২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাসির আহমেদ: মেঘের মিছিলে ও কবিতার চিত্রকলা

নাসির আহমেদ

Published : 05 Jul 2021, 02:32 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

কবিতার চিত্রকলা

সূর্য ধরেছে কুয়াশার ক্যানভাসে তার মহা-ভৈবব ছবি
লিখছো কবিতা ,অথচ প্রণতি করোনি মহান কবি-সূর্যের!
পংক্তির ফাঁকে ঠিকরে পড়েছে রংধনু থেকে কী যে শৈল্পিক রঙের দ্যেতনা! তুমি তা দেখ না।

রঙের আড়ালে রং মিশে থাকে, এই সত্য তো সূর্যে পেয়েছি
মৌলিক রং মিশে হয়ে যায় অন্য আরেক রং।
সবুজে হলুদ মিশিয়ে তোমাকে রচনা করেছি বিষন্ন নীল
তুমি তা জানো না!জানে শুধু সেই চিত্রী ছুঁয়েছো হৃদয়টা যার।

আমি বিস্ময়ে ভাবছি তোমাকে এবং আলোর বর্ণ বিভায় উজ্জ্বল সেই "দাশকবি" –যিনি বাংলার মুখ দেখেছেন তার শব্দের রঙে সাদা ক্যানভাসে।
তুমি সেই কবি রং নিয়ে খেলো,কী দুঃসাহস ব্যাকরণহীন!


মেঘের মিছিলে

হাজার হাজার মেঘ বেরিয়ে পড়েছে অকস্মাৎ
ঈশান কোণের ঘনকালো সেই থমথমে মেঘ
হঠাৎ আকাশ জুড়ে ঝড়ের বদলে শুধু ছড়িয়ে দিয়েছে
রাশি রাশি অস্থিরতা, তারই চাপে কাঁপছে মাটিও।

কালোমেঘ, সাদামেঘ, ধূসর ছাইরং মেঘ
এবং সুনীল স্বচ্ছ রকমারি কত মেঘ ভাসছে আকাশে!
দিনভর বৃষ্টি হলে হাজার হাজার ছাতা যেরকম নেমে
পড়ে শহরে-নগরে।আকাশে এখন সেই ছবি!

কালোমেঘ ধাক্কা খেয়ে সরে যায় সাদামেঘ কনুই বাড়ালে,
যেন কোন বর্ণবাদী সন্ত্রাসে আকাশ কাঁপে আজ।
নীলমেঘ উদাসীন ভঙ্গিতে যাচ্ছিল ভেসে,তাকে ধাক্কা মেরে
ধূসর ছাইরং-মেঘ জানিয়ে দিয়েছে তার অধিকার আগে!

এতোকাল জানা ছিল প্রকৃতি সমাজতন্ত্রে আস্থা রেখে চলে,
লক্ষ লক্ষ নক্ষত্রের সম্রাট সূর্যের কাছে,সম্রাজ্ঞী চাঁদের কাছে
কারো কোনো দায় শোধ করতে হয় না কোনদিন।
তারা মহাশূন্য জুড়ে সৌরলোকে নির্ঝঞ্ঝাট জীবন কাটায়।

ধারণায় ভুল ছিল মেঘের সংঘাত দেখে বুঝে গেছি আজ
কেন অগ্নিচক্ষু বাজ ধমকে কাঁপায় মাটি সামন্ত-স্বভাবে!