২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভাই একগাদা জরুরি স্বর্গীয় প্রুফ দেখতে চলে গেলেন

আহমাদ মাযহার আহমাদ মাযহার

Published : 05 Aug 2021, 07:41 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM


গ্রীন রোডের গাছপালা ঘেরা বাড়িটির
গেটে দাঁড়িয়ে
'মান্নান ভাই মান্নান ভাই' বলে
জোরে জোরে কয়েকবার ডাকলে

বর্ণাঢ্য চেকশার্টে একটা হাত গলাতে গলাতে
দোতলার বারান্দায় একবার উঁকি দিয়ে
নেমে আসেন তিনি।

গ্রীন রোডের ভোজন বিলাস রেস্তোরাঁয়
নিয়ে যান আমাকে
তাঁর প্রিয় মিষ্টি বালুশাই খাওয়াবেন বলে!

হাসতে হাসতে বলেন,
আপনারা তো খুঁজেও পাবেন না,
এখনো ব্যগভর্তি নক্ষত্র নিয়েই আমার কারবার!

ম্লানচোখে ধুতি-পাঞ্জাবি পরা জীবনানন্দ
নিজেই আমাকে দেখিয়ে দেন সব নক্ষত্রের উৎস!

প্রাণখোলা অট্টহাসি তুলে তারপর বলেন,
ব্যগভর্তি জীবনান্দের নক্ষত্র নিয়ে
ঘুরলেই তো কেবল চলবে না,
নজরুলের ধূমকেতুরওতো খবর রাখা চাই!

এর গুরুত্ব আপনারা আর কী বুঝবেন,
জন্ম যে আমার তাঁর বাড়ির কাছেই!

তারপর জানালেন,
স্বর্গ থেকে রবীন্দ্রনাথ বলেছেন তাঁকে,
'তোরা আমাকে দিয়েছিস আরেক জীবন!'

এখনো সালভাদর দালি তাঁর চোখে এঁকে চলেন
উড্ডীন মেঘভর্তি আকাশ!
পিকাসোও নেমে আসেন তাঁর আঙুলে
ব্লু-পিরিয়ডের ফর্ম হয়ে!

মৃদু হেসে মান্নান ভাই বলেন,
আপনারা যাঁকে পাত্তাই দিলেন না,
সেই শাহাদাৎ হোসেনও
আমাকে এখনো পাঠান স্বর্গীয় 'মরুর কুসুম'!

মানে বুঝলেন তো,
যার যা প্রাপ্য তাকে তার থেকে বঞ্চিত করা ঠিক নয়!

লোক তো চিনলেন না–
আমাকে এখনো ঘিরে থাকেন
রোকেয়া, সুধীন্দ্রনাথ, মানিক, ওয়ালীউল্লাহ, ফররুখ
কিংবা শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী
অথবা
শহীদুল জহিরেরা!

আমি বসেছিলাম গ্রীনরোডের
ভোজন বিলাস রেস্তোরাঁয়,
তাঁর আপ্যায়িত বালুশাই সামনে নিয়ে;

তারপর দেখলাম আমাকে আর কিচ্ছুটি না বলে
হঠাৎ বেরিয়ে গেলেন!

কী জানি তাঁর সিথানে পড়ে-থাকা
একগাদা জরুরি স্বর্গীয় প্রুফ দেখতে হবে বলে
ছুটে গেলেন কিনা!