অসীম ইশতিয়াকের ৮ টি কবিতা
মাছরাঙা ও কাছিমের গাথা
রাজকন্যাকে মাছরাঙা ভাবা হয়
সে রঙিন সুখের জন্মজাত, আমাদের মর্যাদার স্কেল।
কাছিম হলো দুখীদের ঈশ্বর
খুবই শ্লথ, সাদাকালো আর আটপৌরে।
কাছিম বলতে একটা ঢাউস পাহাড় কিংবা জঞ্জাল ভাবুন।
কখনও ভাববেন না পায়ের নিচে লুকিয়ে থাকা ঘাস
প্রতিটি রাজকন্যা হত্যার পর একটি কাছিমের জন্ম হয়
আমাদের কাছিম ও রাজকন্যারা হলো রূপক
এদের কোনো প্রয়োজন নেই।
.
একজন দোতারা বাদককে আপনারা গ্ল্যাডিয়েটর বানালেন
আর খেলতে দিলেন সাপলুডু; হাস্যকর।
সুফিদের আয়না
প্রিয় সুফির সঙ্গে সমতালে নৃত্যে মেতে থাকা চাঁদ, তোমার শক্তি সঞ্চয় হতে আর কতো সময় লাগবে? বৃদ্ধ সিংহ মরেছে অনেক আগেই। গুহাতে প্রদীপ জ্বালানো হয়েছে তাও বহুকাল আগে। শিকারের আইন একই রয়ে গেছে। গোত্রপিতার মতো মহান কোন নেকড়ে তার ঔদার্য ছড়িয়েছে বহু আকাশে, সাদা ফুলের মতোই। আর তোমার হিংস্রতার ঠিকানা হয়েছে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা। পৃথিবীর জৌলুস আরও উজ্জ্বল হয়েছে। পাখিদের ভাষা বুঝে নিতে কবিগণ হয়েছে আরও ক্লান্ত। কোথাও শান্তি নেই; নেই প্রেমিকাদের বুকে বা সন্তানদের মুখে। এই তো নিষ্পাপ অভিশাপ। এর পরিণতি হলো নিজেকে মহান ঘোষণা করা, সকলে এবার বশ্যতা স্বীকার করুক। একেই বলে রাজা হয়ে ওঠা।
.
পৃথিবীর প্রাচীনতম মমতাসমূহে মিশে আছে বিষ। তোমার সুফলা সময়ে কেউ তোমাকে মেরে ফেলতে পারে এবং খুন হবার পর তার পরিচয় পাওয়া যাবে সে তোমার বন্ধু ছিল। এখন তোমার শহরের রাজকীয় পদধারী।
.
বেলুনের মতো কিছুটা বাতাস তোমার প্রাণের কাছে বলবে তুমি শক্তিশালী হয়ে ওঠো, রাজা হয়ে ওঠো। রাজা হবার পথটা সহজ। কানের কাছে কোকিলের গান বলে যাবে জাহাজের ব্যাবসার খোঁজ। তুমি হয়ে উঠবে পুঁজিপতি। বেড়ালের ঘ্রাণ শক্তির মতো আদুরে অবিশ্বাস তোমাকে বজ্রপাতের মতোই নিখুঁত কারিগর বানিয়ে নেবে। যুদ্ধের ময়দানে তুমি ফিরে পাবে অপার কোনো মরমী সঙ্গীত।
নক্ষত্রকুমির
হা হা করে হাসতে থাকো আর উপভোগ করতে থাকো নিজেকে। যা কিছু মনে আসে করো। তোমার উপভোগ্যতা, পাগলামী প্রাচীন জ্ঞান বিকাশের মতো মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবে। কী আর মেনে নেয়না সমাজ? সবইতো নেয়। কী এক সুমহান ইলাস্টিসিটি নিয়ে টিকে আছে সে। আছে মদ, জুয়া, অভিশাপ আর ক্ষমতার গান।
.
সময়ের অজস্র ত্রাসে তুমি হয়ে উঠবে নক্ষত্রকুমির। এ যেন ঘনায়িত চাপ বা অমূলক সংখ্যা নির্ণয়। কী-ই বা চাও তুমি? ক্ষমতা, স্বচ্ছলতা! এভাবে ভাবতে থাকার পর মানুষই তোমার স্বপ্নসাইকেল থেকে খুলে নিয়েছে চাকা। এই সরল অংকে পড়ে আছে অনাদি জীবন। স্বপ্নে পাখা গজালে তুমি ক্লান্তিতে ভর দিয়ে ওড়ো।
.
নিস্ফলা আকাশ, বেবুনবৃক্ষের মতো অনাদি স্মৃতিচিহ্নসমেত শান্ত সমাধিস্থ কবর আমাদের যন্ত্রনাখন্ড। ভেসে থাকো মহাকালে সুফিদের জ্ঞান আর প্রেমরস নিয়ে। বাজারে যাও; চাল কিনো। ডাক্তারের কাছে যাও, বাসনা জিইয়ে রাখ, যেন আশ্চর্যকে মেনে নিয়েছো।
.
মানুষের চারপাশে কাকদের কা কা, নৌকার চলাচল আর ছোটগল্প থেকে বেঁচে ফেরা তরকারি বিক্রেতার হরেক পসরায় তোমার ক্লান্তির ঘা। অতৃপ্ত আত্মার মতো সবখানে বিতাড়িত হতে গিয়ে তুমি প্রাণ নিয়ে এক জটিল অঙ্ক উপহার পাবে। নিমগাছে বসে থাকা ঘুঘুদের দেখ। আরোগ্য সাড়াতে নয়, তোমাকে আরও বিভ্রান্ত করতে পাশেই উড়বে হলুদ প্রজাপতি, লাল পিঁপড়া আর কালো পিঁপড়ারা। সময়ের গভীর ক্ষত হতে তুমি শুধু দুর্গন্ধ পাবে গলিত শবের।
গয়নার শহর
গয়নার শহরে বেড়াতে যাব একদিন
অবদমন ভেঙে ভোগী হব।
রোমাঞ্চিত হব
আমাদের কল্পনার স্বর্গে লীলা বেদেদের সাপকে পোষ মানানোর মতো করে।
অনভ্যাসে যে চাপা পড়া ঘাস নিজের রং হারায়
তাকে নিয়ে যাব গয়নার শহরে।
কুকুরের পেটে যেমন ঘি হজম হয়না
তেমন করে রয়ে যাব গয়নার শহরে…
.
উত্তেজনা মরে যাবার আগে আমার চোখ একবার হৃদস্পন্দের চাপে ফেটে পড়ুক।
বুঝতে চাই যে, গয়নার শহরকে আমি অধিকার করতে পারলাম।
ইক্ষুর ছোবলা যেমন যাতাকলে সাদা হয়েছে তেমনই আমার জয়ী হবার স্পৃহা।
.
এটা গয়নার শহর
শিশুদের আর বৃদ্ধদের কোনো স্থান নেই
খনি শ্রমিকের হৃদয়ই এখানে অসীম আকাশ।
প্রক্ষালিত তামাশা
সে বাম পাঁজরের হাড় খুললো, মাটিতে সজোরে পুঁতলো এবং অভিশাপ দিল। বিযুক্ত গোলাপ কেবল খসে যাওয়া পাপড়ির সমাবেশ। সে জানতে পারে গোপনে কালো-যাদুবিদ্যা ফলানো পুরুষ অন্ধকারেও দেখতে পায় সমুদ্র কেবল একটি পাখি। সত্যপাখির কখনো ডানা গজায় না, তাই সে দেখেনা কঙ্কাল-মুক্ত আকাশ। আকাশের বিশাল বপু প্রক্ষালিত তামাশা। মরিয়ম জেনেছে নিস্তব্ধ গর্ভে সে জন্মায়নি আপেল, সে এক পা-শূন্য পৃথিবীর হাসি যাকে সময় জ্ঞান করা যায়।
.
ব্যাপক ডামাডোলে ড্যাম্পিং অফের মতো পঁচে আসছে রজঃস্বিনী কিংবা একটি পূর্ণাঙ্গ দানা পরিণত হচ্ছে ধুলায়। কেবল বাতাসে তার মৃত্যু পুনরায় ঘুরে আসবে সূর্যের তাপে সমুদ্রপৃষ্ঠ হতে পর্বত ছুঁয়ে। আমার শরীরজুড়ে বিবর্তনের ধাতব চাকু গজাচ্ছে। মস্তিস্কে যে পাখিটি আকাশের স্বপ্নে বিভোর থেকে করোটিতেই সীমাবদ্ধ রইল, সে মহাকালেরই অংশ শুধু, আকাশচারী নয়। তার না জন্মানো সন্তানসকল পালিত হচ্ছে অসমাপ্ত পিতার সহিত।
.
কেবল দৌড়বিদদের কেউ কেউ জানতে পারে ডুবুরিদের কথা। ডুবুরিরা জানতে পারে অসমাপ্ত পাখিদের উড়বার কল্পিত অঞ্চল। কম্পাস হাতে নিয়ে বহুকাল জ্যামিতিবক্সে ঘুমিয়ে আছে আমাদের উড়বার রূপকথা…
সুফিদের নরবলী উৎসবে
নরবলি শব্দটা আর শঙ্খের আওয়াজ জমজ জন্মেছে। আর পশুহত্যার সঙ্গে জন্মেছে লালজবা। আমার বেশ আরাম আর হাহাকার আছে। দূরে ভাসে এক অনবদ্য যাত্রার মুখ। বিশৃংখলা ঘিরে রাখে। সমস্ত শব্দটার মতো নিঃসঙ্গতার সঙ্গে খরস্রোতা নদী সাঁতরে পার হওয়া হয়না। সুফিদের মতো গোলকধাঁধা। মরুতে বালুঘড়ি। সেখানে হয় পা-হীন নৃত্য। সে সুরে এক নিস্ফল আছে। বৃষ্টিবৃক্ষের পাশেও আছে কল-বেল। আমার মিস্টি তেতুলগাছের ছায়ায় আশ্রয় মেলে এক দানব আত্মার।
.
সজনের ছোট্ট পাতাগুলাকে বাতাসে ঘুরতে দেখি। বেড়ালের মতো তপস্যা, পিঁপড়ার মতো নিষ্ঠায় রোদ মেঘ আর আমাদের গানের দল। বেঁচে আছে সবুজ মাঠের পাশে শরতের দোল। আর কড়াল সময়ের পিপাসা মেটাতে নাচতে থাকি শূন্য।
.
আমি সুফি। আমার মুখ ও পা নেই। বেদম বাতাসে আমি আশ্চর্য ঘূর্ণন।
নিমগাছ
নিমগাছটার পাতা গুনতে গুনতে মুখস্ত হয়ে যাচ্ছিল
এতোটা নিরূপায় সময়।
শিশুটিকে মা ভাত খাওয়াতে গিয়ে সহাস্যে তোমাকে ইঙ্গিত করে বলেছিল- 'বাবা দেখ, পাগল…'
এইসব গার্হস্থ অর্থনীতি তখনই শেখা হয় তোমার–
শিশুরা পাগল ভালোবাসে কিনা
নারীরা পাগল ভালোবাসে কিনা
.
লাল দেয়ালটার সৌন্দর্য তোমার মনে আছে!
এইসব ইঙ্গিতের উত্তর কি তুমি দিতে পারছো কবি?
হ্যাঁ, তোমার সিলেবাসটা বদলে গিয়েছিল তারপর।
তুমি জেনেছ মানুষ নিরাকার নয়
প্রেম নিরাকার নয়
পৃথিবীর দেশে কোথাও পাগল নেই
শুধু গারদ পড়ে আছে।
.
নীল একটা গাড়িতে উঠে এবার গল্ফ খেলতে যাও
শিশু আর নারীদের প্রিয় হয়ে ওঠো।
অচল গাড়ি
স্বয়ংক্রিয় কিছুই হয়না
ফুটবলটাতেও লাথি মারতে হয়
শুধু পরিপক্ক গম ক্ষেতে
সূর্য ডুবার সময়
ইঁদুরকে অনিষ্টকারী লাগে।
.
আমার প্রয়োজন
রক্ত ও মাংসের ককটেল
আর একটা অচল গাড়ি
যেখানে দ্বন্দ্বের সমাপ্তি।
