল গান
চ্যান্ট করছে গীর্জাগুলি, ভজন, কাওয়ালি, সংগীতের
সমস্ত উৎসের মধ্যে আত্মদান, আকূতি চিহ্নিত

১০

কষ্ট পেয়ে গ্যাছে জলে, ভাসে নৌকো, ডাঙায় বিরোধ
আপাত-নির্বিরোধী ঘরবাড়ি বেচে দিয়ে খুব
তন্ময়তা নিয়ে এক বোট-হাউসে ঝিগিতা গিজোর
পিনো নোয়া নিয়ে মৃদু বসে থাকে, হাসে, বলে, এসো

১১

বলে এসো, আর সব ঝিংকিড়ি চিংকিড়ি ছেলেমেয়ে
ওয়াও ওয়াও বলে তিনতলা বোটের তলে তলে
ডাম শ্যারেড খ্যালে, আর তাসের মশকরা ভেসে ওঠে
যে বোট চালায়, তার মুখে ভাসে শতাব্দীর ক্ষমা

১২

এদিকে তো পরী সব, ওই দিকে পরিকাঠামোরা
একটায় গর্জন করে গাড়ি চলে, অন্যটা ঘিতাং
পক্ষীরাজে পরিপূর্ণ, বলো দেখি, কে যায় কে যায়?
রাণী যায়, দেখ সখি, মাঝে মাঝে শাহরুখও যায়

১৩

আমরাও তো রাজা, রাণী, আমাদেরও স্বপ্নে শাহরুখ
যত না জীবন্ত থাকি, তার থেকেও ঝংকৃত জীবন
মাঝে মাঝে আসি, দেখি তুমি আরো বন্যাপ্রশমিত
এলাকায় গড়ে তোলো বেশি বয়সের ঘরবাড়ি

১৪

ঘরবাড়ি তুলতে তুলতে বিষণ্ন বয়স হয়ে যায়
রিটায়ারি করে ঘরে বৌমা ও নাতি নাতনিদের
নিয়ে আসতে আসতে বায়ু শেষ, আর অন্তহীন বায়ু
ঢিকাং শিথাং করে চলে যায়, পড়ে থাকে মেঘ…
২০০৯

পূর্ণগ্রাস

আঠালো পুকুর। তাতে
ধরাধরি করে ওরা নামালো তোমাকে
ঝাঁপ দেওয়া যেত, কিন্তু ঘনত্ব ও গভীরতা দেখে
দড়িদড়া মেপে শেষে স্থির হলো, নামানোই ভালো
স্বেচ্ছাবনমনে কোনো দ্যুতি নেই চারুলতা নেই
অন্যেরা নামালে তবে ঠিকঠাক নামা বলে লোকে
সারাগায়ে আঠাচিহ্ন নিয়ে
আঁশটে ঘ্রাণ, জল থেকে উঠে তবু তৃষ্ণা নিয়ে মুখে
কোমরে দড়ার দাগ, পাতা, গামছা, ভেষজ সন্ধান
আজ এসে দাঁড়িয়েছো আমার উঠোনে
কী দিয়ে বসতে দিই, গামছা গেল কই
কে আনবে বাজার, আজ পূর্ণগ্রাস, গ্রাম ঠেলে
দল বেঁধে দেখতে গেছে
গ্রীষ্মের কবিরা।
২০০৯

বিভক্তিপ্রেমিক আর মিডিয়ার বিভক্তপ্রেমিকা

কথায় কথায় এই বাঙলাভোলা সুন্দরী মেয়েরা
তে বিভক্তি বলে, আর কান বন্ধ করতে ইচ্ছে হয়
শব্দটা 'আকাশে', ফের 'তে' লাগিয়ে লাঞ্ছনা করার
কি দরকার, ব্যঞ্জনা ও দ্যোতনা তো বদলে যাচ্ছে না
দৃশ্যত সুন্দরী এরা, প্রকৃত প্রস্তাবে শব্দহীনা
ভাষাহীনা পুষ্করিণী; তেজস্ক্রিয় ইন্দ্রিয়প্রভাবে
মিডিয়ার চতুর্দিক অধিকার করে ফেলছে, দ্যাখো,
ফটাফট নিউজ পড়ে, ক্লাসে যায়, ট্রেনিং লাগায়
গান শুনে এমনকি বলে দেয় ইতিবৃত্ত, মানে,
কিন্তু তারা শব্দবোধে অবসন্ন, নিরালোক নারী
কানে যে আলাপ শুনলে বুকে জাগে বর্ষাঘনঘোর
সে সুর বোঝে না, খালি হি হি করে। নিভৃতে ডাকিয়া
উহাদের বলি, জানো, নৌকোর গলুই বেয়ে আসে
কৃষ্ণা প্রতিপদ? দেখি জলচ্ছবি প্রতিবিম্বহীন…
২০০৯

চর্যাগীতিকা

১

চিত্তশুদ্ধির জন্য এই গান; হে বোধিচিত্তের চক্রক্রম,
আমাকে সম্ভোগ-বৃত্তে স্থান দাও; বত্তিরিশ শিরা ধারণ হোক,
ললনা-রসনার বোধের দ্বৈততা শূন্যবোধ থেকে ত্রাণ করুক,
সিদ্ধ-সিদ্ধারা অবধূতির ব্যূহে ঝলকে এনে দিক প্রভাস্বর,
আগুন তুলে নিক সৌরকেন্দ্ররা, সাধনা হবে আজ সহজযান,
তত্ত্বগতভাবে বিশ্লেষণ নয়, আমাকে, হে পাঠক, বোধ করো ॥

২

এ-কথাগুলি তাঁর ব্যাখ্যাসূত্রমে শ্রীমুনিদত্ত আউড়েছেন,
এ-সংসারে সব প্রতিফলন, তার আসল আছে কিনা ভাবতে হয়;
নিঃস্ব-ভাব আর শূন্যতাকে করো আবিষ্কার, এটা আরাধ্য।
বিজ্ঞেয় আর বিজ্ঞানের কোনো অপারমার্থিক অস্তি নেই ॥

৩

আমরা তান্ত্রিক মতবাদের কথা তিব্বতের ভাষে ধ্যান করে
নির্বাণের এই অসংবদ্ধতা পারমিতার মতো জ্ঞান করি।
শৌরসেনী খড়ী, অবধী বজ্রী ও অর্ধমাগধীর প্রাকৃতরস
আদিভাষার এই ক্রমবিবর্তন শিলালিপির মতো ঝুলে পড়ে।
প্রভৃতি ইত্যাদি প্রশ্ন পেলে আমি মাংসসুদ্ধ তা কামড়ে খাই,
নিবৃত্তির কথা বলুন তথাগত, তরুণ কবিরা তা শুনতে চান ॥

৪

সংজ্ঞা, সংস্কার, বেদনা, রূপ আর বিজ্ঞানের এই পঞ্চকাঁধ
পাঠশালায় আর বিদ্যাভবনের কেন্দ্রে কেন্দ্রে ছড়িয়ে দাও,
কার্যকারণের তত্ত্ব জানো, তারা অবিদ্যায় ভর, স্থূলায়তন,
ষড়ায়তন, ভব, স্পর্শ, বেদনা ও তৃষ্ণা উপাদান ত্যাগ করো,
বারো অবস্থায় আবর্তিত হও, জন্ম জরা ব্যাপী মৃত্যুতে,
অন্ত নেই এই পরিক্রমণের, আমাকে জ্ঞানসুধা দান করো ॥

৫

দেশটি শূন্যের, তেরোটি পর্বের, এখানে মন আর ইন্দ্রিয়
অন্ধ ক'রে রাখে অজানা দশদিক, ঈশান কোণ তাকে মন্ত্র দেয়,
ভাব হ'ল না আর, অভাবও যায় না, কে এমন সংবোধে প্রত্যয়ী
মূর্খ, বিজ্ঞান ত্রিধাতুবিলসিত, বর্ণ, চিহ্ন ও রূপের ভর ॥

৬

জলে যে-ছায়া পড়ে সে চাঁদ সত্য কি, মিথ্যে নয়, এটা অসম্ভব।
যা নিয়ে আছি তার করুণামেঘগুলি শহরতর্জনী পাক মারে।
ঘোরে সে, ঘুরে চলে, কি অতিকায় এই বলয়, ব্যাসখানি সংখ্যাহীন,
অনুৎপন্ন-এ জগৎ আদিযুগ, বৃহস্পতি শোনে, ঘাড় নাড়ে ॥

৭

আমিই নেই আর ভয়ের কথা বলো, মনোগোচর তা, ইন্দ্রজাল,
কমল-কুলিশের মিত্রতায় হ'ল চণ্ডালীর ঘর হিরণ্নয়।
স্বপ্নে প্রতিভাস বিম্ব যা, এই অন্তরালে মোহ তেমনই ভার,
সহজ-মহাতরু স্ফূরিত এ-ত্রিলোকে শূন্যে শূন্যতা মিলিত হয় ॥

৮

এই যে ইতিহাস রচনা হ'ল তার সময়সারণীটি লুপ্তদেশ
রওনা হয়েছেন, আমিও সাথে তার পৌঁছে যেতে পারি বৃশ্চিকে,
তোমরা যারা এই গীতিকা শুনলে, আঙুলে এক ফোঁটা ধান নিয়ো,
শূন্যে ছুঁড়ে দিয়ো, শূন্য, বজ্র, সর্বলোক এতে জারিত হয়।
পিতাকে বোলো আর মাতাকে গান কোরো, শিশুটি যেন একে জ্ঞান করে,
প্রজাতি, জাতি, দেশ-মহাদেশের পরে সমূহ জেগে ওঠে কন্টিনেন্ট,
বসুন্ধরা থেকে এ-ধ্বনি পার হোক লহমাদূর কোনো প্রাণগ্রহে,
এই যে গান হ'ল, একে ধারণ ক'রে, আমাকে, হে পাঠক, বোধ করো ॥
১৯৯০

ক্লাসিক হিরোর পণ্যদোষ

এরও পরে অন্যতর আলো দেখে জোনাকির মতো
চলে যাবে তদুদ্দেশে বিবর্ধিত কড়িমহিমায়

দূরাদয়শ্চক্র তমালগহন বনচ্ছায়ে
দেখবে না সিম্ফনি, তুমি দোকানে দোকানে পণ্যরত

সাজানো বাগান কিনবে বেছেবুছে, নেটে, এ-জীবন
মুহূর্তের, ভোগ করো, দৃশ্য ও শ্রুতির ভার নিয়ে

কী হবে সাগ্নিক, তুমি পেটভরা ক্ষুধামান্দ্যে ক্ষীণ
খাণ্ডবদাহনপর্বে এসেছিলে বস্তুভারহীন

বিশ্বে এক, প্রশ্ন তোলো কৌরবের, পাণ্ডবের, কারো
চলমান মুঠিফোন ছিল না, নইলে হতো তারও

পণ্যদোষ। বাজারের শক্তি দেখ, ক্লাসিক হিরোর
মানসে তো বহ্নিমান প্রযুক্তির লোভন ছিল না

থাকলে দেখা যেত, যীশু, জরাথুষ্ট্র, কৃষ্ণ, মহাবীর
চরিত্র ঠিকঠাক রাখতে ই-মার্কেটে মূর্তিবৎ স্থির …
২০০৭

খেশকুটের সঙ্গে

অন্য কারো সঙ্গে বেশি হেসে হেসে কথা বলবে না
বিশ্বফ্লার্ট, তুমি যদি না জেনেও মৃদু কথা বলো,
ওরা বড্ডো আশকারা পায়, ওরা মুগ্ধ হয়ে যায়
অতটুকু মেয়ে, ওরা অত কি কথার কথা বলে,
তোমার কি আক্কেল নেই, সারাদিন মেসেঞ্জারে বসে
খুটখুট করে যতো আতামেয়ে তোতামেয়ে নিয়ে
বিভব ছড়িয়ে যাচ্ছো মধুময় সতেরোহাজার
মাইল জুড়ে, গান টানও রেকর্ড করেছো শুনতে পাই!

আজ কী রঙের জামা পরেছো, জানতাম, সেই কালো
খবর্দার, ব্লন্ড মেয়েটা মুহূর্তেও পেছনে তাকালে
হেসে হেসে হাই বোলোনা, সেকি, না বলেই চলে গেলে,
বলেছি না, বাথরুমেও যাবে নাকো সম্মতি না পেলে
আমি তো কেউ না, আমি খেশকুটে, মহিলার রোল
আমাকে প্রদ্যুম্নচিত্তে মানাবেনা, আমি তো পাগল
ফুঁপিয়ে কাঁদছিনা, ওটা মেয়ে, ছোটো, ঘুমিয়ে পড়েছে,
সেই গানটা গাও বরং, আমি যে বেসেছি তারে ভালো…
২০০৫
shoumyo@yahoo.com
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts