২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামালউদ্দিন নীলু: মধ্যরাতের আকাশ

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 21 Jul 2021, 02:41 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


জন্মের সময় আমরা যখন কেঁদে উঠি,
তখনি কেবল বুঝতে পারি, অনন্তর-
আমাদের অনুপ্রবেশ ঘটলো,
ভাঁড়দের রঙ্গমঞ্চে।
তারপর বয়স বাড়তে শুরু করে,
বাড়তে বাড়তে কোনো একদিন-
হয়ে পড়ে শামুকের মতোই,
লতানো শুকশিমা।

বয়স বেড়ে গেলে,
ঈগলের পালকও খসে পড়ে,
বৃদ্ধরা হয়ে পড়ে দুর্বল, পলকা।
সুন্দরী বৃদ্ধাদেরও-
চুল পড়ে যায়, দাঁত পড়ে যায়,
ঠিক যেমনটি বয়স বাড়তে, বাড়তে-
কৃপণের হাতটা শুকিয়ে যায়,
প্রায় ঠিক তেমনটি!
দাঁত বিবর্ণ, চোখ বয়সজীর্ণ, মরিচা-ধরা স্বাদ-
দেহের সবকিছু ছাতারোগগ্রস্ত।

বুড়া হবার ভয়ে,
আমি এখন ভীত, আতঙ্কিত,
হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ছে,
আত্মা হয়ে পড়ছে জলশূন্য।

আহ যৌবন, ওহ যৌবন-
ফিরে এসো,
ফিরে এসো যৌবন!
নবীন যৌবন, আবার যদি আসো ফিরে-
আমি হবো মোগল সম্রাট আকবর,
বিলীন হবো নিজের সত্তায়।
আমার ভালোবাসার সাম্রাজ্যে
তোমার সকল কামনা বাসনাকে আমি কেড়ে নিয়ে
শোভিত হবো তোমার শোভায়।
তোমার কেশ ঝুলন হয়ে
দোলা দিক-
আমারই মধ্যরাতের আকাশ।